মালিক বিন নবী ও স্বাধীনতার শর্ত উপনিবেশপ্রবণতা থেকে সভ্যতার পুনর্গঠনের প্রশ্ন

২০ বার পঠিত

ধরুন, একটি বিশ্ববিদ্যালয়ে নতুন ল্যাবরেটরি তৈরি হলো। উদ্বোধনের দিন বিদেশ থেকে আনা যন্ত্রগুলো দেখানো হলো। বছরখানেক পরে একটি যন্ত্র বিকল হলে দেখা গেল, সেটি মেরামত করার মতো দক্ষতা সেখানে গড়ে ওঠেনি। কিন্তু গবেষণাগারটির আরও বড় দুর্বলতা ধরা পড়বে অন্য একটি প্রশ্নে। যেসব সমস্যা সমাধানের জন্য এই ল্যাবরেটরি, সেগুলো চিহ্নিত করার সামর্থ্য কি বিশ্ববিদ্যালয়টির আছে? নাকি কোন সমস্যা নিয়ে কাজ হবে, কোন পদ্ধতিতে হবে, এমনকি কোন ফলাফলকে সাফল্য বলা হবে, তার জন্যও তাকে অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়? প্রথম প্রশ্নটি প্রযুক্তিগত নির্ভরতার। দ্বিতীয়টি চিন্তার স্বাধীনতার। মালিক বিন নবীর সভ্যতাচিন্তা আমাদের এই দ্বিতীয় প্রশ্নটিও করতে শেখায়।

এই পার্থক্যটি রাজনৈতিক স্বাধীনতার ক্ষেত্রেও প্রাসঙ্গিক। ঔপনিবেশিক শাসনের অবসান নিছক পতাকা বদল নয়। এর মধ্য দিয়ে একটি জনগোষ্ঠী নিজের আইন, সম্পদ ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ফিরে পায়। কিন্তু অধিকার ফিরে পাওয়া আর সেই অধিকার প্রয়োগের সামাজিক সামর্থ্য গড়ে তোলা এক কাজ নয়। দীর্ঘদিন অন্যের প্রয়োজন মেটানোর জন্য গড়ে ওঠা প্রতিষ্ঠান রাতারাতি নিজের সমাজের প্রয়োজন মেটাতে শেখে না। আবার যে দুর্বলতাগুলো দখলের আগেই ছিলো, রাজনৈতিক স্বাধীনতা অর্জনের সঙ্গে সেগুলোও আপনাআপনি দূর হয় না। প্রখ্যাত আলেম ও সভ্যতাবিশারদ চিন্তাবিদ মালিক বিন নবীর কাছে মুক্তির প্রশ্নটি এ কারণেই ভূখণ্ডের সীমানা ছাড়িয়ে সমাজের ভেতরে গিয়ে পৌঁছায়।

ঔপনিবেশিক আধিপত্যের দুটি দিক

ফরাসি শাসনাধীন আলজেরিয়ার অভিজ্ঞতা থেকে বিন নবী দেখিয়েছেন, একটি ঔপনিবেশিক প্রশাসন কীভাবে মানুষের সামর্থ্যকে প্রতিদিন খর্ব করে। একটি শিশুর জন্য পড়াশোনার ব্যবস্থা নেই, তার বাবার জন্য কাজের সুযোগ নেই। যে শিশু বহু বাধা পেরিয়ে পড়াশোনার সুযোগ পেল, তাকেও জীবিকার সন্ধানে প্রশাসনিক বৈষম্যের মুখোমুখি হতে হয়। The Conditions of Renaissance গ্রন্থে বিন নবী এই বহিরাগত বাধাকে বলেছেন coefficient colonisateur। বাংলায় একে বলা যায় ‘ঔপনিবেশিক অবদমনের উপাদান’। এর পাশেই তিনি আরেকটি উপাদান চিহ্নিত করেন, coefficient auto-réducteur। বাইরের শক্তি যা কেড়ে নেয়, এটি তার নাম নয়। এটি সেই প্রক্রিয়া, যার মধ্য দিয়ে সমাজ তার হাতে যে সামর্থ্যটুকু আছে, সেটিও কাজে লাগাতে ব্যর্থ হয়।

এখানেই আসে উপনিবেশযোগ্যতা বা কাবিলিয়্যাতুল ইস্তি‘মার (قابلية الاستعمار, colonisability)। কথাটি শুনে মনে হতে পারে, কোনো জাতিকে যেন উপনিবেশ হওয়ার ‘যোগ্য’ বলা হচ্ছে। বিন নবীর ধারণাটি সে অর্থে কোনো জাতির স্থায়ী বৈশিষ্ট্যের বর্ণনা নয়। এটি একটি পরিবর্তনযোগ্য সামাজিক অবস্থার নাম, যেখানে চিন্তার স্থবিরতা, সম্মিলিত কাজে অক্ষমতা কিংবা নিজেদের প্রতিষ্ঠান গড়ে তোলার দুর্বলতা বাইরের আধিপত্যকে প্রতিষ্ঠিত ও স্থায়ী হতে সাহায্য করে। কে দখল করেছে, সে প্রশ্নের উত্তর দেবে ঔপনিবেশিকতার ইতিহাস। কিন্তু দখলদার চলে যাওয়ার পরও আধিপত্য ও দাসত্বের সম্পর্ক কেন টিকে থাকে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে সমাজের ভেতরেও তাকাতে হবে।

এখানে কারণ ও দায়কে গুলিয়ে ফেলা চলবে না। একটি সমাজের দুর্বলতা শনাক্ত করার অর্থ তার ওপর পরিচালিত দখল, লুণ্ঠন বা বৈষম্যের দায় তার ঘাড়ে চাপানো নয়। উপরন্তু, ঔপনিবেশিক শাসন কেবল বিদ্যমান দুর্বলতার সুযোগ নেয় না, নতুন দুর্বলতাও তৈরি করে। শিক্ষার সুযোগ সংকুচিত করলে একটি প্রজন্মের ক্ষতি হয়। সেই প্রজন্ম পরের প্রজন্মের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগও হারায়। ফলে বাইরের চাপ ও ভেতরের দুর্বলতা একে অন্যকে বাড়িয়ে তুলতে পারে। বিন নবীর প্রশ্নের গুরুত্ব এখানেই। ঔপনিবেশিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই চলবে, কিন্তু সে ব্যবস্থাকে টিকিয়ে রাখার মতো অবস্থা যদি আমাদের নিজেদের কাজের মধ্যেও পুনরুৎপাদিত হয়, তাহলে সেটিও বদলাতে হবে।

চিন্তার জগতে পরনির্ভরতা

নিজের প্রশ্ন নিজে করতে না পারা বুদ্ধিবৃত্তিক পরনির্ভরতার একটি লক্ষণ। এর একটি রূপ দেখা যায়, যখন আমরা অতীত থেকে পাওয়া উত্তরকে তার ঐতিহাসিক প্রেক্ষাপট না বুঝেই বর্তমানের ওপর বসিয়ে দিই। আরেকটি রূপ দেখা যায়, যখন পাশ্চাত্যে তৈরি কোনো তত্ত্বকে যাচাই না করেই নিজেদের সমাজের ব্যাখ্যা বলে গ্রহণ করি। প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিই, উত্তরটি আগেই দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে ধরে নিই, উত্তরটি অন্য কোথাও দেওয়া হয়েছে। দুই ক্ষেত্রেই যে কাজটি বাদ পড়ে, তা হলো নিজেদের বাস্তবতা থেকে প্রশ্ন তোলা এবং প্রাপ্ত উত্তরের যথার্থতা পরীক্ষা করা।

বিন নবীর The Question of Ideas in the Muslim World গ্রন্থে এই সংকট বোঝার জন্য দুটি পরিভাষা আছে। একটি হলো মৃত ধারণা (dead ideas)। কোনো ধারণা পুরোনো হয়ে গেলেই মরে যায় না। তার মৃত্যু ঘটে তখনই, যখন যে মূল আদর্শ থেকে তার জন্ম, তার সঙ্গেই যোগ ছিন্ন হয়। নিজের ঐতিহ্যের ভেতরেই তখন ধারণাটির নাম ও ভাষা টিকে থাকে, মানুষ তার দোহাইও দেয়, অথচ একসময় মানুষের চিন্তা ও কাজকে দিকনির্দেশ দেওয়ার যে শক্তি তার ছিলো, তা আর থাকে না। এভাবে যে ধারণা একদিন সমাজকে এগিয়ে নিয়েছিলো, সেটিই একসময় তার স্থবিরতা টিকিয়ে রাখার কারণ হয়ে উঠতে পারে।

অন্যটি প্রাণঘাতী ধারণা (deadly ideas)। একটি ধারণা যে সমাজে গড়ে উঠেছে, সেখানকার ইতিহাস, মূল্যবোধ ও সামাজিক বাস্তবতাই তাকে অর্থ ও কার্যকারিতা দিয়েছে। সেই শর্তগুলো বিবেচনায় না নিয়ে ধারণাটি অন্য সমাজে হুবহু প্রয়োগ করলে তা শুধু অকার্যকর হয়েই থেমে থাকে না। ধার করা সমাধানকেই তখন নিজের সমস্যা বোঝার মাপকাঠি বানানো হয়। ফলে সমাজের প্রকৃত সমস্যাগুলো আড়ালে থেকে যায়, আর নিজের অভিজ্ঞতা থেকে সমাধান খোঁজার সামর্থ্যও দুর্বল হয়ে পড়ে। এই ক্ষতিকর প্রভাবের কারণেই ধারণাটি প্রাণঘাতী। কোনো চিন্তা পুরোনো বলেই মৃত নয়, যেমন বিদেশি বলেই কোনো চিন্তা প্রাণঘাতী নয়। প্রশ্ন হলো, ধারণাটি কোন অভিজ্ঞতা থেকে গড়ে উঠেছে এবং যে সমাজে তা গ্রহণ করা হচ্ছে, সেখানে তা কী কাজ করছে।

ধরা যাক, একটি শহরে বারবার জলাবদ্ধতা হচ্ছে। বাইরে থেকে শেখা নগর পরিকল্পনার পদ্ধতি এখানে কাজে লাগতে পারে। কিন্তু তা প্রয়োগ করতে গেলে স্থানীয় খালের ইতিহাস, ভূমির ব্যবহার, বসতির ধরন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার হাতে, তা জানতে হবে। একইভাবে, অতীতে এ অঞ্চলে পানি ব্যবস্থাপনার ভালো নজির ছিল বলেও আজকের সমস্যার সমাধান হয়ে যায় না। কোন ব্যবস্থা কী পরিস্থিতিতে কাজ করেছিল, আর আজ কী বদলেছে, তা বোঝা দরকার। চিন্তার স্বাধীনতা মানে বাইরের জ্ঞান প্রত্যাখ্যান করা নয়। এর অর্থ হলো, নিজের সমাজের অভিজ্ঞতাকে জ্ঞান তৈরির উপাদান হিসেবে নেওয়া এবং সেই অভিজ্ঞতার আলোকে দেশি-বিদেশি ধারণা বিচার করতে পারা।

উপকরণ স্তূপীকৃত করা আর সভ্যতা গড়া

বিন নবী সভ্যতার উপকরণ জড়ো করা আর সভ্যতা গড়ে তোলার সামর্থ্যের মধ্যে পার্থক্য করেছেন। একটি দেশ যন্ত্রপাতি কিনতে পারে, হাসপাতাল বানাতে পারে, বিদেশি সফটওয়্যার দিয়ে সরকারি সেবা চালু করতে পারে। এসব অর্জনকে ছোট করে দেখার কারণ নেই। কিন্তু যন্ত্রের সঙ্গে তা মেরামতের জ্ঞান, হাসপাতালের সঙ্গে জনস্বাস্থ্যের উপযোগী ব্যবস্থা কিংবা সফটওয়্যারের সঙ্গে নিজস্ব তথ্য পরিচালনার সামর্থ্য কেনা যায় না। সেগুলো গড়ে তুলতে হয়। বিন নবীর ভাষায়, ‘উপকরণের সঞ্চয়’ আর ‘সভ্যতা নির্মাণ’ তাই এক কথা নয়। সভ্যতার ফল আমদানি করা যায়। সেই ফল উৎপাদনের সামাজিক প্রক্রিয়া আমদানি করে বসিয়ে দেওয়া যায় না।

তাঁর বহুল আলোচিত বিশ্লেষণে সভ্যতা নির্মাণের তিনটি উপাদান হলো মানুষ, মাটি ও সময়। মানুষ কাজ করে ও সম্পর্ক গড়ে তোলে। মাটি তাকে কাজের বস্তুগত অবলম্বন জোগায়। সময়ের মধ্য দিয়ে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রতিষ্ঠান এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত হয়। মানুষ, মাটি ও সময় উপস্থিত থাকলেই অবশ্য সভ্যতা গড়ে ওঠে না। বিন নবীর মতে, এই তিন উপাদানকে একটি অভিন্ন উদ্দেশ্যে সক্রিয় করে দ্বীন। এ কারণেই তিনি দ্বীনকে সভ্যতা নির্মাণের অনুঘটক বলেছেন। ইসলামী সভ্যতার উত্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেখিয়েছেন, কোরআনী ধারণা প্রথমে মানুষের ভেতরেই পরিবর্তন আনে। তার আকাঙ্ক্ষা ও প্রবৃত্তিকে সংযত করে, তার কাজকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে একটি উদ্দেশ্য দেয়। আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক এভাবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককেও নতুন ভিত্তি দেয়। বিশ্বাস যখন পরস্পরের প্রতি দায়বোধ ও সহযোগিতায় প্রকাশ পায়, তখন মানুষের বিচ্ছিন্ন প্রচেষ্টা সম্মিলিত কাজে রূপ নেয়। মানুষ তখন তার ভূমির সম্পদকে সেই অভিন্ন উদ্দেশ্যে কাজে লাগাতে পারে এবং প্রজন্ম থেকে প্রজন্মে সেই কাজ এগিয়ে নিতে পারে। বিশ্বাসের এই রূপান্তরের মাধ্যমে দ্বীন সভ্যতা বিনির্মাণের প্রাণশক্তির ভূমিকা পালন করে ।

বিন নবীর এই পার্থক্য দিয়ে ডিজিটাল নির্ভরতাও বোঝা যায়। তবে এ প্রয়োগ আমাদের সময়ের, তাঁর নিজের নয়। কোনো প্রতিষ্ঠান বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করলেই পরনির্ভর হয়ে পড়ে না। তা বুঝতে হলে দেখতে হবে, নিজের তথ্যের নিয়ন্ত্রণ তার হাতে আছে কি না। সেবাদাতা দাম বা ব্যবহারের শর্ত বদলে দিলে প্রতিষ্ঠানটি কি অন্য ব্যবস্থায় যেতে পারে? স্থানীয় ভাষা ও প্রয়োজনের সঙ্গে মিলিয়ে সেবাটি বদলে নেওয়ার সুযোগ কি তার আছে? প্রযুক্তি কোথায় তৈরি হয়েছে, সে প্রশ্নের পাশাপাশি এগুলোও জরুরি। প্রযুক্তি কিনতে পারা আর কী শর্তে তা ব্যবহার করা হবে, সে বিষয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারা এক কথা নয়।

এই নির্ভরতার অর্থনৈতিক দিকটিও দেখা যাক। ধরা যাক, একটি দেশ দীর্ঘদিন ধরে কাঁচামাল রপ্তানি করছে, আর সেই কাঁচামাল দিয়ে তৈরি পণ্য বেশি দামে আমদানি করছে। শুধু আমদানি কমানোর ঘোষণা দিয়ে এ সম্পর্ক বদলানো যাবে না। ঋণের শর্ত, বিদেশি বাজারে প্রবেশের বাধা ও প্রযুক্তির নিয়ন্ত্রণ কার হাতে, তা যেমন দেখতে হবে, তেমনি দেখতে হবে দেশের ভেতরে কারিগরি শিক্ষার অবস্থা, উৎপাদনে বিনিয়োগ এবং উৎপাদকদের মধ্যে সহযোগিতা কতটা আছে। ‘নব্যঔপনিবেশিকতা’ কথাটি তখনই অর্থবহ, যখন তা দিয়ে এমন সম্পর্ক বোঝানো হয়, যেখানে সরাসরি শাসন না করেও বাইরের কোনো শক্তি দীর্ঘদিন ধরে একটি সমাজের নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সংকুচিত করে রাখতে পারে। সব আন্তর্জাতিক বাণিজ্য বা সহযোগিতাকে এ নামে ডাকলে কোথায় আধিপত্য কাজ করছে আর কোথায় উভয় পক্ষের লাভের সুযোগ রয়েছে, সেই পার্থক্যটিই আর ধরা পড়ে না।

আত্মপরিবর্তন যখন সামাজিক কাজ

পুনর্জাগরণ নিয়ে আলোচনার ভিত্তি হিসেবে বিন নবী কোরআনের একটি আয়াতকে সামনে এনেছেন। ‘নিশ্চয়ই আল্লাহ কোনো জনগোষ্ঠীর অবস্থা বদলান না, যতক্ষণ না তারা নিজেদের মধ্যে যা আছে, তা বদলায়’ (সূরা রা‘দ, ১৩:১১, ভাবানুবাদ)। এই আয়াতের আলোকে আত্মপরিবর্তন বলতে কেবল নিজের দুর্বলতা স্বীকার করা কিংবা ব্যক্তিগত আখলাক সংশোধন করা বোঝালে বিন নবীর ভাবনার সামাজিক দিকটি আড়ালে থেকে যায়। যে প্রতিষ্ঠানে ভুল স্বীকার করলে শাস্তি পেতে হয়, অথচ তথ্য গোপন করলে পুরস্কার মেলে, সেখানে ব্যক্তি সৎ হলেই প্রতিষ্ঠান আপনাআপনি সৎ হয়ে ওঠে না। তাই ব্যক্তির ভেতরের পরিবর্তনকে এমন নিয়ম ও চর্চায় রূপ দিতে হয়, যা মানুষকে একসঙ্গে ভালো কাজ করতে সাহায্য করে।

বিশ্ববিদ্যালয়ে এর অর্থ হতে পারে, গবেষণার বিষয় বেছে নেওয়ার সময় স্থানীয় সমাজের প্রশ্নগুলোকে গুরুত্ব দেওয়া এবং গবেষকের কাজ স্বাধীনভাবে যাচাই করার সুযোগ নিশ্চিত করা। প্রকাশনার ক্ষেত্রে এর অর্থ, বিদেশি বই অনুবাদ করেই থেমে না থেকে সেই অনুবাদের সূত্র ধরে নিজেদের ভাষায় নতুন প্রশ্ন তোলা, নিজস্ব পরিভাষা গড়ে তোলা এবং মৌলিক গবেষণার পথ খুলে দেওয়া। উৎপাদন প্রতিষ্ঠানে এর অর্থ, কারিগরি জ্ঞান ও দক্ষতা একজন বিশেষজ্ঞের কাছে সীমাবদ্ধ না রেখে অন্যদেরও তা শেখার ব্যবস্থা করা। এসব উদ্যোগ বাস্তবায়নে নীতির পরিবর্তন, অর্থায়ন ও রাজনৈতিক সিদ্ধান্তও প্রয়োজন। বিন নবীর চিন্তার আলোকে তাই আখলাকী পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন পরস্পরের বিকল্প নয়। আখলাকী পুনর্গঠন বলে দেয়, প্রতিষ্ঠানকে কেন ও কোন দিকে বদলাতে হবে। আর প্রাতিষ্ঠানিক পরিবর্তন সেই আখলাকী চর্চাকে স্থায়ী ভিত্তি দেয়।

উপনিবেশপ্রবণতা কাটিয়ে ওঠা মানে বাইরের দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয়। অন্যের কাছ থেকে শেখা, বাণিজ্য করা কিংবা একসঙ্গে জ্ঞানচর্চা করার মধ্যেও স্বাধীনতা থাকে, যদি কী শিখবো, কী গ্রহণ করবো আর কোন শর্তে সহযোগিতা করবো, সে সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারি। গোড়ার সেই গবেষণাগারটির কথাই ধরা যাক। সেখানে কত যন্ত্র আছে, তা দিয়ে তার সাফল্য বোঝা যাবে না। দেখতে হবে, সেখানে এমন গবেষক ও প্রাতিষ্ঠানিক চর্চা গড়ে উঠেছে কি না, যার জোরে নিজেদের সমাজের সমস্যাগুলো চিহ্নিত করা যায়, সেগুলোর সমাধান খোঁজা যায় এবং সেই কাজের ফল নিয়ে সমাজের কাছে জবাবদিহি করা যায়। বিন নবীর চিন্তা আমাদের স্বাধীনতার এই দিকটিই দেখতে শেখায়। পতাকা বদলের পর যে কাজ বাকি থাকে, তা হলো নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিজেরা সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য গড়ে তোলা।

সূত্র

১. Malek Bennabi, “The Conditions of Renaissance,” translated by Asma Rashid, Islamic Studies, 40(2), 2001, pp. 305–314।

২. Mahmoud Al-Zayed, “Decolonization as Transformation: Malek Bennabi’s Philosophy of Liberation,” in Anticolonialism and Social Thought, edited by Anaheed Al-Hardan and Julian Go, Cambridge University Press, 2025, pp. 91–114।

৩. Malik Bennabi, The Question of Ideas in the Muslim World, translated by Mohamed El-Tahir El-Mesawi, Islamic Book Trust, 2003।

লেখাটি শেয়ার করুন

মতামত প্রকাশ করুন

অনুদান দিন
Scroll to Top