ইলমুল কালামের বিখ্যাত গ্রন্থ ‘শারহুল মাওয়াকিফ’

৪ বার পঠিত

শারহুল মাওয়াকিফ ইসলামী চিন্তার ইতিহাসে, বিশেষ করে ইলমুল কালামের ক্ষেত্রে রচিত অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থসমূহের মধ্যে একটি। ‘আল-মাওয়াকিফ’ নামক এই গ্রন্থটি রচনা করেন প্রখ্যাত মুতাকাল্লিম ও মুহাক্কিক ধারার অন্যতম প্রবক্তা আদুদ্দিন আল-ইজি। পরবর্তীতে এই গ্রন্থের বিস্তারিত ব্যাখ্যা বা শারহ রচনা করেন প্রখ্যাত চিন্তাবিদ ও মুতাকাল্লিম সাইয়্যেদ শরীফ আল-জুরজানী, যা ‘শারহুল মাওয়াকিফ’ নামে বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করে।

এই গ্রন্থটি তার বিস্তৃত পরিসরে মানতিক, পদার্থবিদ্যা, গণিত, জ্যোতির্বিদ্যা এবং মেটাফিজিক্সের মতো মৌলিক ও গুরুত্বপূর্ণ তাত্ত্বিক জ্ঞানসমূহকে একত্রিত করে একটি সামগ্রিক জ্ঞানতাত্ত্বিক কাঠামোর মধ্যে উপস্থাপন করেছে। দার্শনিক ও কালামী চিন্তার এই সমন্বিত রূপ দীর্ঘ কয়েক শতাব্দী ধরে মুসলিম বিশ্বের বিভিন্ন মাদরাসায় উচ্চতর পাঠ্যগ্রন্থ হিসেবে পঠিত হয়ে এসেছে।

গ্রন্থটি মূলত ছয়টি ‘মাওয়াকিফ’ বা অধ্যায়ে বিভক্ত। এখানে ‘মাওয়াকিফ’ শব্দের অর্থ হলো-স্টেশন, থামার স্থান বা অবস্থানস্থল। জুরজানী এই শব্দটি ব্যবহার করে এমন এক চিন্তকের জ্ঞানান্বেষণমূলক যাত্রাপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপকে নির্দেশ করেছেন, যিনি হাকিকতের অনুসন্ধানে ধীরে ধীরে অগ্রসর হন এবং এক একটি স্তর অতিক্রম করে জটিল দার্শনিক ও কালামী প্রশ্নগুলোর গভীরে পৌঁছান।

এই গ্রন্থের প্রতিটি ‘মাওয়াকিফ’ মূলত জ্ঞান ও সৃষ্টিতত্ত্বের একটি বিস্তৃত ও মৌলিক ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করে। প্রতিটি মাওয়াকিফ আবার মারসা , মাকসাদ, বাব, ফাসল ও বাহস—এই ধরনের উপ-অধ্যায়ে বিভক্ত, যা মূল আলোচনাকে আরও সুসংগঠিত, স্তরবিন্যস্ত ও বিশ্লেষণধর্মী কাঠামোর মধ্যে উপস্থাপন করে।

এই ছয়টি মাওয়াকিফ একত্রে একটি সুসংহত মানতিকি ক্রম অনুসরণ করে—প্রথমে ‘ইলম’ বা জ্ঞানের আলোচনা দিয়ে শুরু হয়ে ধীরে ধীরে বিশ্বসৃষ্টি ও মহাবিশ্বের প্রকৃতি বিশ্লেষণ করে, এবং সর্বশেষে ইলাহ (স্রষ্টাতত্ত্ব) ও আখিরাত (পরকালতত্ত্ব)-এর মতো চূড়ান্ত ও মৌলিক প্রশ্নে উপনীত হয়।

প্রথম মাওয়াকিফ- আল মাওয়াকিফুল আওয়াল ফিল মুকাদ্দিমাত

ইলম, মারেফত, তাসাউউর-তাসদিক, যারুরী-কাসবী জ্ঞান, নাজার, ইসতিদলাল, কিয়াস ও দলীলের প্রকারভেদের উপর ভিত্তি করে জ্ঞানের প্রকৃতি এবং কালামের নাজারী পন্থাকে ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে। ইলমূল কালামের বিষয়বস্তু, উপকারিতা এবং মর্যাদা নিয়েও এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে।

আধুনিক জ্ঞান ও দর্শনের সঙ্গে সম্পর্ক

এই অধ্যায়ে আলোচিত বিষয়সমূহকে আধুনিক জ্ঞানতত্ত্ব (Epistemology), যুক্তিবিদ্যা (Logic), বিজ্ঞানদর্শন (Philosophy of Science) ও পদ্ধতিবিদ্যার (Methodology) সংশ্লিষ্ট আলোচনার সঙ্গে তুলনা করা যেতে পারে। বিশেষত যথার্থ জ্ঞান অর্জনের সম্ভাবনা, জ্ঞানের সত্যতা প্রমাণের পদ্ধতি, যুক্তিনির্ভর চিন্তার নিয়মকানুন এবং একটি স্বতন্ত্র জ্ঞানশাস্ত্র হিসেবে কালামশাস্ত্রের পদ্ধতিগত অবস্থান ও মর্যাদা নিরূপণের প্রশ্নগুলো এসব শাস্ত্রের আলোচ্য বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

দ্বিতীয় মাওয়াকিফ- আল মাওয়াকিফুস সানী ফিল উমুরিল আম্মা

এই অধ্যায়ে ওজুদ-আদম (অস্তিত্ব ও অনস্তিত্ব), মাহিয়াত (স্বরূপ), ওজুদ ও মাহিয়াতের মধ্যকার সম্পর্ক, যিহনি ওজুদ (মানসিক অস্তিত্ব), মা‘দুম (অনস্তিত্বশীল বিষয়), হাল (অবস্থা), ইমকান-উজুব-ইমতিনা (সম্ভাব্যতা, অনিবার্যতা ও অসম্ভবতা), কিদাম-হুদুস (অনাদিত্ব ও উৎপত্তিশীলতা), ওয়াহদাত-কাসরাত (একত্ব ও বহুত্ব), ইল্লত-মা’লুল (কারণ ও কার্য), দাওর (চক্রাকার কার্যকারণ) ও তাসালসুল (অসীম কার্যকারণ-পরম্পরা) প্রভৃতি বিষয়সহ সমগ্র মাওজুদাতের সঙ্গে সম্পর্কিত মৌলিক ও সাধারণ বিষয়সমূহ, তথা ‘উমুরে আম্মাহ’ নিয়ে আলোচনা করা হয়েছে।

আধুনিক জ্ঞান ও দর্শনের সঙ্গে সম্পর্ক

এই অধ্যায়ে আলোচিত বিষয়সমূহ আধুনিক অস্তিত্বতত্ত্ব (Ontology) ও অধিবিদ্যার (Metaphysics) মৌলিক আলোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিশেষত ‘অস্তিত্ব কী?’, ‘মুমকিন (সম্ভাব্য), ওয়াজিব (অনিবার্য) ও মুমতানি (অসম্ভব) বলতে কী বোঝায়?’, ‘একত্ব ও বহুত্বের মধ্যকার সম্পর্ক কী?’ এবং ‘কারণ ও কার্যের মধ্যকার সম্পর্ককে কীভাবে ব্যাখ্যা করা যায়?’—এ ধরনের মৌলিক অধিবিদ্যাগত প্রশ্নের সঙ্গে এই অধ্যায়ের আলোচনাগুলোর গভীর সম্পর্ক রয়েছে।

তৃতীয় মাওয়াকিফ- আল মাওয়াকিফুস সালিস ফিল আরায

আরায ও সিফাতের প্রকারভেদ, কামমিয়্যাত (পরিমাণ), কাইফিয়াত (রং, উষ্ণতা, স্বাদ, গন্ধ, শব্দ ও আলোর মত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়াবলী) নাফসানি বিষয়াবলী (হায়াত, জ্ঞান, ইচ্ছা, ক্ষমতা, সুখ-দুঃখ ও স্বভাব), পরিমাণ ও আকৃতিসংক্রান্ত বৈশিষ্ট্য (আকার, রেখা ও পৃষ্ঠতল), গতি, সময়, স্থান এবং ইজাফাত (সম্বন্ধ বা সম্পর্ক)—এসব বিষয়ের আলোচনার মাধ্যমে জাওহারের ওপর আরোপিত কিংবা তাতে বিদ্যমান যাবতীয় গুণাবলির বিশ্লেষণ করা হয়। এর ভিত্তিতে ‘কাইফিয়াত ও আ‘রাযের তত্ত্ব’ গড়ে তোলা হয়।

আধুনিক জ্ঞান ও দর্শনের সঙ্গে সম্পর্ক

এই আলোচনাগুলো আধুনিক দর্শনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার সঙ্গে সম্পর্কিত। বিশেষত গুণাবলির তত্ত্ব (Theory of Qualities), প্রকৃতিদর্শন (Philosophy of Nature), মনোদর্শন (Philosophy of Mind) এবং প্রপঞ্চবিদ্যার (Phenomenology) সঙ্গে এর গভীর সাদৃশ্য রয়েছে। অর্থাৎ, কোনো বস্তুর রং, স্বাদ, গন্ধ, আকার ও অন্যান্য বৈশিষ্ট্যের প্রকৃতি কী, এসব গুণাবলি বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য, নাকি মানুষের উপলব্ধির সঙ্গে সম্পর্কিত? মানুষের চিন্তা, অনুভূতি ও অভিজ্ঞতার প্রকৃতিই বা কী? সময়, স্থান ও গতির সঙ্গে বস্তুর সম্পর্ক কী? সর্বোপরি, মানুষ কীভাবে কোনো বস্তুকে উপলব্ধি করে এবং সেই বস্তু তার অভিজ্ঞতায় কীভাবে ধরা দেয়?—এ ধরনের মৌলিক দার্শনিক প্রশ্নগুলো এই আলোচনার অন্তর্ভুক্ত।

চতুর্থ মাওয়াকিফ- আল-মাওয়াকিফুর রাবি‘ ফিল জাওয়াহির

এই পরিচ্ছেদে জিসম (দেহ বা বস্তু), জাওহারে ফারদ (অবিভাজ্য মৌলিক কণা), হায়ুলা ও সুরত (আদি উপাদান ও রূপ), ফালাক ও নক্ষত্ররাজি, আনাসিরে আরবা‘আ (চার মৌলিক উপাদান—মাটি, পানি, বায়ু ও আগুন), বিভিন্ন উপাদানের সংমিশ্রণে গঠিত যৌগিক বস্তু, নফসের বিভিন্ন স্তর (উদ্ভিজ্জ, প্রাণিজ ও মানবীয় নফস), মহাজাগতিক নফস ও আকলসমূহের আলোচনার মাধ্যমে জাওহরের বিভিন্ন স্তর ও প্রকৃতি বিশ্লেষণ করা হয়।

এর পাশাপাশি মহাবিশ্বের গঠন ও বিন্যাস, প্রাণ ও জীবনের প্রকৃতি এবং নফস বা আত্মার স্বরূপ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জগতের হুদুস (উৎপত্তি বা অনাদিত্বের বিপরীতে সৃষ্ট হওয়া), বাকা (স্থায়িত্ব বা অস্তিত্বের ধারাবাহিকতা) এবং অন্যান্য জগতের অস্তিত্বের সম্ভাবনার মতো বিষয়গুলো পর্যালোচনা করা হয়। অর্থাৎ, মহাবিশ্বে বিদ্যমান মৌলিক সত্তাসমূহের প্রকৃতি, পারস্পরিক সম্পর্ক ও অস্তিত্বগত অবস্থান নির্ধারণের চেষ্টা করা হয়।

আধুনিক জ্ঞান ও দর্শনের সঙ্গে সম্পর্ক

এই আলোচনাগুলো আধুনিক কসমোলজি (Cosmology), পদার্থবিজ্ঞান (Physics), জীববিজ্ঞান (Biology) এবং মনোদর্শনের (Philosophy of Mind) বিভিন্ন মৌলিক প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। বিশেষত মহাবিশ্ব কী দিয়ে গঠিত এবং এর উৎপত্তি কীভাবে হয়েছে? পদার্থের মৌলিক গঠন ও প্রকৃতি কী? জড় পদার্থ ও জীবন্ত সত্তার মধ্যে পার্থক্য কোথায়? প্রাণ, চেতনা ও আত্মার প্রকৃতি কী? মহাবিশ্বের সামগ্রিক কাঠামোর মধ্যে মানুষের নফস, চেতনা ও সত্তার অবস্থান কোথায়?—এ ধরনের মৌলিক প্রশ্নগুলো এই আলোচনার অন্তর্ভুক্ত।

পঞ্চম মাওয়াকিফ- আল-মাওয়াকিফুল খামিস ফিল ইলাহিয়্যাত

এই পরিচ্ছেদে ওয়াজিবুল উজুদের অস্তিত্বের প্রমাণ, আল্লাহর সত্তার তানজিহ (স্থান, দেহ, সময়, হুলুল বা কোনো কিছুর মধ্যে অধিষ্ঠান এবং যাবতীয় অপূর্ণতা থেকে আল্লাহর পবিত্রতা), তাওহীদ, আল্লাহর উজুদি ও সুবুতি-সালবি সিফাত (কুদরত, ইলম, ইরাদা, হায়াত, সাম‘, বাসার ও কালাম), আল্লাহর কার্যাবলি (তাকদির, হুসন-কুবহ তথা ভালো-মন্দের প্রকৃতি, আল্লাহর কুদরতের তা‘আল্লুক বা কার্যকর সম্পর্ক এবং বান্দার কর্ম), আসমাউল হুসনা (আল্লাহর সুন্দর নামসমূহ) এবং রুয়াতুল্লাহ (আল্লাহকে দর্শন) প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অর্থাৎ, আল্লাহর অস্তিত্ব, সত্তা ও গুণাবলির প্রকৃতি, তাঁর একত্ব ও নিরঙ্কুশ ক্ষমতা, সৃষ্টিজগতের সঙ্গে তাঁর সম্পর্ক এবং মানুষের ইচ্ছা ও কর্মের সঙ্গে ঐশী ইচ্ছা ও ক্ষমতার সম্পর্ককে কেন্দ্র করে কালামশাস্ত্রের মৌলিক ইলাহিয়্যাতসংক্রান্ত বিষয়গুলো বিশ্লেষণ করা হয়।

আধুনিক জ্ঞান ও দর্শনের সঙ্গে সম্পর্ক

এই আলোচনাগুলো দার্শনিক ধর্মতত্ত্ব (Philosophical Theology) এবং ধর্মদর্শনের (Philosophy of Religion) বিভিন্ন মৌলিক প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। বিশেষত আল্লাহর অস্তিত্ব কীভাবে যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করা যায়? তাঁর একত্ব, সত্তা ও গুণাবলির প্রকৃতি কী? আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা ও ন্যায়বিচারের মধ্যে সম্পর্ক কী? ভালো-মন্দের নৈতিক ভিত্তি কী এবং তা কি মানুষের বিবেক ও যুক্তির মাধ্যমে নির্ধারণ করা সম্ভব? মানুষ কি নিজের কর্মের ক্ষেত্রে স্বাধীন, নাকি তার সকল কর্ম পূর্বনির্ধারিত? ঐশী ইচ্ছা ও মানুষের স্বাধীন ইচ্ছার মধ্যে সম্পর্ক কী?—এ ধরনের মৌলিক দার্শনিক ও ধর্মতাত্ত্বিক প্রশ্নগুলো এই আলোচনার অন্তর্ভুক্ত।

ষষ্ঠ মাওয়াকিফ- আল-মাওয়াকিফুস সাদিস ফিস সাম‘ইয়্যাত

এই পরিচ্ছেদে নবুওয়ত (নবী ও রাসুলের পরিচয়, মুজিজা এবং নবুয়তের দাবির সঙ্গে মুজিজার সম্পর্ক, মহানবী হযরত মুহাম্মদ সা.-এর নবুয়ত), ফেরেশতাদের অস্তিত্ব ও প্রকৃতি, কারামত, মাআদ বা পরকালীন প্রত্যাবর্তন এবং আখিরাতসংক্রান্ত বিষয়সমূহ (হাশর, জান্নাত, জাহান্নাম, সওয়াব ও শাস্তি, শাফায়াত, কবরের অবস্থা, মিজান ও হিসাব) নিয়ে আলোচনা করা হয়।

এর পাশাপাশি ঈমান ও কুফর, কবিরা গুনাহ, তাকফির (কাউকে কাফির সাব্যস্ত করা), মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ বিভিন্ন ফিরকা বা মতাদর্শিক গোষ্ঠী এবং ইমামত (ইমাম বা শাসক নিয়োগের আবশ্যকতা, তার শর্তাবলি ও খিলাফতসংক্রান্ত বিতর্ক) প্রভৃতি বিষয় বিশ্লেষণ করা হয়।

অর্থাৎ, ওহী ও শরয়ী বর্ণনার মাধ্যমে জানা যায় এমন বিষয়সমূহের পাশাপাশি নবুওয়তের সত্যতা, ধর্মীয় বিশ্বাসের ভিত্তি, পরকালীন জীবন, মুসলিম সমাজের বিশ্বাসগত বিভাজন এবং রাজনৈতিক নেতৃত্ব ও কর্তৃত্বের বৈধতার মতো গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক ও সামাজিক-রাজনৈতিক প্রশ্নগুলো এই পরিচ্ছেদে আলোচিত হয়।

আধুনিক জ্ঞান ও দর্শনের সঙ্গে সম্পর্ক

এই আলোচনাগুলো আধুনিক রাজনৈতিক দর্শন (Political Philosophy), রাজনৈতিক তত্ত্ব (Political Theory), ধর্মের সমাজবিজ্ঞান (Sociology of Religion), রাজনৈতিক সমাজবিজ্ঞান (Political Sociology) এবং পরকালতত্ত্বের (Eschatology) বিভিন্ন মৌলিক প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। বিশেষত ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্বের ভিত্তি কী? সমাজে নেতৃত্ব ও শাসনের বৈধতা কীভাবে প্রতিষ্ঠিত হয়? ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে সম্পর্ক কী? ধর্মীয় পরিচয় ও মতপার্থক্য কীভাবে সমাজে বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্ম দেয়? নবুওয়াত ও মুজিজার সত্যতা কীভাবে প্রতিষ্ঠিত হয়? মৃত্যুর পর মানুষের অস্তিত্ব ও পরকালীন জীবনের প্রকৃতি কী? মানুষের কর্মের প্রতিদান, ন্যায়বিচার ও শাস্তির ভিত্তি কী?—এ ধরনের মৌলিক ধর্মতাত্ত্বিক, দার্শনিক ও সামাজিক-রাজনৈতিক প্রশ্নগুলোর সঙ্গে এই আলোচনার গভীর সম্পর্ক রয়েছে।

লেখাটি শেয়ার করুন

মতামত প্রকাশ করুন

অনুদান দিন
Scroll to Top