ঐতিহ্য, আদব ও আধ্যাত্মিকতার আলোকে মিউজিক

বিসমিল্লাহ,

আমাদের বর্তমান কালচারাল ট্রেন্ডগুলো মিউজিককে মূলত বিনোদন এবং উপভোগের একটি বিষয় হিসেবে দেখে থাকে। বাজনার বিট যত দ্রুত হয়, গানের কথাগুলো যত গুরুতর হয়, ততই যেনো শ্রোতারা আমোদিত হন এবং তাদের সংগীত অভিজ্ঞতা উপভোগ করেন। কিন্তু সর্বাধিক জোরে উচ্চারিত এই আওয়াজ আর শব্দের সাথে সাথে মানব রূহেও আসে গভীর শূন্যতা। একজন মুসলিম শ্রোতা তাই স্বাভাবিকভাবেই তার ঈমান ও মিউজিকের মধ্যকার সম্পর্ক আসলে কীরূপ, সেই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন।

আজকের দিনে ‘ইসলাম ও মিউজিক’ নিয়ে সবচেয়ে সাধারণ যেই দুটি চিন্তা আমরা দেখতে পাই, দুটিই হলো প্রান্তিক। একদল শুধু মিউজিকের অপপ্রয়োগ/ভুলপ্রয়োগ দেখতে পান এবং সম্পূর্ণরূপে মিউজিককে পরিহার করেন। আরেকদল যেকোনো ধরণের মিউজিককে অনুমোদন দেন যতক্ষণ সেটার গায়ে ‘হালাল’ ট্যাগ থাকে, দ্বীনের পরিভাষাগুলোকে এভাবে ইচ্ছেমতো কপি-পেস্ট করে যেকোনো মিউজিকের উপর বসিয়ে দিলেই সেটা হালাল হয়ে যাবে, সেই মিউজিকের ধরণ যেমনই হোক না কেনো, বিষয়টা যেনো এমন কিছু! কিন্তু তারপরেও ইসলামী সভ্যতার শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বৈচিত্র্যময় সুর ও মিউজিকের যেই প্রতিধ্বনি আজো আমরা শুনতে পাই, তা আমাদেরকে তৃতীয় আরেকটি রাস্তায় নিয়ে যায়; সেই মিউজিকের সন্ধানে, যা প্রামাণিকভাবেই ইসলামী। এই সন্ধানের উদ্যোগ মোটেও সহজ নয়। এরজন্য সিলসিলাগতভাবে যেই মিউজিক্যাল ঐতিহ্য আমাদের নিকট পৌঁছেছে, সেটার সাথে আমাদের অন্তর্নিহিত সম্পর্ককে যেমন মজবুতভাবে গড়তে হবে তেমনি মানবহৃদয়ের সবচেয়ে গভীর রহস্যগুলোর সামনে আমাদের রূহকে উন্মোচিত করতে হবে।

 

ইসলামী সাউন্ডস্কেপের কেন্দ্রে রয়েছে ‘পবিত্র কুরআন তিলাওয়াত’, যা মিউজিক হিসেবে বিবেচিত না হলেও সন্দেহাতীতভাবেই মিউজিক্যাল একটি বিষয়। আজান এবং এর সাথে সাথে পবিত্র কুরআনের সুর ও ছন্দ শতাব্দীকাল ধরেই মুসলিমদের রূহে রেখে গেছে এক অমোচনীয় ছাপ, একইসাথে এটি মিউজিক্যাল ট্র্যাডিশন এবং কবিতার ধারাগুলোকেও গভীরভাবে প্রভাবিত করেছে। কুরআন অনেকগুলো মিউজিক্যাল ধারাতেই প্রতিধ্বনিত হয়, নবী করীম (সাঃ) এর প্রশংসাতে গাওয়া নাতে, আল্লাহর নিকট চাওয়া দোয়াতে, সমবেত যিকিরের মাহফিলে কিংবা সূফীদের দরগাহ-খানকাতে।

যাইহোক, মরক্কো থেকে ইন্দোনেশিয়া এবং উত্তর আফ্রিকা থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিদ্যমান এই বৈচিত্র্যময় ঐতিহ্য আমাদের দেখায় যে মিউজিক ইসলামী হওয়ার জন্য দৃশ্যমানভাবে সুস্পষ্ট কুরআনিক হতে হবে এমনটা জরুরী নয়। ট্র্যাডিশনাল ইসলামী মিউজিক আরবীয় মুওয়াশশাহ ও কাসীদা, ভারতীয় উপমহাদেশের কাওয়ালী ও কাফী, পারস্যের দাস্তাঘ, তুর্কির মাকাম মিউজিকসহ আরো অসংখ্য অঞ্চলের লোকঐতিহ্যকে, এগুলোর সুর এবং প্রভাবের বহুমাত্রিকতাকে পরিবেষ্টন করেই গড়ে উঠেছে। এই বহুবিধ ভিন্নতা সত্ত্বেও সকল অঞ্চলের ইসলামী মিউজিক তাওহীদ বা আল্লাহর একত্ববাদকেই প্রতিফলিত করে। ট্র্যাডিশনাল ইসলামী মিউজিক এমন এক পরিবেশ সৃষ্টি করে যা মূলত তাওহীদী; আল্লাহ রাব্বুল আলামীনের সামগ্রিকতা, অবিনশ্বরতার সাথে যেই ফিতরাতের উপর আমরা সৃষ্টি হয়েছি সেই ঐকতানকে একত্রিত করে আমাদেরকে আবারো ফিতরাতমুখী হওয়ার ব্যাপারে ধারাবাহিকভাবে স্মরণ করিয়ে দেয়। যদিও বিভিন্ন ধরণের ইসলামী মিউজিকে এই অনুভুতির বা ভাবের প্রকাশ এবং প্রবলতা কমবেশি হয়, তবে জান্নাতের চিরায়ত খুশবুর ন্যায় এটি সবসময়ই বিদ্যমান থাকে। স্পষ্টভাবে কোনো ধর্মীয় থিম বা উপাদানের উল্লেখ ব্যতীতই এই বৈশিষ্ট্য ইসলামী মিউজিকে থাকে, যেমনটা আমরা অনেক জায়গার ইসলামী লোকঐতিহ্যে দেখতে পাই; যেখানে প্রেমিকের হৃদয়ের ব্যাকুল কাতরতা তার প্রেমাস্পদকে প্রায় ঐশ্বরিক মর্যাদায় অধিষ্ঠিত করে এবং আমরা যারা এগুলো বুঝতে পারি তা আমাদেরকে খোদার কথা এবং সেই প্রকৃত ভালোবাসার (ইশক) কথাই স্মরণ করিয়ে দেয়।

    

ঐতিহ্যবাহী ইসলামী মিউজিকের যে আধ্যাত্মিক ও বাহ্যিক রূপ রয়েছে সেটা অনুবিদ্ধ রয়েছে সুরের মধ্যে, এমন স্কেল বা মাত্রায় যা ক্ষুদ্রাতিক্ষুদ্র ধ্বনির উঠানামার মাধ্যমে বিপুল অভিব্যক্তিক সম্ভাবনাকে কাজে লাগায় এবং এমন স্বর ব্যবহার করে যা পাশ্চাত্য সঙ্গীতে ব্যবহৃত হয় না। বিভিন্ন ঐতিহ্যে অসংখ্য বিন্যাসে পাওয়া যায়, এমনকি একই ঐতিহ্যের উস্তাদগণের মধ্যেও ভিন্নতা দেখা যায়; ঐতিহ্যবাহী ইসলামী মিউজিকের এই সুরেলা গঠন মানবীয় আবেগ ও আধ্যাত্মিক মনোভাবের যে অসীম প্রকরণ রয়েছে তার যথাযথ প্রকাশের পন্থা দেখিয়ে দেয়। তথাপি সুরের এই প্রকাশভঙ্গীর চেয়েও অধিক গুরুত্বপূর্ণ হলো বোধগম্যতা কীভাবে ওস্তাদ থেকে শাগরেদে সিলসিলা হিসেবে সঞ্চারিত হয়।

ঐতিহ্যবাহী ইসলামী সঙ্গীতের শিক্ষায় একটি নির্দিষ্ট শিষ্টাচার গভীরভাবে মিশে আছে, ইসলামী পরিভাষায় যাকে আমরা ‘আদব’ বলে থাকি। আদব ধারণাটির বিভিন্ন মাত্রা রয়েছে: এটি গান গাওয়ার ভঙ্গি, বাদ্যযন্ত্র বাজানোর ধরন, শ্রোতার সঙ্গে যোগাযোগের রীতি, বয়োজ্যেষ্ঠদের প্রতি বিনয় ও শ্রদ্ধা প্রদর্শনের পদ্ধতি, এমনকি আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি সম্মান জানানোর নিয়ত—সব কিছুকেই নির্দেশ করতে পারে। আদব আমাদের বাহ্যিক আচরণকে সুন্দর করে তোলে, আর এর মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ সত্তাকেও পরিশীলিত করে। সঙ্গীত বা যেকোনো শিল্পকর্ম যখন আদবের সাথে চর্চা করা হয়, তখন তা নিছক পরিবেশনা ও শ্রোতার বিনোদনের বিষয় নয়; বরং তা নিজেকে এবং শ্রোতার প্রতিটি স্বতন্ত্র আত্মাকে শিক্ষিত করার একটি পদ্ধতিতে পরিণত হয়। এই অর্থে সঙ্গীতের সঙ্গে জিকিরের চর্চার গভীর সাদৃশ্য রয়েছে—জিকির হলো আধ্যাত্মিক সাধনায় আল্লাহর নামসমূহ ও কোরআনের বাণীর পুনরাবৃত্তি। নির্দিষ্ট শব্দের পুনরাবৃত্তি, শ্বাস-প্রশ্বাসের পদ্ধতি, এমনকি উচ্চারণের সময় পরিধেয় বস্ত্র—এসবই তাৎপর্যপূর্ণ, যা অনুশীলনকারীর রূহে আখলাকী গুণাবলীর ছাপ ফেলে এবং গভীরভাবে প্রোথিত করে; ঠিক যেভাবে কোনো বাদ্যযন্ত্র ধরার ভঙ্গি, বাজানো সুর এবং সঙ্গীতজ্ঞের অভ্যন্তরীণ মনোভাবও একই কাজ করে। এর লক্ষ্য রূহের কোনো ক্ষণস্থায়ী অবস্থা নয়, বরং তার একেবারে মূল সত্তায় এক স্থায়ী রূপান্তর।

 

ইসলামী সংগীতে মানবকণ্ঠ ও বাদ্যযন্ত্রসমূহকে বিবেচনা করা হয় দায়িত্ব তথা আমানত হিসেবে- যা সেই শিল্পীর হাতে ন্যস্ত থাকে যিনি বছরের পর বছর কোনো গুরুর/উস্তাদের সান্নিধ্যে শিক্ষা গ্রহণ করেন। একইসাথে নিজের নফসের পরিশুদ্ধি ও ইসলামী আদবের অনুশীলনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে এমন সুর ও ধারা হস্তান্তরিত হয় যা সিলসিলাগতভাবে সেইসকল মহান শিক্ষকগণের দ্বারা নির্মিত, যাঁদের যুগ আজকের সময়ের থেকে অনেক বেশি গভীরভাবে পবিত্রতায় পরিব্যাপ্ত ছিলো। এভাবে যখন হৃদয় থেকে হৃদয়ে যথাযথ ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে অন্তর্জগতকে মিউজিকের সাহায্যে নতুনভাবে তৈরী করা হয়, তখন শত শত বছরের অভিব্যক্তি ও মননকে ধারণ করার জন্য যেমন সেটি উপযুক্ত হয়ে উঠে, একইসাথে খোদাপ্রদত্ত যে অনন্য উপহারসমূহ একজন সংগীতজ্ঞকে দেওয়া হয়েছে সেগুলোর রূহানী প্রকাশ করার সক্ষমতাও সেই মুহূর্তে তিনি অর্জন করেন।

তাওহীদের চেতনা, আদবের চর্চা এবং ফিতরাতের নিকট প্রত্যাগমন, এ সমস্তকিছুই নন-ট্র্যাডিশনাল মিউজিকে অনুপস্থিত। কিন্তু এগুলোই ইসলামী মিউজিকের সবচেয়ে মূল্যবান অংশের প্রতিনিধিত্ব করে এবং এ বিষয়গুলোকে ইসলামী সঙ্গীত ঐতিহ্যে সবসময় সংরক্ষণ করা হয়। আমরা এমন এক দুনিয়ায় বসবাস করি যেখানে প্রায়শই মিউজিককে মানুষের আবেগ-অনুভূতিসমূহের ম্যানিপুলেশনের জন্য অথবা দৈনন্দিন জীবনের নানাবিধ সমস্যা থেকে সাময়িক মুক্তি দেওয়ার জন্য একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। ঐতিহ্যবাহী ইসলামী সংগীতধারায়ও আবেগের গভীর প্রতিফলন লক্ষ করা যায়, বিশেষ করে সুরারোপিত প্রেমকাব্যের মধ্যে। তবে এই আবেগকে সর্বদাই একটি উচ্চতর লক্ষ্যের দিকে ধাবিত করা হয়, ইশকের তীব্রতাকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া হয় যেখানে আমরা অনুধাবন করতে পারি যে একমাত্র অনন্ত প্রিয়তম তথা ‘খোদা’ হলেন আমাদের প্রকৃত গন্তব্য। ফলে বাস্তব জীবন ও জগৎ থেকে পলায়নপ্রবণতার মাধ্যমে নয় বরং অসীম শান্তি ও পরম সত্য তথা ‘হক’ এর প্রতি ভালোবাসার স্মরণই ইসলামী মিউজিকের মৌলিকত্ব।

 

এভাবে, বর্তমান সময়ের প্রায় সকল ধ্রুপদী কিংবা জনপ্রিয় মিউজিক হলো ‘অনুভূমিক’ (Horizontal), যেগুলো মানুষের অন্তরে কেবল অন্তহীন সাধারণ কিংবা কখনো কখনো ক্ষতিকর আবেগকে জাগ্রত করে তোলে। পক্ষান্তরে, ইসলামী মিউজিকের প্রকৃতি হলো ‘উল্লম্ব’ (Vertical)। এটি যেনো মহান আল্লাহর পবিত্র নামের ‘আলিফ’এর মতো, যার মহত্ত্ব ও বিশেষত্ত্ব নিয়ে মুসলিম সূফী ও দার্শনিকগণ শত-সহস্র বছর ধরে আলোচনা-গবেষণা করে চলেছেন। এটি আমাদেরকে সেই অত্যুৎকৃষ্ট, অতীন্দ্রিয় বাস্তবতার দিকে, পরবর্তী জীবনের দিকে নির্দেশ করে এবং অনন্ত প্রিয়তমের প্রতি আমাদের আকুল আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে, যার নিকট হতে বিচ্ছিন্ন হয়ে আমরা এই দুনিয়ার সফরে এসেছি। এবং কখনো কখনো এটি আমাদেরকে এমন এক বেহেশতী রিহলায় (সফরে) নিয়ে যায় যার মাধ্যমে আমরা যেনো  খোদার সান্নিধ্যে পৌঁছে যাই।

ইসলামী মিউজিকের যেসকল বৈশিষ্ট্যসমূহ নিয়ে আমরা আলোচনা করছি, সেগুলো নানানভাবে সকল ইসলামী শিল্পের মধ্যে বিদ্যমান রয়েছেঃ কুরআনের রূহানী চেতনা হতে অনুপ্রাণিত, উস্তাদ থেকে শাগরেদের নিকট আত্মগত বিকাশের ঐতিহ্যের মাধ্যমে চলে আসা ও খোদার স্মরণকে আমাদের মধ্যে জাগিয়ে তোলার জন্য কিছু সৃষ্টি করা। তবুও ইসলামী মিউজিক এমন আরেকটি বৈশিষ্ট্য ধারণ করে যা এটিকে মসজিদের স্থাপত্য কিংবা কুরআন তিলাওয়াতের মতো শিল্পগুলো থেকে আলাদা করে এবং আমাদের বসবাসরত বর্তমান দুনিয়ার জন্য যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বাসের পার্থক্যকে উপেক্ষা করেই মানবসভ্যতার সকল সদস্যের সাথে কথা বলার এক অনন্য ক্ষমতা ইসলামী মিউজিকের রয়েছে। এই হিকমতের উৎপত্তি এমন শব্দহীন ঐকতান হতে যা সকল মানুষের রূহের গভীরেই বিদ্যমান রয়েছে এবং মানুষের এই ‘ফিতরাতকে’ উদ্দেশ্য করেই ইসলামী মিউজিক কথা বলে। এই সাধারণ ঐকতানের কারণেই ইসলামী মিউজিক ইসলাম-পূর্ব যেসকল সংগীত ঐতিহ্য এর গভীরতর চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিলো, সেগুলোকে সর্বদা আত্মস্থ করেছে, সেটি ইরানে হোক আর ইন্দোনেশিয়াতে। ইসলামী সংগীত ঐতিহ্য হস্তান্তরের এই পরিপূর্ণতা এবং মূল্যবোধসমূহকে ধারণকারী উস্তাদদের জীবন্ত উপস্থিতি ও সোহবত, ইসলামী মিউজিককে আত্মিক পরিচর্যা, অতীন্দ্রিয়ের স্মরণ এবং পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের এক অসাধারণ প্রতিনিধিতে পরিণত করেছে। ক্রমশ আরো অসামঞ্জস্যপূর্ণ এবং খোদার স্মরণ হতে বিস্মৃত হতে যাওয়া আজকের দুনিয়ায় এই বৈশিষ্ট্যসমূহ ব্যতীত মানব সভ্যতা টিকে থাকতে সক্ষম হবেনা।

 

আমার নিজের সংগীত-যাত্রা, আমাদের মিউজিককে প্রকৃত অর্থে ইসলামী করে তোলার ক্ষেত্রে সচেতন ধারাক্রমিক গভীরতা ও ব্যক্তিগতভাবে এর বিকাশ ও অনুশীলনের একটি সফর ছাড়া ভিন্ন কিছু নয়। আমি আমার ক্ষুদ্র সৃষ্টিকর্মসমূহের সকল পর্যায়ে আমার উপলব্ধির ও যোগ্যতার সবটুকু দিয়ে উপরোক্ত গুণাবলীসমূহকে ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু এর থেকেও অধিক গুরুত্বপূর্ণ হলো, আমার শ্রোতাদেরকে সেই সমস্ত উপাদানসমূহকে স্মরণ করিয়ে দেওয়া, কুরআনের চেতনাকে ধারণ করে সৃষ্ট এই শিল্পকর্মটির পেছনে যে চিন্তা ও মনন সাহায্য করেছে, সেগুলোর গুরুত্ব উপলব্ধি করানোই ছিলো আমার নিয়ত। এটি নিঃসন্দেহে এমন একটি চলমান সফর যেখানে আমরা প্রতিনিয়ত নতুন করে শিখছি এবং এখনও অনেক পথ বাকি রয়েছে। একাডেমিক ও শৈল্পিক, দুইক্ষেত্রেই অনেক কাজ করতে হবে- বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের নিকট আমাদের ঐতিহ্য সংরক্ষণ ও শিল্পকে গভীরতা দান করার জন্য এই প্রচেষ্টাকে গুরুত্বসহকারে গ্রহণ করা হবে বলেই আমি আশা রাখছি।

আজকের তরুণ মুসলিমরা যারা এই জগতে প্রবেশ করছে, তারা যদি নিজেদের মিউজিককে সত্যিই ‘ইসলামী’ বলতে চায় তাহলে তাদের মধ্যে বিনয় থাকতে হবে। তাদেরকে বুঝতে হবে যে নিয়ত যতই উত্তম থাকুকনা কেনো, আমাদের ঐতিহ্যের আন্তরিক একজন অনুশীলনকারী হওয়া ও এই চেতনাকে নিজের মধ্যে আত্মীকরণ করা নতুনত্ব ও ধর্মান্তকরণের আগে প্রাধান্য পাবে। সত্যকে কখনোই মিথ্যার সাথে মিশ্রিত করা যাবেনা, কারণ এটি করলে ফিতনা ও বিভ্রান্তি সৃষ্টি হবে। সাম্প্রতিক জনপ্রিয় কোনো মিউজিকের ‘হালাল বিকল্প’ হওয়া মিউজিককে ইসলামী করে তোলেনা। যুগের ক্ষণস্থায়ী চাহিদা মেটাতে আমাদের ঐতিহ্যকে বিকৃত করার এই প্রবণতা কেবল যা কিছু আমাদের হস্তান্তরিত হয়েছে সেগুলোরই ক্ষতি করেনা; বরং আমরা আসলে কারা, এই বোধকেও হারিয়ে ফেলে।

 

প্রকৃত ইসলামী মিউজিক তার নিজস্ব রূপ ও বিষয়বস্তু হতে ভিন্নও নয়, বিচ্ছিন্নও নয়। এটি তার উৎপত্তি ও উৎস সম্পর্কে সম্পূর্ণ সচেতন, যা হলো হক এবং তাওহীদ, আল্লাহ। এই সচেতনতা সরাসরি কুরআন থেকে উদ্ধৃত আয়াত বা শব্দের মাধ্যমে প্রতিফলিত হোক অথবা আমাদের মানব অস্তিত্বের যেকোনো মাত্রা থেকে অঙ্কিত হোক, এটি সর্বদা অনুগ্রহপূর্ণ ও মর্যাদাসম্পন্ন হয়ে থাকে; মিউজিকের রূপই এর অভ্যন্তরীণ সমন্বয়পূর্ণ চেতনাকে প্রতিফলিত করে। এর উদ্দেশ্য হলো শ্রোতা ও সুরকারকে তাদের নিজ রূহের সেই গভীরতায় নিয়ে যাওয়া, যার কেন্দ্রে রয়েছেন স্বয়ং ‘রাহমানুর রাহীম’। ইসলামী মিউজিক আমাদের মনকে কলুষিত করে ফেলে এমন অর্থহীন লিরিক্সে যেমন সন্তুষ্ট থাকেনা, তেমনি আনন্দ ও জীবনের জন্য আমাদের গভীর পিপাসাকে জাগ্রত না করে যেসকল অন্তঃসারশূন্য সুর বর্তমানে সৃষ্টি করা হয় সেগুলোকেও সঠিক হিসেবে দেখেনা। মিউজিক হলো বেহেশত থেকে আসা একটি পবিত্র আমানত যা আমাদেরকে হকের কথা স্মরণ করিয়ে দেয়। আসুন, আমরা আমাদের পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের নিকট হস্তান্তরিত হিকমাহ, ইলম এবং অসাধারণ সঙ্গীত সম্ভারকে আত্মস্থ করি এবং নম্রতার সাথে সংগীতশিল্পীর খোদাপ্রদত্ত কন্ঠকে ব্যবহার করে নতুনত্ব আনয়ন করি। একমাত্র তখনই আমরা যা সৃষ্টি করবো সেটি অনন্য হবে, অকৃত্রিম এবং ইসলামীও হবে; যা আমাদেরকে পরিশেষে সমস্ত কিছুর কেন্দ্র মহান ‘আল্লাহ’র দিকেই ধাবিত করবে।

 

ওয়াল্লাহু আ’লাম (আল্লাহই সর্বোত্তম অবগত)।

সামি ইউসুফ    

৩ বার পঠিত

শেয়ার করুন

Picture of রোয়াক ডেস্ক

রোয়াক ডেস্ক

রোয়াক, ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের অনলাইন মুখপাত্র। বুদ্ধিবৃত্তিক ও সময়ের চিন্তাগত সংকট থেকে উত্তরণের জন্য কাজ করে যাবে।
Picture of রোয়াক ডেস্ক

রোয়াক ডেস্ক

রোয়াক, ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের অনলাইন মুখপাত্র। বুদ্ধিবৃত্তিক ও সময়ের চিন্তাগত সংকট থেকে উত্তরণের জন্য কাজ করে যাবে।

মতামত প্রকাশ করুন

Scroll to Top