ইরান যুদ্ধ: আমেরিকা ও ইসরায়েলের কৌশলগত বিপর্যয়

৪ বার পঠিত

দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের তাবৎ সব বিশৃঙ্খলা আর অনর্থক যুদ্ধের পক্ষে জোরালো অবস্থান নিয়ে এসেছেন নব্য-রক্ষণশীল লেখক রবার্ট কেগান। সেই তিনিই এখন সতর্ক করে বলছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান এই সংঘাত আধুনিক মার্কিন ইতিহাসের অন্যতম বড় কৌশলগত পরাজয়ে রূপ নিচ্ছে, যদিও যুদ্ধের শুরুর দিকে অনেকেই তাঁর এই মূল্যায়নকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছে। তবে মূল্যায়নটির যথার্থতা প্রমাণ করতে আর কিছু বাকি নেই এখন।

পশ্চিমা বিশ্বে এতদিন মোটামুটি এই একটি ধারণাই শক্তভাবে প্রতিষ্ঠিত ছিল-ইরান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সামরিক স্থাপনায় হামলা হয়েছে, শীর্ষ নেতা, সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা গুপ্তহত্যার শিকার হয়েছেন, অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোও বড় ধরনের আঘাতের সম্মুখীন; এমন বাস্তবতায় ইরানকে বিজয়ী বলার সুযোগ কোথায়?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে যুদ্ধের ইতিহাসে বারবার উঠে আসা একটি মৌলিক বিতর্কের দিকে, তা হলো- রণাঙ্গনের বিজয় আসলে কী দিয়ে পরিমাপ করা হয়? যুদ্ধের জয়-পরাজয় যদি কেবল ধ্বংসযজ্ঞের মাত্রা দিয়ে নির্ধারণ করা হয়, তাহলে অধিক সামরিক শক্তিধর পক্ষকেই প্রায় সব সময় বিজয়ী বলে মনে হবে। কিন্তু ইতিহাসের শিক্ষা ভিন্ন। ধ্বংস করতে পারা আর যুদ্ধে জয়ী হওয়া এক কথা নয়।

যুক্তরাষ্ট্র ভিয়েতনামের বিস্তীর্ণ জনপদ ধ্বংস করেও সেখানে নিজের রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে বিপুল সামরিক শক্তি প্রয়োগ করেও শেষ পর্যন্ত পরাজিত হয়ে ফিরেছে। আফগানিস্তানে দুই দশক ধরে যুদ্ধ চালিয়ে এবং কয়েক ট্রিলিয়ন ডলার ব্যয় করেও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত দেখেছে, তাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সরকার সেনা প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই কিভাবে ভেঙে পড়লো। ইরাকেও শাসনব্যবস্থা পাল্টানো, সমাজকে নিজেদের পরিকল্পনা অনুযায়ী পুনর্গঠনের চেষ্টা এবং বিপুল অর্থ ও সামরিক শক্তি ব্যয়ের পর ওয়াশিংটনকে শেষ পর্যন্ত প্রতিরোধের মুখে পিছু হটতে হয়েছে।

প্রতিটি অভিজ্ঞতাই আমাদের সামনে একই সত্য হাজির করেছে, তা হলো-সামরিক শক্তি দিয়ে একটি দেশকে ধ্বংস করা যায়, তার অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া যায়, শাসককে সরিয়ে দেওয়া যায়; কিন্তু একটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিজের ইচ্ছেমতো গড়ে দেওয়া যায় না। ইরান ও মার্কিন-ইসরায়েলি জোটের সাম্প্রতিক সংঘাতের তাৎপর্য বুঝতে হলে এই পার্থক্যটি অনুধাবন করা জরুরি।

প্রকৃতপক্ষে, এই যুদ্ধের কেন্দ্রে কেবল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি কখনোই এককভাবে ছিলনা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কিংবা আঞ্চলিক মিত্রদের প্রতি তার সমর্থনের প্রশ্নও এখানে সমানভাবে প্রাসঙ্গিক। এর আরো গভীরে ছিল পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য নির্ধারণের লড়াই। ওয়াশিংটন ও তেল আবিবের লক্ষ্য ছিল ইসরায়েলি আধিপত্য এবং মার্কিন কর্তৃত্বের ওপর প্রতিষ্ঠিত একটি আঞ্চলিক ব্যবস্থা সুসংহত করা। একই সঙ্গে ইরানকে তার স্বতন্ত্র পররাষ্ট্রনীতি, কৌশলগত অবস্থান ও আঞ্চলিক মিত্রতার বলয় থেকে বিচ্ছিন্ন করে মার্কিন-ইসরায়েলি ব্যবস্থার কাছে নতিস্বীকারে বাধ্য করা।

এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে, যুদ্ধের পরিণতি ইরানের আত্মসমর্পণে না গিয়ে উলটো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাঙ্ক্ষিত আঞ্চলিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যর্থতার দিকেই সমধিক গিয়েছে। ফলে ইরান কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু সেই হিসাব দিয়ে এই যুদ্ধের ফল নির্ধারণ করা যাচ্ছেনা। একইসাথে দেখতে হচ্ছে, বিপুল সামরিক শক্তি প্রয়োগ করেও প্রতিপক্ষকে তার রাজনৈতিক অবস্থান থেকে সরিয়ে দিতে পেরেছে কিনা। আর সেখানেই এই সংঘাতের সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্নটি লুকায়িত।

আসলে ইরানের বিজয়ের তাৎপর্য বুঝতে হলে আমাদের প্রথমেই তাকাতে হবে চলমান যুদ্ধ পরিস্থিতিরও আরো আগে। গাজার গণহত্যামূলক যুদ্ধ শুরুর আগ মুহূর্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে গ্রেট মিডেল ইস্টের মানচিত্র তুলে ধরেছিল, তাতে ফিলিস্তিনের কোনো অস্তিত্বই কার্যত ছিলনা। তার সেদিনের অঙ্গভঙ্গিতে মনে হচ্ছিল, মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘস্থায়ী সংকটটি যেন ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে। তাদের পরিকল্পনা ছিল, তথাকথিত আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে। গড়ে উঠবে নতুন অর্থনৈতিক করিডোর, প্রযুক্তিগত সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব। এর মধ্য দিয়ে ইসরায়েল যুক্ত হবে পারস্য উপসাগরীয় অঞ্চল, আরব বিশ্ব এবং তার বাইরের দেশগুলোর সঙ্গে।

আব্রাহাম চুক্তি ছিল এই পরিকল্পনার কেবল শুরু। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে ইসরায়েলের সামরিক সমন্বয়, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করা এবং প্রস্তাবিত ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি); সবকিছুই যেন একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছিল। আর সেই ব্যবস্থায় ইসরায়েল হয়ে উঠবে অঞ্চলের প্রধান সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তি।

এই পরিকল্পনার মূল কথা ছিল, ইসরায়েলি শাসনব্যবস্থা অঞ্চলটির নিরাপত্তার নিশ্চয়তা দেবে, ইরানকে বিচ্ছিন্ন করে রাখা হবে, ফিলিস্তিনকে আঞ্চলিক রাজনীতির প্রান্তে ঠেলে দেওয়া হবে এবং প্রতিরোধ আন্দোলনগুলোকে হয় দুর্বল, নয়তো সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হবে। অর্থাৎ, মার্কিন সামরিক শক্তির ছায়ায় পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে সাজানো হবে ইসরায়েলি আধিপত্যের অধীনে।

কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনা সেই পরিকল্পনাকে পুরোপুরি গুড়িয়ে দেয়।

এরপর গাজায় শুরু হলো গণহত্যামূলক যুদ্ধ। ধীরে ধীরে তা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামরিক কাঠামো নির্ধারণের বৃহত্তর সংঘাতেও রূপ নিলো। গাজা, লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরাকে একের পর এক সামরিক অভিযান, শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা এবং পশ্চিম তীরের আরও বিস্তীর্ণ এলাকা দখলের চেষ্টা; সবকিছুই এই বৃহত্তর পরিকল্পনার অংশ হয়ে ওঠে।

নেতানিয়াহু এবং তাঁর জায়নবাদী ও সাম্রাজ্যবাদী মিত্ররা যে বাস্তবতা ঠেকাতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেটিই এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিণতি হয়ে দাঁড়াল। ফিলিস্তিন আবারও বিশ্বরাজনীতির কেন্দ্রে ফিরে এলো। আর ইরানকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে চালানো ভয়াবহ সামরিক আঘাত সত্ত্বেও দেশটি ঠিকই স্বমহিমায় টিকে রইল।

এক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলের কৌশলের ভিত্তি ছিল এই একটি ধারণা: সামরিক হামলা, অর্থনৈতিক চাপ, কঠোর নিষেধাজ্ঞা, সাইবার আক্রমণ, গুপ্তহত্যা এবং দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করতে পারলে একসময় হয়তো ইরানের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে। অন্যথায় দেশটিকে নিজেদের শর্ত মেনে নিতে বাধ্য করা যাবেনা।

বছরের পর বছর ধরে ওয়াশিংটন ও তেল আবিবে ইরানের সরকার পতনের নানা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। কখনো সর্বোচ্চ অর্থনৈতিক চাপ, কখনো দেশের ভেতরে বিভেদ সৃষ্টি, কখনো ক্ষমতাসীনদের মধ্যে ফাটল ধরানো, আবার কখনো অর্থনীতিকে পুরোপুরি বিপর্যস্ত করে গণঅসন্তোষ উসকে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এসব পরিকল্পনার কোনোটিই প্রত্যাশিত ফল আনতে পারেনি। ইরানের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু রাষ্ট্রের মূল কাঠামো ভেঙে পড়েনি। সরকারি প্রতিষ্ঠানগুলো সচল থেকেছে, সামরিক কমান্ডব্যবস্থা অক্ষুণ্ন রয়েছে, নেতৃত্বের পরিবর্তনও রাষ্ট্রীয় ব্যবস্থার বড় কোনো বিপর্যয় ছাড়াই সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়গুলোও নিজ নিজ কার্যক্রম চালিয়ে গেছে।

ইরানকে একটি অযৌক্তিক ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থা হিসেবে তুলে ধরতে পশ্চিমা প্রচারমাধ্যম ও ইসরায়েলি প্রচারণাযন্ত্র দীর্ঘদিন ধরে যে ধারণা তৈরি করেছে, বাস্তব পরিস্থিতি সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। শুধু তা-ই নয়, এই ভুল মূল্যায়নের জন্য তাদের কৌশলগত মূল্যও দিতে হয়েছে।

সবশেষে, ইরান তার সার্বভৌমত্ব ধরে রাখতে পেরেছে। কারণ এ ধরনের যুদ্ধের আসল লক্ষ্য সব সময় যে ভূখণ্ড দখল করা এমনও নয়, অনেক সময় প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে বশীভূত করাই এর প্রধান উদ্দেশ্য হয়। অথচ এতো বড় সামরিক সংঘাতের পরও ইরান আত্মসমর্পণ করেনি, বাইরের শক্তির চাপিয়ে দেওয়া কোনো সমাধানই মেনে নেয়নি, ইসরায়েলি আধিপত্যের কাছে মাথা নতও করেনি কিংবা নিজের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকারও এক মুহূর্তের জন্যও ছেড়ে দেয়নি।

আদতে, যে লক্ষ্য সামনে রেখে যুদ্ধ শুরু হয়েছিল আর যুদ্ধের পর যে বাস্তবতা তৈরি হয়েছে, তার সঙ্গে সেই লক্ষ্যের ব্যবধানই এই সংঘাতের ফলাফল আমাদের বুঝিয়ে দেয়। যুদ্ধের শুরুতে ইরানের সামনে এমন কিছু শর্ত তুলে ধরা হয়েছিল, যেগুলো মেনে নেওয়ার অর্থ ছিল কার্যত কৌশলগত আত্মসমর্পণ। অথচ সংঘাতের শেষ দিকে এসে আলোচনা এমন এক পর্যায়ে পৌঁছায়, যেখানে ইরানের শুরু থেকেই তুলে ধরা কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানই গুরুত্ব পেতে শুরু করে।

পুরো সংঘাতজুড়ে তেহরানের অবস্থান ছিল অত্যন্ত স্পষ্ট: সামরিক আগ্রাসন বন্ধ না হলে অর্থবহ কূটনৈতিক আলোচনাও সম্ভব নয়। জবরদস্তিমূলক কূটনীতির মূল ধারণা হলো, সামরিক শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষকে চাপে ফেলা এবং সেই চাপকে আলোচনার টেবিলে নিজেদের পক্ষে কাজে লাগানো। কিন্তু ইরান এই হিসাব উল্টে দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, আলোচনায় বসার আগে সামরিক চাপ ও আগ্রাসন বন্ধ করতে হবে। সংঘাত যত দীর্ঘ হয়েছে, যুক্তরাষ্ট্র ততোই নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার অবস্থান থেকে সরে এসে কূটনৈতিকভাবে বেরিয়ে আসার পথ খুঁজেছে। এই পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় রণক্ষেত্রের চেয়ে আলোচনার টেবিলে।

ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) দেখিয়ে দেয়, যুদ্ধের শুরুতে নেওয়া কঠোর অবস্থান থেকে যুক্তরাষ্ট্র কতটা সরে এসেছে। পরাজিত কোনো রাষ্ট্রের ওপর বিজয়ী পক্ষের শর্ত চাপিয়ে দেওয়ার সঙ্গে এই সমঝোতার মিল নেই। বরং এতে ইরানকে এমন একটি স্বাধীন ও সার্বভৌম পক্ষ হিসেবে বিবেচনা করা হয়েছে, যার সহযোগিতা ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা প্রায় অসম্ভব।

আর এই সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো- যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ সব রণাঙ্গনে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে। যদিও ওয়াশিংটন ও তেল আবিব দীর্ঘদিন ধরে প্রতিটি সংঘাতকে আলাদা করে দেখতে চেয়েছে। তাদের লক্ষ্য ছিল গাজাকে লেবানন থেকে, লেবাননকে ইরান থেকে এবং ইরানকে বৃহত্তর প্রতিরোধ নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা। কিন্তু ইরানের অবস্থান ছিল একেবারে  ভিন্ন। তেহরান শুরু থেকেই বলে এসেছে, শুধু ইরানের বিরুদ্ধে অভিযান বন্ধ করলেই হবে না; গাজা, লেবানন ও হুথিসহ সব রণাঙ্গনেই যুদ্ধ ও হত্যা থামাতে হবে।

এই অবস্থান কার্যকর থাকলে তা ইরানের জন্য একটি বড় কৌশলগত অর্জন হবে। কারণ এর ফলে লেবাননসহ বৃহত্তর আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের নিরাপত্তার বিষয়টি মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসন বন্ধের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তবে এই সমঝোতায় গাজার অবস্থান এখনো স্পষ্ট নয়। ইরানের দাবি, গাজাও এর আওতায় রয়েছে। কিন্তু ইসরায়েলি সরকার স্বাভাবিকভাবেই এই ব্যাখ্যা মেনে নিতে চাইছে না।

সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, উভয় পক্ষ একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাবে এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

১৯৫৩ সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের বিরুদ্ধে অভ্যুত্থান থেকে শুরু করে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পরবর্তী সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র বারবার ইরানের রাজনৈতিক গতিপথ নিজেদের স্বার্থ অনুযায়ী নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। নিষেধাজ্ঞা, গোপন অভিযান, অন্তর্ঘাত, রাজনৈতিক চাপ এবং সরকারবিরোধী শক্তিকে পৃষ্ঠপোষকতা; বিভিন্ন উপায়ে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়েছে ওয়াশিংটন। তাই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এই অঙ্গীকার যদি সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়, তবে তা হবে ইরানে সরকার পরিবর্তনের কয়েক দশকের মার্কিন নীতি থেকে বড় ধরনের সরে আসা। এর অর্থ দাঁড়ায়, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ জোগানো, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করা কিংবা সরকার পতনের চেষ্টা; এসব পদক্ষেপও সমঝোতার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

নৌ-নিরাপত্তার ক্ষেত্রেও সমঝোতাটি ইরানের জন্য গুরুত্বপূর্ণ কিছু সুযোগ তৈরি করেছে। এর আওতায় যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ-চলাচলের বাধা দূর করা এবং পরবর্তী সময়ে ইরানের কাছাকাছি অবস্থান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার বিষয়গুলো স্থান পেয়েছে।

বিশেষ করে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরানকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে। প্রণালিতে পুঁতে রাখা মাইন অপসারণ, নৌ-চলাচলের কারিগরি ব্যবস্থা এবং ওমানসহ উপকূলবর্তী দেশগুলোর সঙ্গে এর পরিচালনা ও নৌ-সেবা নিয়ে ভবিষ্যৎ আলোচনায় ইরানের অংশগ্রহণকেও এখানে গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় সাধারণত তেল ও গ্যাসের বিষয়টিই বেশি গুরুত্ব পায়। অথচ এই প্রণালির গুরুত্ব শুধু জ্বালানি সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের সমুদ্রপথে বাণিজ্য হওয়া জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। পাশাপাশি বিশ্ববাজারে হিলিয়ামের এক-তৃতীয়াংশেরও বেশি আসে উপসাগরীয় অঞ্চল থেকে, বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে। সেমিকন্ডাক্টর, চিকিৎসা-প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও আধুনিক শিল্পে এই গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একইভাবে, বৈশ্বিক অ্যামোনিয়া ও ইউরিয়া বাণিজ্যের বড় অংশ উপসাগরীয় দেশগুলোর ওপর নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে শুধু জ্বালানির বাজারই নয়, কৃষি, খাদ্য উৎপাদন ও শিল্পের সরবরাহব্যবস্থাও বিপর্যস্ত হতে পারে। এই সংঘাতের মধ্য দিয়ে ইরান এটিও দেখিয়েছে, তার প্রভাব শুধু তেল সরবরাহে বিঘ্ন ঘটানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থাতেও সে চাপ সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিকভাবে পরাস্ত না করেও ইরান বুঝিয়ে দিয়েছে, সংঘাত বাড়ানোর মূল্য ওয়াশিংটনকেও বহন করতে হবে।

চলমান এই যুদ্ধটি মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের সীমাবদ্ধতাও সামনে এনেছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের ভিত্তি ছিল উন্নত প্রযুক্তি ও অস্ত্রের শ্রেষ্ঠত্ব দিয়ে যেকোনো সংঘাতের গতিপথ নিয়ন্ত্রণ করা। কিন্তু ইরানের সঙ্গে সংঘাত দেখিয়ে দিয়েছে যে, সামরিক শ্রেষ্ঠত্ব থাকলেই রাজনৈতিক লক্ষ্য অর্জন নিশ্চিত হয় না।

এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল থাড, অ্যারো, ডেভিডস স্লিং, এসএম-৩ ও এসএম-৬-এর মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ওপর ব্যাপকভাবে নির্ভর করেছে। এসব ব্যবস্থা অনেক হামলা প্রতিহত করতে পারলেও এর জন্য তাদের বিপুল অর্থ ব্যয় হয়েছে। শত শত উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে তাদের মজুতেও চাপ তৈরি হয়েছে।

এই সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবের দুটি গুরুত্বপূর্ণ ভিত্তিকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে; পেট্রোডলার ব্যবস্থা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটির নেটওয়ার্ক। ১৯৭০-এর দশক থেকে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে ডলারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে শুধু মার্কিন অর্থনীতির শক্তির কারণে নয়; উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক প্রভাব বজায় রাখা এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতাও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কিন্তু হরমুজ প্রণালিতে সামান্য সময়ের জন্য জাহাজ চলাচল ব্যাহত হওয়াই দেখিয়ে দিয়েছে, এই সরবরাহব্যবস্থা সচল রাখতে যুক্তরাষ্ট্রকে কত বড় সামরিক ও অর্থনৈতিক মূল্য দিতে হতে পারে। একই সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্য এবং আন্তর্জাতিক লেনদেনে ডলারের ওপর নির্ভরতা কমানোর যে আলোচনা আগে থেকেই চলছিল, এই সংঘাত তা আরও গুরুত্বের সঙ্গে সামনে এনেছে। এখানে আসলে যুদ্ধ ডলারের বিকল্প তৈরি করেনি, তবে ডলারনির্ভর ব্যবস্থার ভূরাজনৈতিক ঝুঁকি নতুন করে প্রকাশ করেছে।

একই বাস্তবতা দেখা গেছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষেত্রেও। একসময় এসব ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রভাবের প্রতীক। কিন্তু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির বিস্তারের ফলে সেগুলো এখন আঞ্চলিক সংঘাতের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে এসব ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করা যেমন কঠিন হচ্ছে, তেমনি বাড়ছে সামরিক ও রাজনৈতিক ব্যয়ও।

ইরানের এই সংঘাত তাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বজায় রাখা যদি ক্রমেই ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তাহলে সেই উপস্থিতি দিয়ে দীর্ঘমেয়াদে আধিপত্য ধরে রাখা কতটা সম্ভব?

ইরানের আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোও এই সংঘাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। হামাস ও হিজবুল্লাহর সামরিক সক্ষমতা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ইয়েমেনের প্রতিরোধ শক্তিগুলোও চাপের মুখে পড়েছে এবং ইরাকের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীও সংঘাতের বাইরে থাকতে পারেনি। তবু এসব গোষ্ঠীকে পুরোপুরি নিশ্চিহ্ন করার লক্ষ্য অর্জিত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে ইরান এখনো এই আঞ্চলিক নেটওয়ার্কের প্রধান শক্তি হিসেবে টিকে আছে।

শেষ পর্যন্ত এই সংঘাতের মূল্যায়ন করতে হবে কেবল কতটি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে, কতজন সেনা নিহত হয়েছে কিংবা কত অস্ত্র ব্যবহৃত হয়েছে, তা দিয়ে নয়;  দেখতে হবে, যুদ্ধের শুরুতে যে রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, শেষ পর্যন্ত তা কতটা অর্জিত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে ছিল বিপুল সামরিক শক্তি ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব। তবু সংঘাতের শেষে তাদের সেই ইরানের সঙ্গেই আলোচনায় বসতে হয়েছে, যাকে তারা নিতান্তই দুর্বল ভেবে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। একই সঙ্গে ইসরায়েলের যুদ্ধ সম্প্রসারণের আকাঙ্ক্ষা এবং যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশলগত স্বার্থের মধ্যকার বিরোধও স্পষ্ট হয়ে উঠেছে। অতএব, এই যুদ্ধের ফলাফল বুঝতে হলে ধ্বংসের হিসাবের বাইরে গিয়ে রাজনৈতিক বাস্তবতার দিকেই আমাদের বেশী তাকাতে হবে। কারণ অসম সামরিক শক্তির লড়াইয়ে প্রতিপক্ষের সব আক্রমণ ঠেকানোই একমাত্র সাফল্য নয়, বরং তার নির্ধারিত রাজনৈতিক লক্ষ্য অর্জন ঠেকিয়ে নিজের অবস্থান ধরে রাখাও এক ধরনের কৌশলগত সাফল্য।

অনুবাদঃ মুশফিকুর রহমান

লেখাটি শেয়ার করুন

মতামত প্রকাশ করুন

অনুদান দিন
Scroll to Top