ইকবাল ও পাশ্চাত্য সভ্যতা

ইকবাল কাব্যের বিচিত্র ও বহুবর্ণচ্ছটার দীপ্ত অরুণিমা বিশ্বমানসের গৌরবদীপ্ত সত্তার জাগরণ ঘটিয়েছে। তাঁর দর্শন মানবতার প্রীতিময় চিত্রেরই এক রূপদক্ষ কারুকাজ। সমকালে পাশ্চাত্য সভ্যতা তার অভূতপূর্ব কারিগরী সমৃদ্ধি ও বিকাশের ধারা সৃষ্টি করে বিশ্বের এযাবৎকালের মানবিক প্রগতি ও উন্নয়নকে অস্বীকৃতির চোরাগলিতে নিক্ষেপ করেছে। ইকবাল মানবতার এ বিপর্যয়কে নিরীক্ষণ করেছেন পাশ্চাত্য সভ্যতার অন্দরমহল থেকে। ইকবালের দর্শনের মৌল চেতনাটি ছিল বিশ্বমানবতার জন্য গ্রহণযোগ্য একটি পথের নির্দেশ যা সকল মানুষের অন্তরংগ ও বহিরংগের কল্যাণকামিতায় উজ্জ্বল হয়ে উঠতে পারে।

উপমহাদেশে ইউরোপীয় আগ্রাসনের পরবর্তী সময় থেকেই এ অঞ্চলে পাশ্চাত্য সভ্যতার চিত্র উন্মোচিত হতে শুরু করে। ইউরোপীয় বণিক শ্রেণীর আগমনের সাথে তাদের সাহিত্য, সংস্কৃতি, শিল্প ও দর্শনের জাহাজও এদেশের বন্দরে নোঙ্গর করে। অতি স্বাভাবিকভাবেই সত্য- ক্ষয়িষ্ণু মুসলিম সভ্যতা এই বৈদেশী আক্রমণ প্রতিহত করবার চেষ্টা করলেও পুরোপুরি সফলকাম হয়নি এবং এই নতুন প্রেক্ষাপটে মুসলিম সমাজদেহে ইউরোপীয় চিন্তা ও মননের বীজ উপ্ত হতে শুরু করে।

ইকবাল পাশ্চাত্য সভ্যতার মর্মমূলে প্রবেশ করেছিলেন। তাঁর শিক্ষা জীবনের একটি উল্লেখযোগ্য অংশ অতিবাহিত হয়েছিল ইংল্যাণ্ড ও জার্মানীতে। দর্শনের ছাত্র হিসেবে তিনি পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞানের প্রকৃত রূপটি পর্যবেক্ষণ করেছিলেন। ইকবালের গোচরীভূত ছিল আধুনিক ইউরোপের প্রযুক্তি ও কৌশলগত সমৃদ্ধি যত ব্যাপক হোক না কেন এর নৈতিক ভিত্তি দুর্বল। ইউরোপীয় সভ্যতার যে চাকচিক্য, তা নির্মিত হয়েছে ধর্মহীনতার সৌধের উপর। মধ্যযুগে সীজার ও পোপের আধিপত্যের লড়াইয়ে পোপের ক্ষমতা খর্ব করা হলে ধর্মকে রাষ্ট্র থেকে বিযুক্ত করা হয় এবং মানবতার উপর ধর্মহীনতার নৈরাজ্য চাপিয়ে দেয়া হয়। এই সামাজিক অব্যবস্থার মধ্যে জন্ম নেয় পুঁজিবাদী জুলুম। এ জুলুমের রাষ্ট্রিক পরিণতি হিসেবে আসে জাতীয়তাবাদ যা জাতিতে জাতিতে হানাহানি আর বিপর্যয়ের সূচনা করে। ইকবাল লক্ষ্য করেছেন, এই ঘোরতর দুর্দৈবের মধ্যে ত্রাণকারীর ভূমিকায় আসে কমিউনিজম যা কিনা নৈতিকতাহীন এক নতুন রাষ্ট্রিক স্বৈরাচারের জন্ম দেয়।

উপমহাদেশে বণিক শাসনের সূচনার পর থেকে মুসলিম সমাজ বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায় ধীরে ধীরে পাশ্চাত্য শিক্ষা ও দর্শনের অনুরাগী হতে শুরু করে। এ অনুরাগ পরবর্তীকালে পাশ্চাত্যপ্রীতিতে পরিণত হতে শুরু করলে ইকবাল এ প্রক্রিয়াকে আত্মঘাতী হিসেবে বিবেচনা করেন। কারণ তাঁর কাছে পাশ্চাত্য সভ্যতা প্রতীয়মান হয়েছিল বস্তু সভ্যতার জ্বলজ্বলে চিত্র হিসেবে। পাশ্চাত্যের কারিগরী সমৃদ্ধি ও কৌশলগত প্রযুক্তি তাঁকে আকৃষ্ট করলেও এর অন্তঃসম্পদের সীমাবদ্ধতা এবং নৈতিক অনগ্রসরতা এর অনিবার্য ধ্বংসকে ডেকে আনতে পারে বলেও ইকবালের প্রতীতি জন্মেছিল।

ইকবাল তাই মুসলিম সমাজকে বণিক সভ্যতার এই ক্ষয়িষ্ণু মূল্যবোধের দিকে ইঙ্গিত করে স্বীয় ঐতিহ্যতরুর সংলগ্ন হবার জন্য আহবান জানিয়েছেন। ইকবাল দেখেছেন, মূল্যবোধের বিপর্যয় হেতু ইউরোপীয় রাষ্ট্রশক্তিসমূহ কেমন মানবতা বিধ্বংসী যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং তার অনিবার্য ফলাফল কদর্য মানবিকতার আকৃতিতে প্রাচ্যের দেশগুলোকেও গ্রাস করে চলেছে। তিনি তাঁর এক সুপ্রসিদ্ধ কবিতায় পাশ্চাত্যের নগরবাসীদের এই সতর্কবাণী শুনিয়েছেন, ভঙ্গুর শাখায় বাঁধা নীড় কখনো স্থায়ী হতে পারেনা-

‘হে পাশ্চাত্যবাসী

আল্লাহর পৃথিবী একটি দোকানঘর নয়।

আর তোমরা যাকে সত্যিকারের স্বর্ণমুদ্রা মনে করেছো,

তা মেকী বলেই প্রমাণিত হবে।

তোমাদের নিজেদের খঞ্জরের উপরই

আপতিত হবে তোমাদের সভ্যতা।

ভঙ্গুর বৃক্ষশাখায় নির্মিত কুলায়

ভেঙ্গে পড়বে-আজ নয় আগামীকাল।

কখনো এ স্থায়ী হবার নয়।’

ইকবাল ইউরোপীয় সভ্যতার সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। তিনি একথা বলে ইঙ্গিত করতে চেয়েছেন, বণিক সভ্যতার মর্মস্বরূপে বস্তুবাদী নৈরাজ্যের ফলস্বরূপ যে নির্মানবিকতার অন্ধকার ঘনীভূত হয়েছে তা ক্রমে বিশ্বজনীনরূপে দেখা দেবে। এই সাবধানবাণী কবির দার্শনিক প্রজ্ঞারই নিদর্শন। কিন্তু তখনকার দেয়া কবির এ সাবধানবাণী ইউরোপ কানেই তোলেনি কিংবা মনে করেছে, এটি একটি নতুনতর পূর্বদেশীয় দুর্জেয় চিন্তার প্রতিফলন মাত্র। কিন্তু প্রকৃত অর্থে যখন বণিক সভ্যতার বুনিয়াদ নড়ে উঠলো, পরপর দুটি বিশ্বযুদ্ধ যখন পৃথিবী কাঁপিয়ে তুললো তখন ইউরোপীয় চিন্তাবিদরা ইকবালের বিশ্বদৃষ্টির সমর্থন দিলেন এবং তা অবশ্য অনেকটা বাধ্যতামূলকভাবে।

ইকবাল কোন এক সময় মুসোলিনীর দিকে ঝুঁকেছিলেন; তার প্রশস্তি রচনা করেছিলেন; কিন্তু তার মধ্যেও যোগ করে দিয়েছিলেন বণিক সভ্যতার এই আধিপত্যবাদী চিত্র-

“ইম্পিরিয়ালিজম এর দেহটা প্রকাণ্ড,

হৃদয়টা অন্ধকার” …… (অনুবাদ অমিয় চক্রবর্তী)

ইকবাল পাশ্চাত্য সভ্যতার মৌলিক দুর্বলতাটি ধরতে পেরেছিলেন। তিনি অনুভব করেছিলেন কেমন করে মানুষের মানবিক বৃত্তির শুভ জাগরণকে পাশ্চাত্য সভ্যতা অশুভ বৃত্তির দানবীয় ধাক্কায় ঠেকিয়ে দিচ্ছে। অন্তরের শুভ উপলব্ধির হয়েছে মৃত্যু, যদিও আপাতদৃষ্টিতে পাশ্চাত্যের আলো ঝলোমল চিত্র চোখে বিমুগ্ধতার অঞ্জন বুলিয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে সে সভ্যতার বুক জুড়ে ব্যর্থতার ক্রন্দনই তীব্রতর হয়ে ওঠে। বিজলী বাতি পশ্চিমীদের নৈশকালীন অন্ধকার দূর করেছে ঠিক, কিন্তু চিন্তার দিগন্তকে যেমনি অস্বচ্ছতা থেকে মুক্ত করতে পারেনি, তেমনি পারেনি তাতে স্বর্গীয় আভা যুক্ত করতে। ইকবাল তাঁর বহু নন্দিত ‘লেনিন’ কবিতায় পরলোকগত এই বলশেভিকের জবানীতে ইউরোপের বিরুদ্ধে ছুটিয়েছেন ক্রুদ্ধ শ্লেষাত্মক ধিক্কার-

“য়ুরোপে আলো, জ্ঞান এবং শিল্প দেখো আজ অপর্যাপ্ত।

তার প্রমাণও দেয়া হয়েছে সাথে সাথে-

স্থাপত্য চাও তো দেখো ব্যাঙ্কগুলির দিকে,

ধনিকের সৌধগুলি চার্চের চেয়ে ঝকঝকে পরিচ্ছন্ন,

বাণিজ্য নিশ্চয় আছে, বস্তুত সেটা জুয়া খেলা, একজনের লাভে হাজারজনের মৃত্যু।

যে মহাজাতি হারালো ভগবানের প্রসাদ,

চরম তার উৎকর্ষ ইলেকট্রিসিটি এবং স্টীম।

লক্ষণ স্পষ্ট, তকবীর নামক দাবা খেলিয়ে

করল বাজীমাত তদবীর দাবাড়ুকে।

…….. সরাই রক্ষকেরাও বসে ভাবছে ভাগ্যের কথা।……..

রাত্রে পথের লোকের মুখে দেখছ স্বাস্থ্যের রক্তিম আভা

তার কারণ ওদের শরাবপান, অথবা কসমেটিক।” (অনুবাদ- অমিয় চক্রবর্তী)

ইউরোপের সামাজিক নৈরাজ্যে ইকবাল শংকিত হয়েছিলেন। তাঁর সামনে প্রকটিত হয়েছিল পশ্চিমীদের নৈতিকতা বিযুক্ত খোদাবিহীন সাম্রাজ্যের চিত্র। তিনি ইউরোপে বিরাজমান অস্থিরতা ও মানবিক প্রকল্পের নিবীর্যতাকে যেমন সমীকৃত করে দেখেছেন, তেমনি এর গৌরবোজ্জ্বল বৈজ্ঞানিক প্রগতিকে স্বাগত জানিয়েছেন। ইকবালের চিন্তা ও উপলব্ধি আলোকোজ্জ্বল হয়ে উঠেছিল ধর্মের নৈতিক বাতাবরণে পুষ্ট হয়ে এবং তিনি বিশ্বাস করতেন ধর্মীয় মূল্যবোধ ব্যতীত মানবতার শাশ্বত জয়যাত্রা কখনো স্থায়িত্ব পেতে পারেনা। মানব সভ্যতার ইতিহাসে ধর্ম এক বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এবং মানব প্রগতির ইতিবাচক সঞ্চয়টুকু ধর্মের কল্যাণকামিতায় দীপ্ত হয়ে উঠেছে। ইকবাল মনে করতেন, ব্যক্তি ও সমাজ জীবন থেকে ধর্মের বিয়োজন শুধু নৈরাজ্যের পথ খুলে দেয়। ইউরোপীয়রা ধর্মকে রাষ্ট্রিক ও সামাজিক জীবনে পরিত্যক্ত ঘোষণা করে সেই বিশৃঙ্খলাকেই আমদানী করেছে। যেমন-

“রাষ্ট্রশক্তি মুক্ত হল চার্চের হাত থেকে

য়ুরোপীয় পলিটিক্স সেই দানব যার শিকল কেটেছে;

কিন্তু অন্যের সম্পত্তি যখন দানবের চোখে পড়ে,

চার্চের দূতেরা চলে যুদ্ধবাহিনীর আগে আগে।”

(‘দিন সিয়াসত’- রাষ্ট্রনীতি, অনুবাদ- অমিয় চক্রবর্তী।)

অথবা-

“য়ুরোপের দার্শনিককে প্রশ্ন করা দরকার

কেননা হিন্দুস্তান এবং গ্রীসও তার অনুসরণ করছে:

“তোমাদের সভ্যতার চরম কি এই যে পুরুষেরা চাকরি পায়না

আর মেয়েরা পায়না স্বামী?” (‘এক সওয়াল’- এক প্রশ্ন, অনুবাদ- অমিয় চক্রবর্তী)

ইকবাল তাঁর ‘পস্ চেহ্ বায়াদ করদে’ উল্লেখ করেছেন, ইউরোপীয় সভ্যতার দুষ্টক্ষত কেমন স্পষ্ট হয়ে উঠেছে। সত্য সন্ধানী মানুষ নিয়ত যার সাথে লড়াইয়ে ব্যস্ত। নতুন করে ইউরোপীয়রা কাবার প্রাংগণে লাত ও উজ্জার মূর্তিকে উন্মোচন করেছে। তারা মানবতার হৃদয়কে করেছে মসীলিপ্ত এবং আত্মাকে মৃতবৎ। সভ্যতারূপী এ ডাকাতই মানুষকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে পঙ্গু বানিয়ে দিয়েছে-

“ইউরোপীয়দের ঘাড়ে সওয়ার হয়েছে নাস্তিকতার দানব

খোদামত্ত পুরুষের সাথে চলছে যার লড়াই

এ দানব প্রসব করে নিত্য নতুন উপাচার

হরমে সে তুলেছে নতুন লাত ও উজ্জা

তারই উৎপাতে হৃদয়ের চোখ হয়েছে অন্ধ

আত্মা এখন ধূসর

ট্যুলিপ গোলাপও কেঁদে বলছে ‘আমার জীবনের সে অন্তরঙ্গিতা গেল কোথায়?”

এই সভ্যতার লক্ষ্য তাই নিবদ্ধ হয়েছে মানুষকে নিয়ে বেসাতী করায় এবং মানবিকতার বিপর্যয় ঘটানোর মধ্যে। ইউরোপীয় চিন্তার মর্মস্বরূপে যে বণিক চরিত্র অস্তিত্ব লাভ করেছে, ইকবাল মনে করেন তার অপনোদন না ঘটলে প্রেম-প্রীতি ও শান্তি-সম্প্রীতির কোন স্থান পৃথিবীতে থাকতে পারবেনা –

“হায় ইউরোপ যদি জানতো রহস্য গ্রন্থি

কিন্তু তার চক্ষু জ্যোতিষ্মান নয় খোদার নূরে

জীবন রহস্যের ঠিকানা তাই তার অজানা

সে জানেনা ভালো ও মন্দের প্রভেদ

তার চিন্তা কত অপরিচ্ছন্ন এবং

উদ্দেশ্য অসম্পূর্ণ।

তার দৃষ্টিতে আলোকিত নয় পৃথিবী

সে শিখিয়েছে জাতিতে জাতিতে ঘৃণা

আর যে বীজ রোপণ করে

সেই কৃষকের ফসল হরণ

দুর্বলের জীবিকায় হানা দেয়া তার অভ্যাস

ভাইয়ের বুকে খঞ্জর চালানো তার প্রকৃতি।”

ইকবালের ধারণা, বণিক সভ্যতার প্রাণ লুকিয়ে আছে ইহুদী মেধা ও মননের সৌকর্যে। পশ্চিমীদের চিন্তা ও দর্শনের মৌল কাঠামোটি যেমন নিয়ন্ত্রণ করছে অভিশপ্ত ইহুদীরা তেমনি ওদের বণিক চরিত্রের বিকাশের পথ ধরে বর্তমান ইউরোপের সাম্রাজ্যবাদী মুখোশপ্রাপ্তির পেছনে ইহুদী কূটনীতিও কার্যকর রয়েছে। ইকবাল জানতেন, কোরআনের বর্ণনা অনুসারে এবং ইতিহাসের সূত্র সন্ধান করলে ইহুদীদের কদর্য চরিত্রই বেরিয়ে আসবে। আল্লাহর নির্দেশকে লংঘন করে ইহুদীরা বারবার লাঞ্ছিত ও প্রত্যাখ্যাত হয়েছে। সেই নির্দেশ অমান্যকারীরাই এখন খ্রিস্টীয় সাম্রাজ্যের মন্ত্রণাদাতা হিসেবে অভিষিক্ত হয়েছে। ইহুদী চিন্তা ও কপটতার মহামারীতে সুবুদ্ধি ও ধর্মও আক্রান্ত হতে শুরু করেছে-

“ইউরোপীয়রা শুরু করেছে নতুন ব্যবসা

মানবতা হচ্ছে তার পণ্য

ব্যাঙ্কের যত ঝকমারি দেখছ

এ হলো ইহুদী আবিষ্কার।

হৃদয় থেকে শাদা গোলাপেরা শুকিয়ে যাচ্ছে

পৃথিবীতে যতদিন এ পদ্ধতি থাকছে

জ্ঞান, ধর্ম ও সংস্কৃতি স্বপ্নাচ্ছন্নই রয়ে যাবে।”

পশ্চিমী সভ্যতার আলো ঝলোমল চিত্রাবলি তবে কি প্রহেলিকা? ইকবালের বিশ্বাস, ইউরোপিয়ানদের চাকচিক্য ও জাঁকজমক ঠিকই আছে, কিন্তু তাতে নেই হযরত মুসার স্বর্গীয় জ্যোতি। সেখানে অনুপস্থিত ইব্রাহীম খলিলের (আঃ) স্পর্শ যার কারণে আগুন পরিণত হয় ফুলের সৌরভে। বৈজ্ঞানিক প্রগতি ইউরোপে বর্তমান, কিন্তু মানবিক বিকাশের ধারা স্তব্ধ। এমনকি আধুনিক কালের যে বহুল আলোচিত বিপ্লবী দার্শনিকেরা তারাও জ্ঞাত নয় এর পরিণতি কোথায় এবং এই শৃঙ্খল মুক্তির উপায় কি-

“ইউরোপের শ্বেত প্রদীপের দিকে একবার তাকাও

সিকান্দারের আরশির চেয়ে মদের সুরাহী

ওদের বেশী রোশনাই।

সাকীর তনুকা ঝলসে ওঠে শরাবীর চোখে।

কিন্তু হায়!

মুসা কলিমের দীপ্তি থেকে তারা বঞ্চিত।

কোথায় পাবে তারা খলিলের উত্তাপ?

জড়তার মাঝে আচ্ছন্ন যে জ্ঞান

মুহব্বতের মন্ত্রশক্তি সেখানে বিলুপ্ত:

পশ্চিমের দিগন্ত অস্থির নিঃশ্বাসে পূর্ণ

ওদের চিন্তায় নেই স্থিরতার লক্ষণ

জ্ঞানের দিকপালেরা এখন পোষণ করছে

অধৈর্য আত্মা।”

পাশ্চাত্য সভ্যতার অন্তঃস্বরূপে যে বস্তুবাদী কারুকীর্তি ডানা মেলেছে তার পরিণতিতে চার্চের মহিমা হয়েছে ভূলুণ্ঠিত। ধর্মের নৈতিক ও কল্যাণ বন্ধন বঞ্চিত যে সমাজ ব্যবস্থা, সেখানে উপ্ত হয়েছে জড়বাদী উপাচার। দারিদ্র্য ও বেকারত্বের পাশাপাশি যৌন উচ্ছৃঙ্খলতা ও মদ্যপান যেমন বিস্তৃত হয়েছে তেমন সামাজিক জুলুম ও বেইনসাফীর দিগন্ত হয়েছে প্রসারিত। পশ্চিমের বস্তুবাদী নৈরাজ্যের একটি সুন্দর চিত্র ইকবাল তাঁর বহু নন্দিত মাদ্রাজ বক্তৃতায় তুলে ধরেন এভাবে-

….. Wholly shadowed by the result of his intellectual activity, the modern man has ceased to live soulfully i.e from within. In the domain of thought he is living in open conflict with himself and in the domain of political life he is living in open conflict with others. He finds himself unable to control his ruthless egoism and his infinite gold hunger which is gradually killing all higher striving and bringing nothing but life weariness. Absorbed in the fact that is to say, the optically present source of sensation, he is entirely cut off from the unplumbed depths of his own being. In the wake of his systematic materialism has at last come that paralysis of energy which Huxley apprehended and deplored. (Reconstruction of Religious Thought in Islam)

পাশ্চাত্য সভ্যতার প্রাণ যে পুঁজিবাদ ও সমাজবাদ তার অস্থির পীড়নে মানবতা জর্জরিত। পুঁজিবাদের দংশনে যেখন সামাজিক জুলুম হয়েছে বর্ধিত তেমনি সমাজবাদের বিনিময়ে পৃথিবী লাভ করেছে খোদাহীনতার দৌরাত্ম। এমনি যে ইউরোপীয় সভ্যতা তার অন্ধ অনুকরণ ভারতীয় মুসলমানদের জন্য হবে আত্মঘাতী। ইকবাল মনে করতেন মুসলিম তরুণদের ইউরোপীয় চিন্তা ও দর্শনের প্রকৃত স্বরূপ আঁচ না করেই তার পেছনে ছোটা নিরর্থক-

“তোমার সোফা ইউরোপের, তোমার গালিচা ইরানের-

তরুণদের মধ্যে যখন আমি এসব বিলাসিতা প্রত্যক্ষ করি

তখন অশ্রু হয়ে ঝরে আমার রুধির।

পদ আর পদবির কি মূল্য- খসরুর জাঁকজমকেরই বা কি দাম

যখন হায়দারের মতো বীরদর্পে বিশ্বের মোকাবিলা করোনা,

বা সালমানের মতো জগতকে তুচ্ছজ্ঞানে করোনা ত্যাগ,

চাকচিক্যময় আধুনিক বিশ্বে যে তুষ্টি খুঁজে পাওয়া যায়না 

তা হচ্ছে অকৃত্রিম ঈমানদারের গৌরব, তার সেই বিশ্বাসের

উপর প্রতিষ্ঠিত।” (অনুবাদ- কে. এ. রহমান)

মুসলিম তরুণদের ইউরোপীয় চিন্তা ও দর্শনে ভারাক্রান্ত হওয়ার শিক্ষা ব্যবস্থাকে তিনি তাদের নৈতিক বিপর্যয়ের কার্যকারণ হিসেবে দায়ী করেছেন। ইকবাল উল্লেখ করেছেন আধুনিক তরুণদের অন্তরে ধর্মানুরাগ নেই। তাদের আছে ক্ষুরধার জবান কিন্তু চোখে অনুতাপের অশ্রু অর্থাৎ খোদাভীরুতা থেকে তারা বঞ্চিত। ইকবাল প্রশ্ন করেন, যে সভ্যতার নিজের বিপর্যয় ঠেকানোর মতই শক্তি নেই, কি করে সে অন্যের বিপদ হরণ করবে। আশ্চর্য যার নিজের নেই আলো সে কি করে অন্যকে পথ দেখাবে-

“চোখ ঝলসানো সূর্যকর যাদের ঘুম ভাঙ্গাতে পারেনা

কিংবা যাদের দৃষ্টি প্রদীপ হয়েছে নিষ্প্রভ

কি করে পারস্য হেজায আহরণ করবে

ওদের কাছে জীবনের রং

যারা নিজেরাই মৃত্যুর পরোয়ানা হাতে নিয়েছে

তারা কি করে দেখাবে অন্যের বাঁচবার আশা।”

ইকবাল তাই প্রাচ্যের আধুনিকায়নের বিরুদ্ধে সোচ্চার। কারণ, বণিক সভ্যতা প্রাচ্যের নৈতিক রীতি বন্ধনকে কেটে ফেলতে উদ্যত। এক কবিতায় তিনি উল্লেখ করেছেন, ইউরোপীয়রা সর্বদাই প্রাচ্যের অধিবাসীদেরকে বক্র দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। প্রাচ্যের কল্যাণ ও সুমিত আচরণের বিনিময়ে তারা তাদের দিয়েছে বরং বিদ্বেষেরই মর্মপীড়া। যেমনি সিরিয়া তাদের দিয়েছে খ্রিস্টের নৈতিক ও শাশ্বত জীবন ব্যবস্থা, প্রকারান্তরে ইউরোপীয়রা সিরীয়দের শিখিয়েছে মদ, জুয়া আর বারবণিতার কদর্য ব্যবসা-

“সিরিয়ার ধুলিকণায় অনুরণিত হয়েছে খ্রিস্টের বীণা

ফিরিঙ্গিরা পেলো সেই আলো

খোদায়ী পুরুষ তাদের শিখালেন মুহব্বতের মন্ত্র

কিন্তু য়ুরোপীয়রা সিরীয়দের কি দিলো আশ্চর্য!

মদ, জুয়া আর পতিতাবৃত্তি!” 

সুতরাং প্রাচ্যের আধুনিকায়নের তাগাদা নিরর্থক। কারণ, এর অর্থ হলো পশ্চিমী জীবন দর্শনের কাছে প্রাচ্যের অধিবাসীদের বিক্রি হয়ে যাওয়া-

“আমার হৃদয় কম্পিত হয়

যখন শুনি প্রাচ্যের আধুনিক সজ্জার কথা

কিন্তু এ হলো ইউরোপীয় নগ্নিকার উন্মতাল অনুকরণ।”

ইকবালের মনোভাবনায় ক্রিয়া করেছিল এক বিশ্বাসী জীবনের সংহত চিত্র: এই বিশ্বাসের আলোকে তিনি জীবনের প্রতিটি কেন্দ্রে পৌঁছিয়ে দিতে চেয়েছিলেন। পাশ্চাত্য সভ্যতার অস্বচ্ছ ও নৈতিকতা-বর্জিত ঘৃণিত রূপটিকে তাই তিনি জীবন বিকাশের প্রতিবন্ধক বিবেচনা করেছিলেন। তার অর্থ এই নয়, ইউরোপীয়দের সকল কর্মকাণ্ডকেই তিনি পরিহার করবার পক্ষে মত দিয়েছিলেন। পাশ্চাত্যের অসাধারণ কারিগরি সমৃদ্ধি তাকে মুগ্ধ করেছিল এবং তিনি এর সফলতাকে প্রাচ্যের অধিবাসীদেরও কাজে লাগানোর উপদেশ দিয়েছিলেন। কারণ মানব প্রগতির সহায়ক যে কোন উপকরণ তা যে স্থানেরই হোকনা কেন, আহরণ করবার পক্ষপাতী ছিলেন তিনি। পশ্চিমী সভ্যতার যা কিছু কল্যাণকর তা গ্রহণ করবার কথাও কবি একস্থানে উল্লেখ করেছেন-

“পাশ্চাত্যের শক্তি নিহিত রয়েছে জ্ঞানবিজ্ঞানে

তোমার পাগড়ী তো জ্ঞান আহরণের পথে কোন বাধা নয়।” (অনুবাদ- হাসান জামান)

পাশ্চাত্যের প্রতি তার ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল মূলত এর নৈতিক উদ্বন্ধনহীন জীবনাচরণের জন্য যে আচরণ মানব সমৃদ্ধি ও মানব উন্নয়নের ধারাকেই শুধু ব্যাহত করে। খোদায়ী বিধানের কার্যকারিতাকে দূরে সরিয়ে মানবমস্তিষ্কপ্রসূত চিন্তাভাবনা ও মতাদর্শের আধিপত্যই পাশ্চাত্যের বিশৃঙ্খল সমাজ ব্যবস্থার জন্য দায়ী বলে তিনি মনে করতেন। ইকবালের বিশ্ববীণায় শাশ্বত সুরের এই আনন্দলহরী তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে।

লেখাটি শেয়ার করুন

মতামত প্রকাশ করুন

অনুদান দিন
Scroll to Top