আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি করার প্রয়োজনীয়তা

আমার পিতা মুহাম্মদ আব্দুল্লাহ আলী আল-ওয়াইসী বলতেন-
“আমরা যতক্ষণ বায়তুল মাকদিস সম্পর্কে ভালোভাবে জ্ঞানার্জন করতে না পারবো, এর গুরুত্ব উপলব্ধি করতে না পারবো, ততদিন আমরা এই ভূমিকে দখলমুক্ত করতে পারবো না।”
জীবনের সকল কিছুর উপরে বায়তুল মাকদিস আর মসজিদে আকসার প্রতি আমার গভীর ভালোবাসা সৃষ্টি হয় পিতা-মাতা ও পরিবার থেকেই। আমার জন্মভূমি আমার চিন্তার সবচেয়ে বৃহত্তর স্থান দখল করে নেয়। যেখানে আমি আমার ছোটবেলা থেকে যুবক বয়স পর্যন্ত বড় হয়েছি, আমার চোখ যার ঘটনাবলির সাক্ষী, সেখানেই আমি ভবিষ্যৎ বিনির্মাণের জন্য এখনো গভীর ভালোবাসা লালন করি। এই অনুরাগ থেকেই বায়তুল মাকদিস নিয়ে বিশ্বব্যাপী জ্ঞানতাত্ত্বিক প্রকল্পের সূচনা করি এবং মসজিদে আকসার মিহরাব থেকেই “বায়তুল মাকদিস গবেষণা কেন্দ্র”-এর সূচনা করি। মহান রব আমাকে মসজিদে আকসার “মাসাতিবে” পাঠদানের সুযোগ দিয়ে সম্মানিত করেছেন। জীবনের প্রতিটি পাঠেই তাঁর বরকত দিয়ে আবৃত করে রেখেছেন সর্বদা।
আমার জীবনের অভিজ্ঞতার আলোকে এই প্রবন্ধে আমি আমাদের তরুণদের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নের ক্ষেত্রে বিশেষজ্ঞ করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করব। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এটি এখনো গাঠনিকভাবে প্রাথমিক পর্যায়ে রয়েছে, বিশেষজ্ঞের সংখ্যা নিতান্তই কম এবং এর গুরুত্বও যথাযথভাবে উপলব্ধি করা হচ্ছে না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যাপক প্রচেষ্টা চালানো প্রয়োজন এবং সম্ভাব্য সব উপায় গ্রহণ করার বিকল্প নেই।
সংকট ও উত্তরণের পন্থা
বহুত্ববাদের বিভিন্ন রূপ ও স্তরের কারণে আমাদের সমসাময়িক বিশ্ব আরব, ইসলামিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সকল ক্ষেত্রে নানাবিধ পরিবর্তন অনুভব করছে। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি, একবিংশ শতাব্দীতে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে, যেগুলোকে গুরুত্ব সহকারে মোকাবেলা করতে হবে। আমাদের আরব বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সমূহে জ্ঞানের সকল ক্ষেত্রে একাডেমিক জ্ঞানের অগ্রগতি সাধন করতে হবে।
ইসলামী বিশ্বের মৌলিক সংকটসমূহকে দু’ভাগে ভাগ করা যায়-
১. অন্তর্নিহিত সংকট। যেমন- অনুকরণপ্রিয়তা, স্বাধীনতা হারানো, আদালতহীনতা, স্বৈরাচারিতা, দাসত্ব, বিশৃঙ্খলা ইত্যাদি।
২. বাহ্যিক সংকট। যেমন- শত্রুদের দ্বারা আকলকে শোষণ করা, ভূমি দখল করা এবং উপনিবেশ স্থাপন করা ইত্যাদি।
তবে, বিশ্ববিদ্যালয় জীবনের ৩৫ বছরের অভিজ্ঞতার পর আমি দৃঢ়তার সাথে বলতে পারি, এসব মৌলিক সংকটসমূহের পর ইসলামী বিশ্বের সবচেয়ে কঠিন সংকট হচ্ছে বুদ্ধিবৃত্তিক সংকট, বিশেষভাবে বলতে গেলে উচ্চতর জ্ঞানচর্চার সংকট।
উদাহরণস্বরূপ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সকল আরব দেশ অত্যাচারী, স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত এবং বহিঃশক্তি নিয়ন্ত্রিত গোষ্ঠী দ্বারা শাসিত হচ্ছে। যাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে শিক্ষাব্যবস্থার মাধ্যমে নিজেদের জন্য একদল আনুগত্যশীল দাসানুদাস শ্রেণি তৈরি করা।
মানবিক ও সামাজিক বিজ্ঞানে ইসলামী বিশ্বের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলো মূলত জ্ঞানতাত্ত্বিক গবেষণার জন্য নয়, বরং সেগুলো মুখস্থবিদ্যা শিক্ষাদানের জন্য সেরা বিশ্ববিদ্যালয়। সেখানে শিক্ষক যা তালকীন দেন, ছাত্রদেরকে সেগুলো গলাধঃকরণ করার প্রতি গুরুত্ব দেওয়া হয়। এই ধরনের সেকেলে পাঠদান পদ্ধতির কারণে একঘেঁয়েমি সৃষ্টি হয়। এই পদ্ধতি আমাদের জন্য সময়োপযোগী নয়। এছাড়াও যে পাঠ্যপুস্তকগুলো পড়ানো হয় সেগুলো এমন পুরানো যে, আমরা যেই সময়ে বাস করি, তার বাস্তবতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই।
সেইসব বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় মূলত স্বৈরাচারিতা, দাসত্ব, দুর্নীতি, আধিপত্যবাদী রাজনৈতিক শক্তির সাথে চুক্তির ফলাফল হিসেবে তাদেরই অর্থনৈতিক শোষণের পুঁজি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো। যার ফলে, দুর্ভাগ্যবশত এই বিশ্ববিদ্যালয়গুলোর বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। এখানে কেবল সাম্রাজ্যবাদ ও দাসত্বের আজ্ঞাবহ সেবকই তৈরি হচ্ছে।
অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমাদের বেশিরভাগ ছাত্র-ছাত্রীর মাঝে জ্ঞানার্জন ও শিক্ষাদানের আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণা মোটেও নেই। বরং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে তাদের প্রধান উদ্বেগ হলো একটি সার্টিফিকেট অর্জন করা, যা দিয়ে তারা তাদের জাগতিক উদ্দেশ্য পূরণ করবে এবং একটি চাকরির ব্যবস্থা হবে।
অথচ পূর্বে আমাদের ইসলামী সভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই, শিক্ষার্থীরা তাদের ঝোঁক যেই বিষয়ের প্রতি, সেই বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করতেন, গবেষণা করতেন। এজন্য তারা সেই সময়কার জ্ঞানী, গুণী, পণ্ডিত, বিশেষজ্ঞ শিক্ষকের দ্বারস্থ হতেন নির্দ্বিধায়।
কিন্তু বর্তমানে মুসলিম বিশ্বের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তা সরকারি, বেসরকারি কিংবা স্নাতকোত্তর অধ্যয়নের জন্য কলেজ যাইহোক, প্রতি বছর ভুরি ভুরি অযোগ্য ছাত্র উৎপাদন করে আসছে এবং এখনো করে যাচ্ছে। যেখান থেকে এমন ডক্টরেট উপাধি নিয়ে বের হয়, যে এর যোগ্যতাও রাখে না। ফলে তারা কেবল ডিগ্রিটাই বহন করে। কিন্তু এই ডিগ্রির ভার তারা বহন করতে পারে না। সেসব বিশ্ববিদ্যালয়ে অবদান রাখার মতো যোগ্যও তারা হয় না।
এই সমস্যা নির্ণয়ের সংক্ষিপ্তসার থেকে এটাই পরিষ্কার হয় যে, মুসলিম বিশ্বের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং অত্যাচারী, দাসত্বপূর্ণ, দুর্নীতিগ্রস্ত এবং পরনির্ভরশীল এই শাসনব্যবস্থার সংশোধনের জন্য কোনো উদ্যোগ তো নেই-ই, বরং তাদের সেবা করে যাচ্ছে। এজন্যই একটি জ্ঞানতাত্ত্বিক ও বৈজ্ঞানিক বিপ্লব আবশ্যক। এবং এমন একটি মৌলিক পরিবর্তনের প্রয়োজন, যা সত্যিকারার্থেই মৌলিকত্বকে ধারণ করবে এবং এটিকে নতুন ভিত্তির উপর প্রতিষ্ঠা করবে।
মুসলিম বিশ্বের উচ্চশিক্ষার এসকল সমস্যা সমাধানের জন্য প্রথমত আমাদের জানতে হবে, আমাদের সময়ে উন্নত দেশগুলোতে শিক্ষাকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচনা করা হয়। অথচ এই মূহুর্তে আমাদের সরকারি ও বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে, আমাদের গবেষণার জন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তৈরির বিকল্প নেই।
উদাহরণস্বরূপ, কাতারে প্রশাসনিক বিজ্ঞানের জন্য শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং মানবিক ও সামাজিক বিজ্ঞানের জন্য আরেকটি বিশ্ববিদ্যালয় রয়েছে, যা বিশেষজ্ঞ আলেম এবং গবেষকদেরকে অত্র প্রতিষ্ঠানে কাজ করার জন্য আকৃষ্ট করে। তারা শুধুমাত্র সেই ছাত্রদেরকে গ্রহণ করে, যারা প্রাথমিক থেকে উচ্চতর পর্যায়ের একাডেমিক জ্ঞান অর্জনের প্রতি প্রবল এবং বাস্তব আকাঙ্ক্ষা রাখে। এটি জাতীয় জীবন ও জনগণের জন্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিশেষ কিছু বিষয়ের ক্ষেত্রে অবদান রাখে। বর্তমানে আমাদের জন্য সর্বাগ্রে সামাজিক বিজ্ঞান এবং বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের ক্ষেত্রে এমনটিই অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি বায়তুল মাকদিস ও মসজিদে আকসার মুক্তির জন্য আকলের মুক্তি ও জ্ঞানতাত্ত্বিক প্রস্তুতির দিকে মনোযোগ দিতে হবে, যেই ব্যাপারে গত একশ বছর যাবত মুসলিম জাতি উপেক্ষা এবং অবহেলা করে আসছে। এটি অত্যন্ত ভয়াবহ এবং গুরুতর সমস্যা। সমস্যাটি নিরসনের জন্য নিরলস প্রচেষ্টা এবং স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে জরুরী পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
আমাদের একান্ত প্রয়োজনীয় কর্তব্য
বিগত দিনগুলোতে আরব অঞ্চলের প্রতিটি জাতি তাদের হারানো স্বাধীনতা ফিরে পেতে স্বাভাবিক প্রতিরোধ ও আন্দোলন করে আসছে, এখনো করছে এবং সামনেও অব্যাহত রাখবে। বিশেষত আরব অঞ্চলে নবজাগরণ ও পরিবর্তনের প্রথম প্রচেষ্টার ব্যর্থতার পর আশা করি আঞ্চলিক ও আন্তর্জাতিক আরও কিছু পরিবর্তন দেখা যাবে। দ্বিতীয় প্রচেষ্টা এবং অন্যান্য লক্ষণগুলো পূর্ববর্তী প্রচেষ্টাগুলোর সাথে মিল রয়েছে, যা অতিসত্বরই এই অঞ্চলে একটি জাগরণ সৃষ্টি করবে। ১৯৪৮ সালে আমাদের উপর আঘাত করা সেই জুলুমের অবসান ঘটাবে, যা আমাদেরকে চরমভাবে বিদীর্ণ করেছিলো, একে অপরকে বিচ্ছিন্ন করে ফেলেছিলো এবং এতটাই দুর্বল করে দিয়েছিলো যে, প্রতিটি বিবেকবান ব্যক্তি তার বোধশক্তি হারিয়ে ফেলেছিলো এবং আমাদের মধ্যকার জ্ঞানীরা বিভ্রান্ত হয়ে গিয়েছিলো।
এই পদক্ষেপগুলো আমাদের আরব অঞ্চলের উপর বিশেষ প্রভাব ফেলবে এবং একবিংশ শতাব্দীর দ্বিতীয় এবং তৃতীয় দশকে আমাদের অঞ্চলের রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক মানচিত্র পুনরায় আঁকবে।
এর পাশাপাশি রাষ্ট্রীয়, আঞ্চলিক ও স্থানীয় শক্তিগুলোও পশ্চিমা ঔপনিবেশিক স্বার্থ নিশ্চায়নের লক্ষ্যে আরব দেশগুলোতে বিশেষ করে ফিলিস্তিন, মিসর, সিরিয়া এবং ইরাকে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। তাদের মূল লক্ষ্য হচ্ছে, পশ্চিমা শোষক রাষ্ট্রগুলো মিলে আরব বিশ্বের বুকে প্রতিষ্ঠা করা বাফার স্টেট ইজরায়েলকে রক্ষা করা। এর মাধ্যমে তারা ফিলিস্তিনের মাঝে তাদের আধিপত্যকে স্থায়িত্ব দিতে চায়।
বিষয়টি ইসলামী পুনর্জাগরণের নেতৃত্বে থাকা সকল শক্তিকে অনেক বড় চ্যালেঞ্জের মুখে রাখে। এজন্য সকল স্তরে গুরুত্ব সহকারে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। এর মাঝে অন্যতম পদক্ষেপ হচ্ছে, আমাদের তরুণদের মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি গ্রহণ করা। আর তাই, জাতিকে বাস্তবতা বুঝতে এবং ভবিষ্যতের স্বপ্ন দেখতে সাহায্য করার জন্য সামাজিক বিজ্ঞান, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের আমাদের জরুরী প্রয়োজন।
দুর্ভাগ্যবশত, জাতির শক্তিশালী ব্যক্তিত্বগুলো বিগত একশ বছরে (১৯১৭-২০১৭ খ্রি.) জাতি ও জনগণের জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং সমালোচনামূলক কোনো সমাধান হাজির করেননি এবং মানবিক ও সামাজিক বিজ্ঞানে একাডেমিক কার্যক্রম অবহেলার মুখে পড়ে আছে। যার ফলে চিকিৎসাবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসির পাশাপাশি এই ক্ষেত্রগুলোতেও বিশেষজ্ঞদের বড়ই অভাব।
সত্যিই, অত্যন্ত দুঃখের বিষয়, ইসলামপন্থিদের মাঝে খুব কমই বিশেষজ্ঞ খুঁজে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ডক্টর (অধ্যাপক) পদে পৌঁছেছেন, এমন কাউকে পাওয়া দুষ্কর।
বিশেষ করে আমাদের আরব অঞ্চল, মিশর, সিরিয়া এবং ইরাক এই দেশগুলোর মাঝে এই সমস্যাটা প্রকট। অথচ বর্তমান সময়ে এসে জ্ঞানের মাঝে তত্ত্ব ও মডেলসহ এই ক্ষেত্রটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের তরুণদের পড়ানোও হয়। এটি বড় এবং বিপজ্জনক একটি সমস্যা, যা খুব গুরুত্ব সহকারে আমলে নেওয়া প্রয়োজন।
মৌলিক একটি সমস্যা অন্যদের দৃষ্টিভঙ্গি, আকল, উপলব্ধি ও চিন্তাগত ভিত্তির মাধ্যমে আমাদের বিষয়গুলোকে বিশ্লেষণ করা
আন্তর্জাতিক সম্পর্কের বৈজ্ঞানিক এবং পদ্ধতিগত দৃষ্টিকোণ থেকে সমসাময়িক ঘটনাগুলোকে বেশ কয়েকটি পর্যায়, পদ্ধতি বা চিন্তাগত প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্লেষণ করা হয়। যা শুরু হয় ঘটনার বর্ণনা, বৈশিষ্ট্য বা বিবরণ জানার মাধ্যমে। আর শেষ হয় স্বতন্ত্র উপলব্ধি এবং সামগ্রিক নির্দেশনা ও দৃষ্টিভঙ্গি দাঁড় করানোর মধ্য দিয়ে, যা ভবিষ্যতের ইতিহাস বিনির্মাণে অবদান রাখে। এই প্রথম ও শেষ প্রক্রিয়ার মাঝে আবার বেশ কতক পর্যায় থাকে। যেমন- স্পষ্টকরণ: যা কারণ এবং প্রভাবের মধ্যে কার্যকারণ সম্পর্ক খুঁজে বের করার সাথে সম্পর্কিত। বুঝা এবং ব্যাখ্যা – যার জন্য একটি তাত্ত্বিক কাঠামো (তত্ত্ব) প্রয়োজন হয়।
এখানে মৌলিক একটি প্রশ্ন- আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মুসলিম আলেমদের দ্বারা গড়ে ওঠা চিন্তা, তত্ত্ব এবং মডেলগুলো কোথায়, যা আমাদের বাস্তবতা এবং সমসাময়িক ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে সাহায্য করে?
উত্তরটি স্পষ্ট যে, আমাদের কাছে এই চিন্তা, তত্ত্ব এবং মডেলগুলো নেই। যে কারণে আমরা পশ্চিমাদের চিন্তা, তত্ত্ব এবং মডেলগুলো ধার করি, যেগুলো সাধারণত পশ্চিমাদের, বিশেষত ইউরোপীয়দের নিজস্ব পরিস্থিতি এবং অবস্থা থেকে উদ্ভূত এবং প্রদত্ত হয়েছিলো। মূলত এগুলো তাদের সামগ্রিক উন্নতি, ঘটনা এবং মূল্যবোধের সাথেই সম্পৃক্ত। তাই, এই তত্ত্বগুলো এখানে প্রয়োগ করা সম্পূর্ণ অযৌক্তিক। আমাদের অঞ্চলে যা ঘটে আসছে, তার সাথে কোনো সম্পৃক্ততা নেই এসবের। ভিন্ন একটি সমাজের সামাজিক ও সাংস্কৃতিক উদ্দেশ্যে সেখানেরই সাংস্কৃতিক প্রকৃতি ও প্রেক্ষাপটে তৈরি হওয়া তত্ত্ব আমাদের সমাজে মোটেও প্রাসঙ্গিকতা রাখে না।
সংক্ষেপে বললে, এগুলো হলো আধিপত্যবাদী পশ্চিমাদের দ্বারা বিকশিত চিন্তা, তত্ত্ব এবং মডেল, যারা আমাদের দেশগুলোতে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে উপনিবেশ স্থাপন করে এবং আমাদেরকে বিভক্ত করে ফেলে। এর পাশাপাশি তারা আমাদের জাতির হৃদয়ে তার বাফার রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার কারণ গেঁথে দেয়। ফলে আমরা পরাজিত হয়ে দুর্বল একটি জাতিতে পরিণত হই। তাদের কার্যপদ্ধতি বুঝে উঠতেও ব্যর্থ হই এবং তাদেরকে কীভাবে মোকাবেলা করবো- তাও নির্ধারণ করতে অক্ষম হই। যার ফলাফলস্বরুপ আমরা আমাদের নিজস্ব বৈশিষ্ট্য, পরিবেশ ও স্বাতন্ত্র্যবোধের সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য সম্বলিত বিষয়গুলো নিয়ে, ভিন্ন পরিবেশে গড়ে ওঠা চিন্তা, তত্ত্ব ও মডেলগুলো গ্রহণ করি। আমাদের অঞ্চলের বিষয়গুলো ও সমসাময়িক ঘটনাগুলোকে তাদেরই দৃষ্টিকোণ থেকে বুঝতে শুরু করি, ব্যাখ্যা করি এবং সমাধান করি। অন্যভাবে বললে, অন্যদের দৃষ্টিভঙ্গি, আকল, উপলব্ধি ও চিন্তাগত ভিত্তির উপর আমরা নির্ভরশীল হয়ে আছি।
দুর্ভাগ্যজনকভাবে, আমাদের উম্মাহ কেবল অন্যের তৈরি করা বিষয় গ্রহণ করে, ব্যবহার করে এবং নিজেদেরকে সেভাবে গঠন করেই তুষ্ট নয়, বরং অন্যের চিন্তা-চেতনা দ্বারা নিজেদের বিষয়গুলোর নিষ্ফল ব্যাখ্যাদানের প্রচেষ্টার মাধ্যমে অপমানের সর্বোচ্চ চূড়ায় উপনীত হয়েছে। বিজয়ী এবং পরাজিত শক্তির মাঝে ভারসাম্যহীনতার অভাবই এর মূল কারণ। অর্থাৎ তারা বর্তমান বিজয়ী শক্তি হিসেবে যেই অবস্থানে পৌঁছেছে, মুসলিম উম্মাহ তার ধারেকাছেও যেতে পারছে না এবং প্রচেষ্টাও চালাচ্ছে না। পশ্চিমাদের যেকোনো বিষয়ের প্রতি আমাদের তীব্র আকর্ষণেই এটি স্পষ্টভাবে প্রকাশ পায়। এর পাশাপাশি, নিজেদের মাঝে বিভাজনের পর্যায়টি এমন মাত্রায় পৌঁছেছে যে, আরবরা অনারবদের যেকোনো পরাজয় বা দুর্বলতায় খুশি হয় কেবল অঞ্চলগত পার্থক্যের কারণে।
সমস্যা মোকাবেলার উপায়
সকল আলেমদেরই, বিশেষ করে মানবিক ও সমাজবিজ্ঞানে বিশেষজ্ঞ আলেমদের সভ্যতাগত ও ঐতিহাসিক অভিজ্ঞতাসমূহের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই গভীরভাবে পর্যবেক্ষণ করা একান্ত প্রয়োজন।
এই ক্ষেত্রে তাদের সুস্পষ্ট ও শক্ত অবস্থান থাকা উচিৎ, যাতে করে বর্তমানকে উপলব্ধি করা, বিশ্লেষণ করা, ভবিষ্যত বিনির্মাণ করা এবং নেতৃত্ব দেওয়ার জন্য উপযোগী চিন্তা, তত্ত্ব ও মডেল তৈরি করা যায়।
কেননা, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমাদের চিন্তা, তত্ত্ব ও মডেলগুলোই পড়ছে এবং এক্ষেত্রে কেবল একচেটিয়াভাবে তাদের অবদান সম্পর্কেই জানছে। জ্ঞানতাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিকভাবে গুরুত্বপূর্ণ এই বিষয়টিতে পশ্চিমাদের তৈরিকৃত পাঠ্যসূচিই তারা পাঠ করছে।
বিশেষ করে, আমাদের অবশ্যই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এমন বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থী তৈরি করতে সচেষ্ট হতে হবে, যারা আত্মপরিচয় ও তাদের মৌলিক ইসলামী মনন লালন করতে গর্ববোধ করবে। একবিংশ শতাব্দীতে এসে শুধুমাত্র এই মননকে রক্ষা করার জন্য নয়, এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে (আন্তর্জাতিক সম্পর্ক) তাদের জ্ঞানতাত্ত্বিক অবদানগুলোর উন্নতি সাধনেও সচেষ্ট হবে। মুসলমানদের অবস্থা, সভ্যতাগত ভূমিকা, ইসলামী ঐতিহ্যের অবদান এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইসলাম ও এর বুদ্ধিবৃত্তিক অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবে। ইসলামের ইতিহাস দ্বারা গোটা উম্মাহকে অনুপ্রাণিত করতে সক্ষম এবং সমসাময়িক ঘটনা ও সমস্যাগুলো বুঝতে ও ব্যাখ্যা করতে সহায়ক আন্তর্জাতিক সম্পর্কের মডেলগুলোকে কীভাবে পাঠ করা যায়, তাও জাতির সামনে উপস্থাপন করবে।
আমাদের এমন একটি প্রজন্ম এবং জাতীয় কাঠামো গঠন অত্যন্ত প্রয়োজন, যারা আমাদের জাতির হৃদয়ে রোপিত পবিত্র ভূমিকে দখলকারী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের অনিবার্যতায় বিশ্বাসী এবং তারা তাদের মুসলিম জাতিসত্তার প্রকৃত পরিচয় নিয়ে গর্বিত। বিশ্বায়নের যুগে অতি দ্রুত যে পরিবর্তন প্রতিনিয়তই হচ্ছে, তার মাঝেও এই পরিচয়কে বুলন্দ রাখবে। তারা হবে যেকোনো বিষয়ে সম্যক জ্ঞান রাখা বিশেষজ্ঞ, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন, আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাগুলোর সাথে পরিচিত এবং জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতার মাধ্যমে সেগুলো কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম।
“বায়তুল মাকদিস গবেষণা কেন্দ্র”-এর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তত্ত্ব ও মডেলগুলো এই লক্ষ্য পূরণ করার জন্যই অগ্রসর হচ্ছে এবং সার্বিকভাবে সকল ক্ষেত্রে প্রয়োজন পূরণে এগিয়ে আসছে। যেমন- যে সকল তত্ত্ব ও মডেল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় না, সেগুলোকে আরব ভূমি, মুসলিম বিশ্ব, আঞ্চলিক ও বৈশ্বিকভাবে মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত করে তৈরি করে উপস্থাপন করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এভাবেই আমাদের শিক্ষার্থীদেরকে আমরা তাদের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময়কালেই একাডেমিক জ্ঞানের ক্ষেত্রে গুরুত্ব দিতে উৎসাহিত করে থাকি।
“বায়তুল মাকদিস গবেষণা কেন্দ্র” একাডেমিক জ্ঞানচর্চার নতুন একটি দিক উন্মোচন করেছে। বায়তুল মাকদিস নিয়ে গবেষণার ক্ষেত্রে প্রাথমিক এবং আরও বিস্তৃত জ্ঞানগর্ভ শাখাসমূহ নিয়ে কাজ করার জন্য মানবিক জ্ঞানের একটি নতুন পাটাতন এটি, যা এই অঞ্চলের সাথেই সম্পৃক্ত জ্ঞান উৎপাদন এবং প্রসারের জন্য কাজ করে থাকে। সেইসাথে আন্তর্জাতিকভাবে একটি পেশাদার বিশেষজ্ঞ একাডেমিশিয়ান প্রজন্ম উৎপাদন কেন্দ্রের ভূমিকা পালন করে এবং একাডেমিক সক্ষমতা ও উচ্চতর দক্ষতা বিকাশের জন্য ব্যবস্থা নেয়।
বিভক্তি, বিভাজন ও সমন্বয়হীনতা
সমস্যা সমাধান করতে গিয়ে যেই সমস্যাগুলো প্রবল আকারে দেখা দেয় তার মাঝে অন্যতম হচ্ছে উম্মাহর মাঝে বিভক্তি। বর্তমানে ইসলামী জ্ঞানে বিশেষজ্ঞ আলেমদের মাঝে প্রায় ৩০টি বিভাজন রয়েছে। ইসলামিক মুভমেন্ট থেকে উৎপন্ন কিছু প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করলে দেখা যায়, তারা তাদের কার্যক্রমকে কেবল ইসলামী জ্ঞানের উপর সনদপ্রাপ্তির মাঝেই সীমাবদ্ধ করে রেখেছে।
এজন্য মুসলিম নেতাদের বিভিন্ন সংগঠন, এসোসিয়েশন এবং ফেডারেশনের সকল কার্যক্রমের ক্ষেত্রেই ইসলামী শরীয়তের সেসকল মহান আলেমদের সাথে একটা দৃঢ় সম্পর্ক সৃষ্টি হওয়া প্রয়োজন- যাদের ইতিহাসের গতিবিধি সম্পর্কে সম্যক ধারণা রয়েছে, এর গভীর বিশ্লেষণের বুঝ রয়েছে, সমসাময়িক স্থানীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক ও রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে জ্ঞান রয়েছে এবং যাদের মাঝে আমাদের অঞ্চলে ঘটে যাওয়া জটিল ও দুর্বোধ্য ঘটনাগুলোকে বিশ্লেষণ করে জাতিকে সঠিক পথে নির্দেশনা দানের সক্ষমতা রয়েছে।
এর পাশাপাশি তাখাসসুস (বিশেষজ্ঞ হওয়া), তাকামুল (পরিপূর্ণতা অর্জন) ও তায়া’উন (পারস্পরিক সহযোগিতা)-র পন্থার মাধ্যমে আমাদের আলেমদের জ্ঞানের সকল ক্ষেত্রে, বিশেষ করে ফিকহ, তাফসীর ও হাদীসের ক্ষেত্রে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা প্রয়োজন এবং নিজেদের মধ্যকার বিভেদ দূরীভূত করা একান্ত কর্তব্য। এই পদ্ধতিটির ধারণা পাই আমরা বায়তুল মাকদিস বিজেতা আমীরুল মুমিনীন উমর ইবনে খাত্তাব (রা.)-এর একটি বাণী থেকে-
“তুমি ইসলামের বিপদসঙ্কুল পথসমূহের একটি পথে অবস্থান করছো। সচেষ্ট থাকো, যেন তোমার দিক থেকে সে পথে শত্রুর আগমন না ঘটে।”
দুর্ভাগ্যবশত, সমসাময়িক মুসলিম ফকীহগণ আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞানগত ভিত্তি প্রতিষ্ঠা কিংবা এর উন্নয়নের ক্ষেত্রে কোনো অবদানই রাখতে পারেননি। এই সময়গুলোতে তারা যেসব গ্রন্থ রচনা করেছেন সবগুলোই আন্তর্জাতিক নিয়মকানুনের মাঝেই সীমাবদ্ধ, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান পর্যন্ত বিস্তৃত হতে পারেনি। উদাহরণস্বরূপ, ১৯৮১ সালে সিরিয়ার প্রখ্যাত ফকীহ উস্তাজ ড. ওয়াহবাহ আজ-জুহাইলী রচিত আধুনিক আন্তর্জাতিক আইন ও ইসলামে আন্তর্জাতিক সম্পর্ক গ্রন্থটির কথা বলা যায়।
বিংশ শতাব্দীর শুরুতে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া আন্তর্জাতিক সম্পর্ক নামক জ্ঞানের শাখাটি আন্তর্জাতিক আইন থেকে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। আন্তজার্তিক সম্পর্ক সামগ্রিকভাবে সকল আইনী নিয়মকানুনকে পরিগ্রহ করে, রাষ্ট্রসমূহের মাঝে সম্পর্ক নিয়ন্ত্রণ করে এবং আন্তর্জাতিকভাবে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও সংগঠিত চুক্তিসমূহের বাস্তবায়ন নিশ্চিত করে।
এছাড়াও আমরা আরও যেসব সমস্যার মুখোমুখি হচ্ছি তার মাঝে রয়েছে, ইতিহাসবিদ ও সামাজিক বিজ্ঞানের বিশেষজ্ঞদের মাঝে একটি বিভাজনের অস্তিত্ব ও বিস্তর ফারাক পরিলক্ষিত হওয়া।
সমাজবিজ্ঞানীগণ ঘটনাগুলোকে বুঝা ও ব্যাখ্যা করার ক্ষেত্রে সাহায্যকারী তত্ত্বসমূহের দিকে মনোনিবেশ করেন এবং এই ক্ষেত্রে তারা দর্শন, তাত্ত্বিকরণ এবং সার্বজনীনকরণের উপায় অবলম্বন করেন। এর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই তারা ঐতিহাসিক গবেষণার শরণাপন্ন হন না।
অপরদিকে ইতিহাসবেত্তাগণ প্রেক্ষাপট, সময় এবং স্থানের ভিত্তিতে ঘটনাগুলোকে বুঝার চেষ্টা করেন এবং এর সত্যতা নিরূপণ করেন। তারা তাদের ইতিহাস পাঠের ক্ষেত্রে তাত্ত্বিক পদ্ধতি অবলম্বন, সার্বজনীনকরণ এবং মডেল প্রস্তাবনা করার দিকে মোটেও মনোনিবেশ করেন না।
কোনো সন্দেহ নেই যে, একটি বিচ্ছিন্ন গবেষণা বা যার কোনো ঐতিহাসিক ভিত্তি ও সংযোগ নেই, তা যেকোনো ঘটনা বোঝার জন্য অনুপযুক্ত একটি গবেষণা। এর ফলাফল বেশ ভয়াবহ হতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সমস্যা সমাধান ও কৌশলগত পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে ভৌগোলিক ও ঐতিহাসিক ভিত্তির গুরুত্বের উপর তুরস্কের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ড. আহমদ দাউদওলু তার Strategic Depth বইয়ে উল্লেখ করেন-
“যে সমাধানের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, তা ঘটনাগুলোর একটির সাথে অপরটির বিচ্ছিন্নতা সৃষ্টি করবে। আর যে সমাধানের ভৌগোলিক কোনো ভিত্তি নেই, তা ঘটনাগুলোকে অতি সাধারণ পর্যায়ে নামিয়ে আনবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সাথে সামগ্রিকতার কোনো সম্পর্ক তৈরি করতে পারবে না। অর্থাৎ বিচ্ছিন্ন, খণ্ড-খণ্ড ও একমাত্রিক গবেষণার দ্বারা কখনোই সঠিক কোনো সমাধানে উপনীত হওয়া সম্ভব নয়।”
এটি আরও স্পষ্টভাবে তুলে ধরার জন্য তিনি বলেন-
“ঐতিহাসিক কোনো ভিত্তি ছাড়া আন্তজার্তিক সম্পর্কের বর্তমান অবস্থা নিরূপণ করার প্রচেষ্টা কোনো ব্যক্তির মন-মানসিকতা না জেনে তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করার মতোই নিষ্ফল।”
আলোচনাটি তিনি আরও জোরালোভাবে গুরুত্ব দিয়ে শেষ করেন এই বলে-
“আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যেকোনো সমাজের অবস্থান নির্ণয় করা হয় তার ঐতিহাসিক ও ভৌগোলিক ভিত্তির উপর নির্ভর করে। আর এই দুটি হচ্ছে মূলত সময় ও স্থানের উপাদান। যে সমাজের ইতিহাস ও ভূগোল বিশ্লেষণের সক্ষমতা নেই, সে সমাজ যেকোনো নতুন ঘটনার সাথেও সম্পৃক্ততা তৈরি করতে পারে না অথবা জরুরী অবস্থায় খাপ খাইয়ে নিতে এবং সংকট কাটিয়ে উঠতে পারে না। তাই একটি প্রতিশ্রুতিশীল সমাজের উচিৎ ইতিহাসের পাতায় অবদান রাখা এবং ইতিহাস লেখা ও চর্চাও করা। অবহেলা করে কিংবা শুধুমাত্র পড়ে পড়ে ইতিহাস থেকে উপকৃত হওয়া সম্ভব নয়। বরং ইতিহাস বিশ্লেষণ করে এবং ভূগোলের দ্বারস্থ হয়ে বর্তমান সময় ও স্থানের উপযোগী ব্যাখ্যা প্রদানের মাধ্যমেই একটি সুন্দর জীবনযাপন উপহার দেওয়া সম্ভব।”
সমসাময়িক ঘটনাগুলোর প্রভাব পর্যবেক্ষণ করে ভবিষ্যত ইতিহাস বিনির্মাণের জন্য আমাদের এমন একটি ইতিহাসের বুঝ তৈরি করা প্রয়োজন, যা অতীত, বর্তমান ও ভবিষ্যতের মাঝে সমন্বয় সাধন করবে এবং একটি অপরটিকে প্রভাবিত করবে। অর্থাৎ অতীত বিশ্লেষণ করে বর্তমানকে বুঝবে এবং একইসাথে ভবিষ্যতের কর্মপন্থাও নির্ধারণ করবে।
এটি করতে গিয়ে মানবিক বিদ্যায় একটি একাডেমিক সমস্যার উত্থান হয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সৃষ্টি করে- “একবিংশ শতাব্দীতে এসে যেকোনো ঘটনা, এর বাহ্যিক দিক এবং এর প্রভাব বুঝার জন্য ইতিহাস কীভাবে সামাজিক বিজ্ঞানকে সহযোগিতা করতে পারে?”
সমস্যাটি সমাধানের জন্য উভয় পক্ষের মাঝে উন্মুক্ত মানসিকতা সৃষ্টি করে একটি গাঠনিক সংলাপ এবং ফলপ্রসূ ইতিবাচক যোগাযোগ প্রয়োজন, যেখানে কেবল জ্ঞানের একটি ক্ষেত্র নিয়ে আলাপে সীমাবদ্ধ থাকবে না। কেননা, এতে কারোরই সন্দেহ নেই যে, মানবিক জ্ঞানের শাখাগুলো একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত এবং পরস্পর নির্ভরশীল। একটি থেকে অপরটিকে আলাদা করার কোনো উপায় নেই।
জ্ঞানের প্রতিটি শাখার ক্ষেত্রেই এটি প্রযোজ্য। অন্যান্য ক্ষেত্র থেকে বিচ্ছিন্ন করে জ্ঞানের কোনো একটি ক্ষেত্রকে স্বতন্ত্রভাবে অধ্যয়ন করা সম্ভব নয়। এই প্রেক্ষিতে বলা যায়, জ্ঞানের এই ক্ষেত্রগুলো, বিশেষ করে ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের জন্য সর্বোত্তম পদ্ধতি হলো, একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত করে অধ্যয়ন করা এবং সকল জ্ঞানের শাখাগুলোকে সামগ্রিকভাবে দেখা।
মানবিক ও সামাজিক বিজ্ঞানের এই আলাপের ক্ষেত্রে জ্ঞানের শাখাগুলোর সর্বোত্তম উদাহরণ হতে পারে আন্তর্জাতিক সম্পর্ক। যা ইতিহাস থেকে উদ্ভুত এবং ইতিহাসের সাথে যার একটি শক্তিশালী অঙ্গাঙ্গি সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই সমস্যার সমাধান হতে পারে কেবল একটি বাস্তব গবেষণাসমৃদ্ধ ইতিহাসের বোঝাপড়ার মধ্যদিয়ে।
ঐতিহাসিক ঘটনাগুলোকে ভালোভাবে অধ্যয়ন না করায় এথেন্সের সামরিক জেনারেল থুসিডাইডিস ৮ বছরব্যাপী যুদ্ধ করে হেরে যান এবং ২০ বছরের জন্য নির্বাসিত হন। পরবর্তীতে তিনি এটা বুঝতে পেরে সামরিক জেনারেল থেকে একজন ইতিহাসবিদ হয়ে ওঠেন।
এজন্য বলা হয় যে-
“অতীত হচ্ছে ভবিষ্যতের জন্য দলীলস্বরূপ অথবা ভবিষ্যৎ অতীতের উপর নির্ভর করে।”
লেবাননের প্রখ্যাত আলেম আসাদ রুস্তম তার ইতিহাস গবেষণা বিষয়ক বিখ্যাত গ্রন্থ “مصطلح التاريخ”-এ বলেন-
“একজন ঐতিহাসিকের কেবল ‘কী ঘটছে’ তা ব্যখ্যা করা উচিত নয়, বরং ‘কেন ঘটছে’ তা-ও ব্যাখ্যা করা উচিৎ।”
একই গ্রন্থে তিনি আরও বলেন-
“গতানুগতিক ইতিহাস বর্ণনা ও ইতিহাসের ব্যাখ্যামূলক বিশ্লেষণের মাঝে পার্থক্যটা পরিমাণের, গুণমানের নয়।”
অতীতকে বুঝা, স্পষ্টতা দান এবং সঠিক বিশ্লেষণের মাঝে সম্পর্কের ব্যাপারে তিনি উল্লেখ করেন-
“একজন ইতিহাসবিদকে অবশ্যই হাকীকত পর্যালোচনা এবং একটি উপলব্ধি দাঁড় করানোর মাধ্যমে তার কাজ শুরু করতে হবে। তারপর এই হাকীকতের বাহ্যিক দিকগুলো বিবেচনা করে সেগুলো সম্পর্কে একটি চিন্তা বা তত্ত্বগত ভিত্তি তৈরি করবে। পরবর্তীতে ব্যাখ্যাপ্রদান ও স্পষ্টকরণের ক্ষেত্রে এই চিন্তা বা তত্ত্বের উপর ভিত্তি করে উদ্দেশ্যকে সামনে রেখে গবেষণা চালিয়ে যাবে। যদি তিনি বুঝতে পারেন তার এই চিন্তাগত বা তাত্ত্বিক ভিত্তি সঠিক ফলাফল দিচ্ছে না, তাহলে তার উচিৎ এটি পরিবর্তন করা এবং অন্য একটি ভিত্তি তৈরি করা। এভাবে তিনি ততক্ষণ পর্যন্ত কাজ করে যাবেন, যতক্ষণ না প্রমাণিত হয় যে তার গৃহীত ভিত্তিটি সঠিক হয়েছে।”
অনুবাদঃ তাহছীনুর রহমান



মতামত প্রকাশ করুন