বস্তুবাদী প্রগতি ও ইসলামী বিশ্বদৃষ্টি

৩ বার পঠিত

আমরা সহজেই উপলদ্ধি করতে পারি যে, ইসলাম হচ্ছে আবহমান কাল ধরে ইতিহাসে পরিচিত ধর্মতন্ত্রের (Theocracy) সর্বাধিক পরিপূর্ণ রূপ। এখানে সর্বোপরি রয়েছে ধর্মীয় বিবেচনা এবং তা’ দ্বারাই সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। পশ্চিমী সভ্যতার সঙ্গে এ মনোভাবের তুলনা করলে আমরা এর দৃষ্টিভঙ্গির ব্যাপক পার্থক্যে মুগ্ধ হই।

আধুনিক পাশ্চাত্যে তার কার্যকলাপ ও কর্মপ্রচেষ্টা কেবলমাত্র বাস্তব প্রয়োজন ও চলিষ্ণু সম্প্রসারণের নীতি দ্বারা চালিত। তার মূল লক্ষ্য হচ্ছে এ জীবনের ওপর তার নিজস্ব নৈতিক বাস্তবতা আরোপ না করে জীবনের সম্ভাবনা সম্পর্কে পরীক্ষা করে তাকে আবিষ্কার করা। আধুনিক ইউরোপীয় বা আমেরিকাবাসীর কাছে জীবনের অর্থ ও উদ্দেশ্যের প্রশ্ন দীর্ঘকাল ধরে তার বাস্তব গুরুত্ব হারিয়ে ফেলেছে। তার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কেবলঃ জীবন কেমন রূপ পরিগ্রহ করতে পারে এবং মানবজাতি পরিণামে প্রকৃতির ওপর প্রভুত্ব কায়েম করবার পথে অগ্রসর হচ্ছে কিনা! শেষোক্ত প্রশ্ন সম্পর্কে আধুনিক পশ্চিমের বাসিন্দার কাছে স্বীকৃতিসূচক জবাব মিলবে; এবং এখানে সে ইসলামের সাথে একমত। কোরআন মজীদে আল্লাহ আদম ও তাঁর জাতির উল্লেখ করে বলেনঃ

إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيْفَةً

‘নিশ্চয়ই আমি আমার প্রতিনিধি, প্রেরণ করবো দুনিয়ার বুকে।

(২: ৩০)

এর সুস্পষ্ট অর্থ হচ্ছে, মানুষ দুনিয়ার বুকে শাসন চালাবে ও অগ্রগতি লাভ করবে। কিন্তু মানবীয় অগ্রগতির মান সম্পর্কে ইসলামী ও পাশ্চাত্য দৃষ্টিভঙ্গির মধ্যে তফাৎ রয়েছে। আধুনিক পশ্চিম বাস্তব কৃতিত্ব ও বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশের পথ ধরে সামগ্রিক ধারণায় মানবজাতির ক্রমাগত আত্মিক উন্নতির সম্ভাবনায় বিশ্বাস করে। ইসলামী দৃষ্টিভঙ্গি অবশ্য মানবতা সম্পর্কে পশ্চিমের এই বস্তুবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী চলিষ্ণু ধারণার সরাসরি বিরোধী। সমষ্টি-সত্তা ‘মানব জাতির’ আত্মিক সম্ভাবনাকে ইসলাম মনে করে স্থবির পরিমাণ (Static quantity), যেনো মানব-প্রকৃতির গঠনের মধ্যেই নির্দিষ্টভাবে নির্ধারিত একটা কিছু। ইসলাম পাশ্চাত্যের মতো স্বীকার করে নেয় না যে, মানব-প্রকৃতি তার সাধারণ ব্যক্তিত্বের অতীত ধারণা অনুসারে একটি বৃক্ষের ক্রমবর্ধনের অনুরূপভাবে ক্রমাগত পরিবর্তন ও উন্নতির ধারা অতিক্রম করে চলেছে; কারণ সে প্রকৃতির বুনিয়াদ মানবাত্মা একটি জীবতাত্ত্বিক পরিমাণ (Biological quantity) নয়। আধুনিক ইউরোপীয় চিন্তাধারায় বস্তুবাদী জ্ঞান ও স্বাচ্ছন্দ্যবৃদ্ধিকে মানব জাতির আত্মিক ও নৈতিক উন্নতির সমার্থক ধরে নেবার মতো মৌলিক ভ্রান্তি অ-জীবতাত্ত্বিক সত্যের ক্ষেত্রে জীবতাত্ত্বিক সত্যের বিধি প্রয়োগের মতো সমভাবে মৌলিক ভ্রান্তির কারণেই সম্ভব হয়েছে। আমরা যাকে বলি ‘আত্মা’, তার ওপর আধুনিক পশ্চিমের অবিশ্বাসই রয়েছে এর মূলে। ইসলাম অতীন্দ্রিয় ধারণার ভিত্তিযুক্ত বলেই আত্মাকে মনে করে সন্দেহ বা আলোচনার অতীত বাস্তব। বাস্তব অগ্রগতি ও আত্মিক অগ্রগতি মানব-জীবনের দূ’টি সম্পূর্ণ স্বতন্ত্র দিকের সাথে সম্পর্কযুক্ত বলেই পরস্পর বিরোধী না হলে ও অভিন্ন-এক নয়; এবং এই দূই ধরনের অগ্রগতি যে পরস্পর নির্ভরশীল হবেই, এমন কোনো কথা নেই। একই সঙ্গে উভয় দিকের বিকাশ সাধন হতে পারে, কিন্তু তা অপরিহার্য নয়!

ইসলাম সমষ্টিগতভাবে মানবজাতির বাইরের বাস্তব অগ্রগতির সম্ভাবনা স্পষ্টভাবে স্বীকার করে এবং তার প্রতি বলিষ্ঠ গুরুত্ব আরোপ করে, কিন্তু সঙ্গে সঙ্গে সমষ্টিগত কৃতিত্বের মাধ্যমে সামগ্রিকভাবে মানবতার আত্মিক উন্নতির সম্ভাবনা অস্বীকার করে সুস্পষ্টভাবে।

আত্মিক উন্নতির চলিষ্ণু উপাদান ব্যক্তি-সত্তার মধ্যে সীমাবদ্ধ এবং আত্মিক ও নৈতিক বিকাশের অবকাশ প্রত্যেক ব্যক্তির জন্ম ও মৃত্যুর মধ্যেই সম্ভব। সম্ভবতঃ আমরা সমষ্টিগতভাবে পূর্ণতার দিকে অগ্রসর হতে পরি না। প্রত্যেক ব্যক্তিকেই ব্যক্তি হিসাবে তার আত্মিক লক্ষ্য অর্জনের সংগ্রাম করতে হবে; এবং প্রত্যেককেই তার সংগ্রামের শুরু ও শেষ করতে হবে নিজের আত্মাকে নিয়ে।

মানুষের আত্মিক পরিণতির এই স্বীকৃত ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ভারসাম্য বিধান করে পরোক্ষভাবে স্বীকৃতি দান করেছে ইসলাম তার সমাজ ও সামাজিক সহযোগিতার ধারণা দ্বারা। সমাজের কর্তব্য হচ্ছে বাহ্য জীবনকে এমনভাবে সুসংহত করা, যাতে প্রত্যেক ব্যক্তি তার আত্মিক লক্ষ্যের পথে যথাসম্ভব বাধা এড়িয়ে চলতে পারে এবং তাতে সে যথাসম্ভব বেশী প্রেরণা লাভ করতে পারে। এই কারণেই ইসলামী কানুন বা শরীয়ত মানব-জীবনের আত্মিক ও বাস্তব উভয় দিকের সাথে ব্যক্তিগত ও সামাজিক উভয় বৈশিষ্ট্য সহকারে সমভাবে সংশ্লিষ্ট।

যে ধারণার কথা এখানে বলা হলো, তা সম্ভব হতে পারে কেবল মানবাত্মার অস্তিত্ব সম্পর্কে সঠিক বিশ্বাসের ভিত্তিতে; সুতরাং মানব- জীবনের লোকোত্তর উদ্দেশ্যে, বিশ্বাসের ভিত্তিতেও বটে। কিন্তু যে-ভাবে পাশ্চাত্যের আধুনিক মানুষ আত্মার অস্তিত্বকে উপেক্ষাভরে আধা- অস্বীকার করে থাকে, তাতে তার কাছে জীবনের উদ্দেশ্যের প্রশ্নের কোনো বাস্তব শুরুত্ব নেই। সব রকম মানব-জ্ঞানের অতীত কল্পনা ও বিবেচনাকে পশ্চাতে ফেলেই সে অগ্রসর হয়ে চলেছে। আমরা যাকে বলি ধর্মীয় মনোভাব সব সময়েই তার মূলে থাকে এই বিশ্বাসের বুনিয়াদ যে, সর্বোপরি এক সর্বব্যাপক লোকাতীত নৈতিক বিধানের অস্তিত্ব রয়েছে এবং মানুষ আমরা তার অনুজ্ঞার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। কিন্তু আধুনিক পশ্চিমী সভ্যতা অর্থনৈতিক বা সামাজিক বা জাতীয় প্রয়োজন ব্যতীত অপর কিছুর কাছে আত্মসমর্পণ করবার প্রয়োজন স্বীকার করতে রায়ী নয়। তার উপাস্য দেবতা আত্মিক ধরণের নয়; সে হচ্ছে স্বাচ্ছন্দ্য (Comfort)। আর তার খাঁটি জীবন দর্শনের প্রকাশ পেয়েছে ক্ষমতার খাতিরে ক্ষমতা অর্জনের ইচ্ছার ভিতর দিয়ে। এর উভয়ই হচ্ছে প্রাচীন রোমান সভ্যতার উত্তরাধিকার!

যাঁরা প্রাচীন ইসলামী সাম্রাজ্যের সাথে বারংবার রোমান সাম্রাজ্যের তুলনা করতে শুনেছেন, তাঁদের কাছে একথা অদ্ভুত শোনাতে পারে যে, আধুনিক পাশ্চাত্য জড়বাদের উৎপত্তির জন্য অন্ততঃ কিছুটা হলেও, রোমান সভ্যতাই দায়ী। অতীতে যদি উভয়ের রাজনৈতিক প্রকাশের মধ্যে পারস্পরিক সাদৃশ্য থেকে থাকে, তা হলে ইসলাম ও আধুনিক পাশ্চাত্যের মৌলিক ধারণার মধ্যে এতটা বিঘোষিত বৈষম্য কি করে এলো? এর সোজা জবাব হচ্ছেঃ প্রকৃতপক্ষে তাদের মধ্যে সাদৃশ্য ছিলো না। কৃত্রিম আধা-বিজ্ঞান যে সব মামুলী ঐতিহাসিক মন্তব্য দিয়ে এ-যুগের মানুষের মনকে বিভ্রান্ত করে, পূর্বোক্ত বারংবার উদ্ভৃত তুলনা হচ্ছে তারই অন্যতম। ইসলামী ও রোমান উভয় সাম্রাজ্য বহু বিস্তৃত বিভিন্ন জাতীয় মানুষের ওপর আধিপত্য বিস্তার করেছিলো, এছাড়া তাদের মধ্যে আর কোনো সাদৃশ্যই নেই, কারণ তাদের অস্তিত্বকালে এই দুই সাম্রাজ্য সম্পূর্ণ স্বতন্ত্র চালক-শক্তি (Motive forces) দ্বারা চালিত হয়েছে এবং বলতে গেলে তাদের সামনে ছিলো স্বতন্ত্র ঐতিহাসিক উদ্দেশ্য। এমন কি, সংগঠনের দিক দিয়েও ইসলামী ও রোমান সাম্রাজ্যের মধ্যে আমরা ব্যাপক পার্থক্য দেখতে পাই। রোমান সাম্রাজ্যকে তার পূর্ণ ভৌগোলিক ব্যাপ্তি ও রাজনৈতিক পরিপক্বতার পর্যায়ে সৌছাতে প্রায় হাজার খানেক বছর লেগেছিলো, অথচ ইসলামী সাম্রাজ্যের উত্থান ও পূর্ণতা লাভে লেগেছিলো কম বেশী করে আশী বছর। তাদের পতনের দিক দিয়ে পার্থক্য আরো বেশী বিস্ময়কর। রোমান সাম্রাজ্যের পতন চূড়ান্তরূপ গ্রহণ করেছিলো হন ও গথ জাতির দেশত্যাগে; আর মাত্র এক শতাব্দীর মধ্যে তার পতনের সমাপ্তি ঘটেছিলো এবং এমন ব্যাপকভাবে সে পতন ঘটেছিলো যে, সাহিত্য ও স্থাপত্য ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিলো না।

যে বাইজেন্টাইন সামাজ্যকে রোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী ব’লে সাধারণভাবে ধরা হয়, তার উত্তরাধিকারের মাত্রা এতটা যে, একদা রোমান সাম্রাজ্যের শাসিত কতকগুলি অঞ্চলে তারা কেবল শাসন চালিয়ে গেছে। তার সামাজিক কাঠামো ও রাজনৈতিক সংগঠনের সাথে রোমান শাসন-ব্যবস্থার কোনো সংযোগই ছিলো না। পক্ষান্তরে, যে ইসলামী সাম্রাজ্য খেলাফতরূপ লাভ করেছিলো, তার দীর্ঘ অস্তিত্বের আমলে নিঃসন্দেহে বহুবিধ বিকৃত ও গোষ্ঠি পরিবর্তনের ধারা এসেছিলো, কিন্তু তার কাঠামো অপরিহার্যরূপে একই ছিলো। হন ও গথদের হাতে রোমান সামাজ্য যে আক্রমণের আঘাত সহ্য করেছে, তার চাইতেও কঠিন আঘাত হেনেছে ইসলামী সাম্রাজ্যের ওপর মোংগল আক্রমণ, কিন্তু তাতেও খলিফাদের সাম্রাজ্যের সামাজিক সংগঠন ও অভগ্ন রাজনৈতিক অস্তিত্বের মূলে নাড়া দিতে পারেনি, যদিও তা নিঃসন্দেহে পরবর্তী আমলের অর্থনৈতিক ও বৃদ্ধিবৃত্তিগত স্থবিরতার পথ খোলাসা করেছে। রোমান সামাজ্য ধ্বংস হতে যে এক শতাব্দী সময় লেগেছিলো, তার তুলনায় ইসলামী সাম্রাজ্যের পতনে লেগেছে প্রায় হাজার বছর এবং তার চরম পতন এসেছে ওসমানিয়া সাম্রাজ্যের বিলুপ্তির সঙ্গে সঙ্গে। তারপর থেকেই দেখা দিয়েছে সামাজিক ভাঙনের লক্ষণ, যা আমরা আজকের দিনে লক্ষ্য করছি।

উপরিউক্ত বর্ণনা থেকে আমরা এই সিদ্ধান্তেই পৌছতে বাধ্য হই যে, আবহামানকাল ধরে মানবজাতি যে সব সামাজিক সংগঠনের সাথে পরিচিত হয়েছে, তার মধ্যে ইসলামী জাহানের অন্তর্নিহিত শক্তি ও সামাজিক সুষ্ঠতা সব চাইতে শ্রেষ্ঠ। এমন কি, যে চীনা সভ্যতা বহু শতাব্দী ধরে নিঃসন্দেহে অনুরূপ প্রতিরোধ-শক্তির পরিচয় দিয়েছে, তাকেও এখানে তুলনা হিসেবে দাঁড় করানো যায় না। চীনের অবস্থান একটি মহাদেশের প্রান্তদেশে এবং অর্ধশতাব্দী আগে অর্থাৎ আধুনিক জাপানের অভূত্থান পর্যন্ত যে কোনো প্রতিদ্বন্দ্বী শক্তির নাগালের বাইরেই ছিলো; চেঙ্গিস খান ও তার উত্তরাধিকারীদের আমলের মোংগল আক্রমণ চীন সাম্রাজ্যের প্রান্তভাগের বেশী স্পর্শ করতে পারেনি। কিন্তু ইসলামী সাম্রাজ্য বিস্তার লাভ করেছিলো তিনটি মহাদেশের ওপর এবং সব সময়েই তার চারিদিক ঘিরে ছিলো অমিত বলশালী দূশমন-শক্তি। ইতিহাসের প্রারম্ভ থেকে শুরু করে তথাকথিত নিকট ও মধ্যপ্রাচ্য ছিলো বংশগত ও সাংস্কৃতিক শক্তির সংঘর্ষের অগ্ন্যুদগীরণ কেন্দ্র; কিন্তু অন্ততঃপক্ষে সাম্প্রতিক কাল পর্যন্ত ইসলামী সামাজিক সংগঠনের প্রতিরোধ শক্তি ছিলো অজেয়। এই বিস্ময়কর বৈশিষ্ট্যের ব্যাখ্যার জন্য আমাদের বহু দূরে সন্ধান করতে হয় না; কোরআন শরীফের ধর্মীয় শিক্ষাই পত্তন করেছিলো এক মযবুত বুনিয়াদ, আর হযরত রাসূলে করীম মোহাম্মদ মোস্তফা (সঃ)-এর জীবনাদর্শ সেই অত্যদ্ভুত সামাজিক কাঠামোর চারদিকে এক ইস্পাতবন্ধনী রচনা করেছিলো। রোমান সাম্রাজ্যকে সুসংবদ্ধ করে রাখবার জন্য তেমন কোনো আত্মিক উপাদান ছিলো না; সুতরাং তার ভিতরে এসেছিলো দ্রুত ভাঙ্গন।

দুই প্রাচীন সাম্রাজ্যের মধ্যে আরো একটি পার্থক্য রয়েছে। ইসলামী সাম্রাজ্যে যেখানে কোনো বিশেষ সুবিধাভোগী ভাগ্যবান জাতির অস্তিত্ব ছিলো না এবং তার মশালবাহীরা অতুলনীয় ধর্মীয়সত্য হিসেবে গৃহীত ধারণা প্রচারের কাজেই নিজেদের সকল শক্তি নিয়োগ করতো, সেখানে রোমান সাম্রাজ্যের অন্তর্নিহিত ধারণা ছিলো শক্তির অধিকার অর্জন ও মাতৃভূমির কল্যাণের জন্য অপর জাতির ওপর শোষণ চালানো। একটি বিশেষ সুবিধাভোগী দলের জীবনমান উন্নয়নের জন্য কোনো হিংসাতক কাজই রোমানদের কাছে খারাব বিবেচিত হতো না, কোনো অবিচারকে তারা নীচ মনে করতো না। বিখ্যাত রোমান বিচার (Roman Justice) বলতে বুঝাতো কেবল রোমানদের জন্য বিচারসংগত আচরণ। এটা সুস্পষ্ট যে, এমনি একটা মনোভাব সম্ভব হয়েছে কেবল জীবন ও সভ্যতা সম্পর্কে সম্পূর্ণ জড়বাদী ধারণার বুনিয়াদে, যে জড়বাদ নিশ্চিতরূপে বৃদ্ধিবৃত্তির কাছে রুচিসংগত, কিন্তু তা সত্ত্বেও যে কোনো আত্মিক মাপকাঠিতে গ্রহণের অযোগ্য। তাদের চিরাচরিত উপাস্য দেবতার দল ছিলো গ্রীক পুরানের অস্পষ্ট অনুকরণ, সামাজিক রীতির খাতিরে নীরবে স্বীকৃত নিছক বর্ণহীন ভূতের দল। কোনো দিক দিয়েই এইসব দেবতাকে ‘বাস্তব’ জীবনের ওপর হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি। প্রয়োজন মতো তারা পুরোহিতদের মাধ্যমে প্রত্যাদেশ দিতো; কিন্তু তারা যে কখনো মানুষকে কোনো নৈতিক বিধান দেবে বা তাদের কার্যক্রমাপের পথ নির্দেশ করবে, এমন কোনো কথা ছিলো না।

এমন এক পটভূমির ওপর গড়ে উঠেছে আধুনিক পশ্চিমী সভ্যতা। নিঃসন্দেহে তার বিকাশের ধারায় এসেছে অন্যান্য বহুবিধ প্রভাব এবং স্বাভাবিকভাবেই তাকে একাধিক দিক দিয়ে রোমের সাংস্কৃতিক উত্তরাধিকারকে পরিবর্তন ও সংশোধন করতে হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে, আজকের পাশ্চাত্য নীতিশাস্ত্র ও জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গিতে যা’ কিছু বাস্তব, তার মূল খুঁজে পাওয়া যায় প্রাচীন রোমান সভ্যতায়। প্রাচীন রোমের বৃদ্ধিবৃত্তিসংক্রান্ত ও সামাজিক আবহাওয়া ছিলো সম্পূর্ণ উপযোগবাদী ও ধর্মবিরোধী-যদিও তা প্রকাশ্যে স্বীকৃত হয়নি, আর আজকের আধুনিক পশ্চিমের আবহাওয়াও তা’ থেকে অভিন্ন। লোকোন্তর ধর্মের বিরুদ্ধে কোনোরূপ প্রমাণ পেশ না করে এবং এমন কি, তেমন কোনো প্রমাণের প্রয়োজন স্বীকার না করে আধুনিক পশ্চিমী চিন্তাধারা যেমন ধর্মকে সহ্য করে যায় এবং কথনো কখনো সামাজিক রীতি হিসেবে তার ওপর গুরুত্ব আরোপ করে, তেমনি সাধারণভাবে লোকোন্তর নীতিবাদকে সে রেখে দেয় বাস্তব বিবেচনার গভির বাইরে। পশ্চিমী সভ্যতা কঠোরভাবে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে না, কিন্তু তার বর্তমান বৃদ্ধিবৃত্তি-সংক্রান্ত ধারায় আল্লাহর কোনো স্থান নেই এবং তার কোনো প্রয়োজনও সেখানে অনুভূত হয় না। মানুষের বৃদ্ধিবৃত্তিসংক্রান্ত সংকটের ভিতর দিয়ে সে গড়ে তুলেছে একটি স্বভাব-জীবনের সমগ্রতা উপলব্ধিতে তার অসামর্থ্য। এইভাবে আধুনিক পাশ্চাত্যের মানুষ কেবল সেইসব ধারণার ওপরই বাস্তব গুরুত্ব আরোপ করতে পারে, যা ভূয়োদর্শনলক্ষ বিজ্ঞানের গন্ডির ভিতর আসে, অথবা অন্ততঃপক্ষে যা’ নির্দিষ্টভাবে মনুষের সামাজিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। যেহেতু প্রাথমিক বিবেচনা আল্লাহর অস্তিত্ব এই দুই শ্রেণীর ধারণার কোনোটার মধ্যেই পড়ে না, তাই পাশ্চাত্য মনে যে কোনো বাস্তব কর্তব্যের ক্ষেত্রে আল্লাহকে নির্বাসিত করবার প্রবণতাই দেখা যায়।

এখন প্রশ্ন ওঠেঃ কি করে খৃষ্টীয় চিন্তাধারার সাথে এ মনোভাবের সামঞ্জস্য বিধান করা যেতে পারে? যে খৃষ্টধর্মকে মনে করা হয় পশ্চিমী সভ্যতার আত্মিক উৎস, তা কি লোকোত্তর নীতিবাদের বুনিয়াদের ওপর গড়ে ওঠা ধর্ম নয়? অবশ্যিই তাই। কিন্তু তা যদি হয়, তা’ হলে পশ্চিমী সভ্যতাকে খৃষ্টধর্মেরই অবদান বলার চাইতে বড়ো ভুল আর কিছুই হতে পারে না। কোনোরূপ লোকোত্তর দৃষ্টিভঙ্গি বর্জিত নিছক উপযোগবাদী ধারণা হিসেবে আধুনিক পশ্চিমের প্রকৃত বৃদ্ধিবৃত্তি সংক্রান্ত বুনিয়াদ খুঁজে পাওয়া যাবে জীবন সম্পর্কে প্রাচীন রোমান ধারণার ভিতরে। তাদের এ মনোভাবকে প্রকাশ করতে গিয়ে বলা যায়, ‘যেহেতু আমরা নির্দিষ্টভাবে অর্থাৎ বৈজ্ঞানিক পরীক্ষা ও গণনা দ্বারা মানব জীবনের উদ্ভব ও দৈহিক মৃত্যূর পর তার পরিণতি সম্পর্কে কিছুই জানি না, সেই কারণে বৈজ্ঞানিক প্রমাণের বিরোধী অনুমানের ভিত্তিযুক্ত লোকোত্তর নীতিবাদ ও নৈতিক বিধান দ্বারা বাধাপ্রাপ্ত না হয়ে আমাদের সকল উদ্যম বাস্তব ও বৃদ্ধিবৃত্তিগত সম্ভাবনার বিকাশ সাধনে পূর্নরূপে নিয়োগ করাই উত্তম।’ আধুনিক পশ্চিমী সভ্যতার এই বহু-প্রচলিত মনোভাব ইসলাম অথবা যে কোনো ধর্মের ন্যায় খৃষ্টধর্মের নিকটও গ্রহণের অযোগ্য, কারণ সারবস্তূর দিক দিয়েই তা ধর্মবিরোধী। সুতরাং খৃষ্টধর্মের শিক্ষাকে আধুনিক পশ্চিমী সভ্যতার বাস্তব কৃতিত্বের কারণ হিসেবে ধরে নেয়া অত্যন্ত হাস্যকর। যে শক্তিশালী বৈজ্ঞানিক ও বস্তুবাদী উন্নতির দিক দিয়ে পশ্চিমের বর্তমান সভ্যতা অন্যান্য সভ্যতাকে অক্তক্রম করে গেছে, তাতে খৃষ্টধর্মের দান কিছুই নেই বলা চলে। প্রকৃতপক্ষে, খৃষ্টীয় ধর্মমত ও জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যুগ যুগান্তর ধরে ইউরোপের বুদ্ধিবৃত্তিক সংগ্রাম থেকেই সে সব কৃতিত্ব অর্জিত হয়েছে।

শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতির প্রতি অবজ্ঞাসূচক এক ধর্মীয় পদ্ধতি ইউরোপের আত্মাকে পীড়ন করেছে। যীশুর প্রচারিত বাণীর (gospel) শুরু থেকে শেষ পর্যন্ত যে বৈরাগ্যের সূর ধ্বনিত হয়েছে, অন্যায়ের কাছে নিষ্ক্রিয়ভাবে আত্মসমর্পণের দাবী, আদম ও হাওয়ার স্বর্গচ্যুতির কারণ এই অভিযোগে জীবনের যৌন প্রবণতার অস্বীকৃত মৌলিক পাপ ও ক্রুসবিদ্ধ যীশু, খৃষ্টের আত্মদানের ফলে তার প্রায়শ্চিত্ত সব কিছু মিলে তা’ মানব জীবনের ব্যাখ্যা করেছে একটা সুনির্দিষ্ট স্তর হিসেবে নয় বরং প্রায় প্রয়োজনীয় দুষ্কৃতির পর্যায় হিসেবে-আত্মিক অগ্রগতির পথে শিক্ষাগত বাধা হিসেবে এটা সুম্পষ্ট যে, এই ধরণের বিশ্বাস পার্থিব জ্ঞান সংক্রান্ত উদ্যমশীল প্রচেষ্টায় ও পার্থিব জীবনের অবস্থার উন্নতি বিধানে উৎসাহ যোগায় না। প্রকৃতপক্ষে, সুদীর্ঘকাল ধরে ইউরোপের বুদ্ধিবৃত্তি মানব অস্তিত্ব সম্পর্কে এই অশুভ ধারণা দ্বারা দমিত হয়েছে। মধ্য যুগে যখন গীর্জাই ছিলো সর্বশক্তির আধার, তখন ইউরোপের না ছিলো কোনো প্রাণশক্তি, না ছিলো বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে তার কোন স্থান। এমনকি, একদা যা’ থেকে ইউরোপীয় সংস্কৃতির উদ্ভব হয়েছিলো, সেই রোম ও গ্রীসের দার্শনিক কৃতিত্বের সাথেও সে সব রকম সম্পর্ক হারিয়ে ফেলেছিলো। বুদ্ধিবৃত্তি বিদ্রোহ করেছিলো একাধিকবার; কিন্তু বারংবার তাকে পরাজয় স্বীকার করতে হয়েছে গীর্জার কাছে। মধ্য যুগের ইতিহাস ইউরোপীয় প্রতিভা ও গীর্জার ভাবধারার মধ্যে সেই তীব্র সংঘর্ষের কাহিনীতে ভরপুর।

খৃষ্টীয় ধর্মমত মানুষকে যে বুদ্ধিবৃত্তি সংক্রান্ত দাসত্বের শৃংখলে আবদ্ধ করে রেখেছিলো তা’ থেকে ইউরোপীয় মনের মুক্তি সম্ভব হয়েছে রেনেসাঁর আমলে। কয়েক শতাব্দী ধরে আরবরা পাশ্চাত্যে যে নতুন সাংস্কৃতিক প্রেরণা ও ধারণা বহন করে নিয়েছিলো, তা’ ছিলো এর অন্যতম প্রধান কারণ।

প্রাথমিক ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার পরবর্তী কয়েক শতকে আরবরা প্রাচীন গ্রীক ও হেলেনীয় আমলের সভ্যতার কল্যাণকর দিকগুলো তাদের শিক্ষার অন্তর্ভুক্ত করে তার উন্নতি বিধান করেছিলো। আমি একথা বলি না যে, হেলেনীয় চিন্তাধারা আত্মস্থ করে আরবরা এবং সাধারণভাবে মুসলমানরা কেবল কল্যাণই লাভ করেছিলো, কারণ, প্রকৃত অবস্থা তা’ নয়। হেলেনীয় সংস্কৃতির পুনরুত্থানের ফলে ইসলামী ধর্মশাস্ত্র ও বিধানের মধ্যে এরিস্টোটোলিয়ান ও নিওপ্লেটোনিক দর্শনের অনুপ্রবেশ দ্বারা মুসলিমদের যতোই অসুবিধা সৃষ্টি হয়ে থাকুক না কেন, আরবদের মারফতে তা’ ইউরোপীয়দের মনে বলিষ্ঠ প্রেরণা যুগিয়েছে। মধ্যযুগ ইউরোপের উৎপাদন-ক্ষমতা নিঃশেষ করে দিয়েছিলো। বিজ্ঞান তখন নিশ্চল, কুসংস্কার তখন সর্বোপরি প্রভাব বিস্তার করেছে, সামাজিক জীবন তখন এতোটা আদিম ও অপরিপক্ব যে, আজ তা’ কল্পনা করাও দূরহ। এমনি এক যুগে প্রথমতঃ প্রাচ্যে ক্রসেড-অভিযান ও পাশ্চাত্যে মুসলিম স্পেনের আলোকদীপ্ত বিশ্ববিদ্যালয় সমূহের মাধ্যমে এবং পরবর্তীকালে জেনোয়া ও ভেনিসের প্রজাতন্ত্র কর্তৃক প্রতিষ্ঠিত ক্রমবর্ধিষ্ণু বাণিজ্য সম্পর্কের মাধ্যমে ইসলামী জাহানের সাংস্কৃতিক প্রভাব ইউরোপীয় সভ্যতার রুদ্ধ দ্বারে আঘাত হানলো। ইউরোপীয় সুধী ও চিন্তানায়কদের ঝলসে যাওয়া চোখের সামনে এসে হাযির হলো এমন এক সভ্যতা, যা’ রুচিসংগত, গতিশীল, উদ্দাম প্রাণচাঞ্চল্যে পরিপূর্ণ এ মন এক সাংস্কৃতিক ঐশ্বর্যে সমৃদ্ধ, ইউরোপ যা’ হারিয়ে ফেলেছে ও ভূলে গেছে বহু যুগ আগে। আরবরা যা’ করেছিলো, তা’ প্রাচীন গ্রীসের পুনরুখানের চাইতে বহুগুণ বেশী। তারা গড়ে তুলেছিলো তাদের নিজস্ব বিজ্ঞানের সম্পূর্ণ নতুন জগত এবং খুলে দিয়েছিলো গবেষণা ও দর্শনের অজানা নতুন পথ। বিভিন্ন পথে তারা তা’ পৌঁছে দিয়েছিলো পাশ্চাত্য জগতের হাতে; এবং একথা বললে বেশী বলা হবে না যে, আজকে আমরা যে, বিজ্ঞানের যুগে বাস করছি, তার সূচনা খৃষ্টান ইউরোপের কোনো শহরে হয়নি, হয়েছিলো দামেশক, বাগদাদ, কায়রো, কর্ডোডা, নিশাপুর, সমরকন্দের মতো ইসলামের কেন্দ্রভূমিতে।ইউরোপের ওপর এই সব প্রভাবের ফল হয়েছিলো ব্যাপক।

ইসলামী সভ্যতার স্পর্শে এক নতুন জ্ঞানের আলোকশিখা পাশ্চাত্যের আকাশ প্রদীপ্ত ক’রে তুললো এবং তার ভিতরে সঞ্চার করলো নতুন জীবন ও গতিচাঞ্চল্য। এর মূল্য উপলব্ধি করেই ইউরোপীয় এতিহাসিকরা সেই নব জাগরণ যুগের নামকরণ করেছিলেন রেনেসাঁ- মানে ‘নবজন্ম’। এটা ছিলো সত্যি সত্যিই ইউরোপের নবজন্ম।

ইসলামী তমদ্দুন থেকে প্রবহমান নবচেতনার ধারা ইউরোপের সুধীমনকে নতুন উদ্যমে খৃষ্টীয় গীর্জার বিপজ্জনক আধিপত্যের বিরুদ্ধে সংগ্রামে প্রবৃত্ত হবার শক্তি দান করলো। গোড়ার দিকে এই প্রতিযোগিতার বাইরের রূপ ছিলো সংস্কার-আন্দোলনের এবং তার উনোষ হয়েছিলো ইউরোপের বিভিন্ন দেশে একই সময়ে জীবনের নতুন প্রয়োজনের ক্ষেত্রে খৃষ্টীয় চিন্তা-পদ্ধতিকে কাজে লাগানোর উদ্দেশ্য নিয়ে। তাদের দিক দিয়ে এটি ছিলো একটি সুষ্ঠু আন্দোলন এবং তারা প্রকৃত আত্মিক সাফল্য লাভ করতে পারলে ইউরোপে বিজ্ঞান ও ধর্মীয় চিন্তাধারার মধ্যে নিশ্চিত আপোষ আনয়ন করতে পারতো। কিন্তু মধ্যযুগীয় গীর্জার দুষ্কৃতির ফল এমন সুদূরপ্রসারী ছিলো যে, নিছক সংস্কারের পথে তার প্রতিকার সম্ভব হলো না; উপরন্তু তা’ পরিণতি লাভ করলো স্বার্থসংশ্লিষ্ট দলসমূহের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্বে।

সত্যিকার সংস্কারের পরিবর্তে খৃষ্টধর্মকে বিতাড়িত করা হলো আত্মরক্ষার পথে এবং ধীরে ধীরে তাকে কৈফিয়তের মনোভাব অবলম্বন করতে বাধ্য করা হলো। ক্যাথলিক বা প্রোটেষ্টান্ট কোনো গীর্জাই তার মানসিক দড়াবাজী (acrobatics), তার অবোধ্য মতবাদসমূহ, দুনিয়ার প্রতি তার অবজ্ঞা, সাধারণ নির্যাতিত মানুষের স্বার্থের বিনিময়ে ক্ষমতা ভোগীদের অবিবেচনা প্রসূত সমর্থন ত্যাগ করলো না; এই সব গুরুতর ভূলকে ঢাকা দিয়ে সে চেষ্টা করতে লাগলো, শূন্যগর্ভ প্রতিশ্রুতি দিয়ে তা উড়িয়ে দিতে। সুতরাং দশকের পর দশক, শতকের পর শতক যতোই এগিয়ে যেতে লাগলো, ধর্মীয় চিন্তার প্রভাব ইউরোপে ততোই দুর্বল হতে দুর্বলতর হয়ে চললো। অবশেষে আঠারো শতকে ফরাসী বিপ্রব ও অন্যান্য দেশের তার সাংস্কৃতিক প্রভাব গীর্জার আধিপত্য পুরোপুরি নিশ্চিহ্ন করে দিলো।

এ-সময়ে আবার মনে হলো, যেনো মধ্যযুগীয় অতি সূক্ষ্ম ধর্মমতের স্বেচ্ছাচারিতার অন্ধকার-মুক্ত একটা নতুন আত্মিক সভ্যতার বিকাশের সম্ভাবনা ইউরোপে তখনো রয়েছে। প্রকৃতপক্ষে, আঠারো শতকের শেষ ভাগে ও উনিশ শতকের গোড়ার দিকে আমরা দর্শন, কলা, সাহিত্য ও বিজ্ঞানের ক্ষেত্রে কতিপয় শ্রেষ্ঠ ও আত্মিক দিক দিয়ে অতি শক্তিশালী ইউরোপীয় ব্যক্তিত্বের আবির্ভাব দেখতে পাই। কিন্তু জীবনের এই আত্মিক ও ধর্মীয় ধারণা ছিলো কতিপয় ব্যক্তি বিশেষের মধ্যে সীমাবদ্ধ। ইউরোপের বিপুল সংখ্যক সাধারণ মানুষ দীর্ঘকাল ধর্মীয় মতবাদের কারাগারে আবদ্ধ থেকে মানুষের স্বাভাবিক প্রচেষ্টার সাথে সব সম্পর্ক হারিয়ে ফেলেছিলো। তাই একবার শৃংখলমুক্ত হ’য়ে তারা আর ধর্মীয় সংগঠনের দিকে পা বাড়াতে রাজী হলো না।

সম্ভবতঃ যীশুযুষ্টকে আল্লাহর পুত্র হিসাবে পেশ করার প্রচলিত ধারণাই সব চাইতে গুরুত্বপূর্ণ বুদ্ধিগত কারণ, যা’ ইউরোপের ধর্মীয় পুনরুত্থানের পথে অন্তরায় সৃষ্টি করেছে। দার্শনিক মনোভাব সম্পন্ন খৃষ্টানরা অবশ্যি এই পুত্রদের ধারণাকে আক্ষরিক অর্থে গ্রহণ করেননি; এ দিয়ে তাঁরা বুঝেছেন মানব-রূপে আল্লাহর করুণার প্রকাশ। কিন্তু দুর্ভাগ্যবশতঃ প্রত্যেকেরই তো আর দার্শনিক মন নেই! খৃষ্টানদের বিপুল সংখ্যাগরিষ্ঠের কাছে ‘পুত্র’ কথাটির অতি প্রত্যক্ষ অর্থ ছিলো ও রয়েছে, যদিও তার মধ্যে সব সময়েই একটা ভাববাদী গন্ধ লেগে আছে।

যীশুখৃষ্টের আল্লাহর পুত্র হওয়ার মানবরূপ গ্রহণের ধারণার দিকে, যেনো আল্লাহ শ্বেত-প্রবাহমান-শুশ্রুধারী করণাময় বৃদ্ধের রূপ পরিগ্রহ করেছেন; এবং অসংখ্য বিখ্যাত শিল্পীর তুলিতে অংকিত এই রূপ ইউরোপীয় মানুষের অবচেতন মনের ওপর চিরন্তন দাগ কেটে রয়েছে।

যখন গীর্জার প্রচারিত মতবাদের আধিপত্য ইউরোপের ওপর সর্বোপরি প্রচলিত ছিলো, তখন এই বিচিত্র ধারণা সম্পর্কে কোনো প্রশ্ন উথাপনের প্রবণতা দেখা যায়নি। কিন্তু যখন মধ্যযুগীয় বৃদ্ধির শৃংখলা একবার ভাঙ্গলো, তখন ইউরোপীয় চিন্তাশীল ব্যক্তিরা মানব-আকৃতি বিশিষ্ট পিতৃরূপী ঈশ্বরের সাথে আপোষ করতে পারলেন না পক্ষান্তরে, আল্লাহর এই মানবরূপ গ্রহণের ধারণা আল্লাহ সম্পর্কে প্রচলিত ধারণার ক্ষেত্রে সমস্যা হয়ে দেখা দিলো। এক আলোকের যুগ অতিক্রমণের পর ইউরোপীয় চিন্তানায়করা আল্লাহর ধারণা সম্পর্কে গীর্জার শিক্ষার প্রতি পৃষ্ঠপ্রদর্শন করলেনঃ এবং যেহেতু এই একমাত্র ধারণায়ই তারা অভ্যন্ত ছিলেন, তাই তারা আল্লাহর অস্তিত্বের ধারণাকে এবং সাথে সাথে ধর্ম সম্পর্কিত ধারণাকে অগ্রাহ্য করতে শুরু করলেন।

এছাড়াও শিল্পায়নের নতুন যুগ তার সাথে নিয়ে এলো গৌরবময় বাস্তব অগ্রগতির চাকচিক্য এবং তা’ মানুষের মনোযোগ অন্য দিকে আকৃষ্ট করে ইউরোপের ধর্মীয় ক্ষেত্রে আরো বেশী করে শূন্যতা সৃষ্টির সহায়তা করলো। এই শূন্যতার মাঝখানে পশ্চিমী সভ্যতার বিকাশ এক মর্মান্তিক পরিণতির দিকে আবর্তন করলো-এ আবর্তন তাদেরই দৃষ্টিতে মর্মান্তিক, যারা ধর্মকে ধরে নিয়েছে মানব-জীবনের বলিষ্ঠতম বাস্তবতা হিসেবে খৃষ্টধর্মের পূর্বতন গোলামীর শৃংখল থেকে মুক্ত হয়ে আধুনিক পাশ্চাত্য মন সীমানা অতিক্রম করে ধীরে ধীরে ক্রমাগত মানুষের যে কোনো প্রকার আত্মিক দাবীর বিরোধিতার দিকে পা বাড়ালো। পুনর্বার আত্মিক আধিপত্যের দাবীদার শক্তিসমূহের চাপে কোণঠাসা হওয়ার অবচেতন ভীতির দরুন ইউরোপ নীতি ও কর্মের দিক দিয়ে যে কোনো ধর্মবিরোধিতার অগ্রনায়ক হয়ে ওঠলো। সে প্রত্যাবর্তন করলো তার প্রাচীন রোমান ঐতিহ্যেরই পথে।

অন্যান্য ধর্মের ওপর খৃষ্টধর্মের অন্তর্নিহিত শ্রেষ্ঠত্বই যে পাশ্চাত্য দেশসমূহকে তাদের গৌরবময় বাস্তব অগ্রগতির অধিকার দান করেনি, কেউ এরূপ মতবাদ প্রকাশ করলে তাকে দোষ দেয়া যায় না’ কারণ খৃষ্টীয় গীর্জার প্রচারিত নীতির বিরুদ্ধে ইউরোপের ঐতিহাসিক বুদ্ধিবৃত্তির সংগ্রাম ব্যতীত এ কৃতিত্বে চিন্তা করাও অসম্ভব। যে খৃষ্টীয় ‘আধ্যাত্মিকতা’ জীবনের স্বাভাবিক সত্য থেকে বিচুত হয়েছিলো, জীবন সম্পর্কে ইউরোপের বর্তমান জড়বাদী ধারণা তার ওপর ইউরোপের নির্মম প্রতিশোধ।

খৃষ্টধর্ম ও আধুনিক পশ্চিমী সভ্যতার মধ্যকার ঘরোয়া সম্পর্কের গভীরতর আলোচনা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি শুধু এখানে দেখাতে চেষ্টা করেছি তিনটি কারণ-সম্ভবতঃ তিনটি প্রধান কারণ, কেন সে সভ্যতা তার ধারণা ও কর্মপদ্ধতির দিক দিয়ে এতো ব্যাপকভাবে ধর্মবিরোধী। এক কারণ হচ্ছে, মানব-জীবন ও তার অন্তর্নিহিত মূল্য সম্পর্কে সম্পূর্ণ জড়বাদী মনোভাব সহ রোমান সভ্যতার ঐতিহ্য, অপর কারণ, বাস্তব দুনিয়ার প্রতি খৃষ্টীয় ধর্মমতের উপেক্ষা এবং মানুষের স্বাভাবিক আকাংখা ও ন্যায়সংগত প্রচেষ্টা দমনের (রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা ভোগীদের সাথে গীর্জার চিরাচরিত মৈত্রী এবং ক্ষমতাভোগীদের উদ্ভাবিত যে- কোনো শোষণের ক্ষেত্রে তার নির্মম সমর্থন সহ্য করার) বিরুদ্ধে মানব প্রকৃতির বিদ্রোহ এবং সর্বশেষে, আল্লাহর মানবরূপে আত্মপ্রকাশের ধারণা। ধর্মের বিরুদ্ধে এ বিদ্রোহ সম্পূর্ণ সফল হয়েছিলো-এতোটা সফল হয়েছিল যে, বিভিন্ন খৃষ্টীয় সম্প্রদায় এবং গীর্জাসমূহও ইউরোপের পরিবর্তিত সামাজিক ও বুদ্ধিবৃত্তি সংক্রান্ত অবস্থার সংগে তাদের মতামতকে খাপ খাইয়ে নিতে বাধ্য হয়েছিল।

ধর্মের প্রাথমিক শর্ত অনুযায়ী অনুগামীদের সামাজিক জীবনকে প্রভাবিত ও রূপায়িত করার পরিবর্তে খৃষ্টধর্ম নিজকে একটা মেনে নেওয়া রীতি ও রাজনৈতিক প্রচেষ্টার ছদ্মাবরণের পর্যায়ে নামিয়ে দিয়েছে। জনসাধারণের কাছে তার রয়েছে নিছক আনুষ্ঠানিক অর্থ, যেমন ছিলো সেকালের রোমান দেবদেবীদের। সমাজের ওপর তার কোনো বাস্তব প্রভাব ছিলো না এবং থাকতেও দেয়া হতো না। নিঃসন্দেহে পশ্চিম দেশে এখনো এমন বহু ব্যক্তি আছেন, যারা ধর্মীয় ধারায় অনুভব করেন, চিন্তা করেন এবং প্রাণপণ চেষ্টা করেন তাদের ধর্মবিশ্বাস ও সভ্যতার মধ্যে সমন্বয় ঘটাতে, কিন্তু তারা হচ্ছেন ব্যতিক্রম মাত্র।

গণতন্ত্রী অথবা ফ্যাসিস্ট, পুঁজিবাদী অথবা বলশেভিক, দিন-মজুর অথবা বৃদ্ধিজীবী-পাশ্চাত্যের যে-কোনো সাধারণ বাসিন্দা জানে শুধু একমাত্র সঠিক ধর্ম, এবং তা’ হচ্ছে বস্তুবাদী অগ্রগতির পূজা; তার বিশ্বাস, জীবনকে ক্রমাগত সহজতর করে তোলা ছাড়া জীবনের আর কোনো লক্ষ্য নেই, অথবা আরো চলতি কথায় ‘প্রকৃতি নিরপেক্ষ’ (independent of Nature) হওয়াই হচ্ছে তার ধর্ম। বিরাট বিরাট কারখানা, সিনেমা, রাসায়নিক গবেষণাগার, নৃত্যকলাভবন, জলবিদ্যুতকেন্দ্র হচ্ছে তার ধর্ম মন্দির; আর তার পুরোহিত হচ্ছে ব্যাংকার, ইঞ্জিনিয়ার অভিনেতা-অভিনেত্রী, শিল্পপতি-বৈমানিক। ক্ষমতা ও আনন্দের এই নেশার অপরিহার্য পরিণাম হয়েছে যখন তখন যেখানে সেখানে স্বার্থের সংঘাতের ফলোশ্রুত সশস্ত্র দ্বন্দ্ব। আর সাংস্কৃতিক ক্ষেত্রে এর ফল হচ্ছে এমন এক ধরণের মানুষ সৃষ্টি, যাদের নীতিবোধ নিছক উপযোগবাদের প্রশ্নে সীমাবদ্ধ এবং যার ভালোমন্দের মাপকাঠি হচ্ছে একমাত্র বস্তুবাদী সাফল্য।

পশ্চিমের সামাজিক জীবনে বর্তমানে যে নিশ্চয় রূপান্তর আস্ছে, তাতে দিনের পর দিন উপযোগবাদী নীতিবোধ সুস্পষ্ট হয়ে উঠছে।

কারিগরী যোগ্যতা, দেশাত্মবোধ, জাতীয়তাবাদী দলীয় বোধের মতো বস্তুবাদী সমাজ কল্যাণের সাথে প্রত্যক্ষ সংশ্লিষ্ট সকল দিককে দেওয়া হচ্ছে উচ্চ মর্যাদা এবং কখনো কখনো তার মূল্য অহেতূক অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে; সন্তান বৎসল্য বা যৌন বিশ্বস্ততার মতো যে সব গুণকে সাম্প্রতিক কাল পর্যন্ত নিছক নৈতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা হতো, তাদের গুরুত্ব দ্রুত লোপ পেয়ে যাচ্ছে, কারণ সমাজের ওপর তাদের কোনো নির্দিষ্ট বস্তুবাদী কল্যাণ দেখা যাচ্ছে না। শ্রেণী বা গোষ্ঠীর কল্যাণের জন্য বলিষ্ঠ পারিবারিক বন্ধনের চূড়ান্ত প্রয়োজন অনুভূত হতো যে যুগে, আধুনিক পাশ্চাত্যে তার স্থান অধিকার করছে ব্যাপকতর শিরোনামযুক্ত এক নতুন সমাজ-সংহতির যুগ। যে সমাজ অপরিহার্যরূপে শিল্প-বিজ্ঞান-প্রভাবিত এবং যা’ দ্রুত ক্রমবর্ধমান গতিতে নিছক যান্ত্রিক ধারায় গড়ে উঠেছে, সেখানে পিতার প্রতি পুত্রের আচরণের কোনো বিশেষ সামাজিক গুরুত্ব থাকতে পারে না, যতোক্ষণ ব্যক্তি বিশেষ তার আচরণে পারস্পরিক সংযোগ সম্পর্কে সমাজের নির্ধারিত সাধারণ শালীনতার সীমার মধ্যে থেকে কাজ করে। ফলে পাশ্চাত্যের পিতা প্রতিদিন পুত্রের ওপর তার কর্তৃত্ব ক্রমাগত হারিয়ে ফেলেছে এবং সম্পূর্ণ ন্যায়সংগতভাবে পুত্র পিতার প্রতি শ্রদ্ধা হারাচ্ছে। যে যান্ত্রিক সমাজের অন্তর্নিহিত প্রবণতা রয়েছে ব্যক্তি বিশেষের ওপর অপরের প্রাপ্ত সুযোগ-সুবিধা লোপ করার, তার বিধান তাদের পারস্পরিক সম্পর্কের ওপর ধীরে ধীরে প্রাধান্য বিস্তার করছে, এবং প্রকৃতপক্ষে তাকে অচল করে দিচ্ছে, কারণ উপরোক্ত ধারণার ন্যায়সংগত বিকাশের খাতিরে পারিষারিক সম্পর্কের সুযোগ-সুবিধাও লোপ পেতে বাধ্য।

এরই সাথে সাথে সমান্তরালভাবে চলেছে ‘প্রাচীন’ যৌন নীতিবোধের ক্রমাগত ভাঙ্গন। আধুনিক পাশ্চাত্যে যৌন বিশ্বস্ততা ও শৃংখলা দ্রুত অতীতের কাহিনীতে পর্যবসিত হচ্ছে, কারণ এ সব গুণ প্রধানতঃ ধর্মনীতির প্রেরণায় জন্মলাভ করেছিলো; এবং সমাজের বস্তুবাদী কল্যাণের ক্ষেত্রে ধর্মীয় বিবেচনার কোনো নির্দিষ্ট অব্যবহিত প্রভাব নেই। সুতরাং যৌন সম্পর্কের শৃংখলা দ্রুত হারিয়ে ফেলছে তার গুরুত্ব এবং তার স্থান অধিকার করছে এক নতুন নীতিবোধ যাতে মানব-দেহের অসংযত ব্যক্তি স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে যৌন নিয়ন্ত্রণ সম্ভব হতে পারে কেবলমাত্র জনসংখ্যা ও সুপ্রজননের প্রশ্ন বিবেচনায়।

কি করে ওপরে বর্ণিত ধর্মবিরোধী বিবর্তন ধারা সোভিয়েত রাশিয়ায় তার স্বাভাবিক চরম রূপ পরিগ্রহ করেছে, তার আলোচনা এখানে অপ্রাসঙ্গিক হবে না। রাশিয়ার সাংস্কৃতিক ক্ষেত্রে পাশ্চাত্য জগতের অবশিষ্টাংশ থেকে অপরিহার্যরূপে স্বতন্ত্রভাবে তার বিকাশ হয়নি। পক্ষান্তরে, মনে হয় যে, কমিউনিষ্ট পরীক্ষা (experiment) আধুনিক পশ্চিমী সভ্যতার স্বীকৃত ধর্মবিরোধী এবং পরিণামে আধ্যাত্মিকতা বিরোধী প্রবণতার পরিণতি ও পূর্ণতা ব্যতীত আর কিছুই নয়। এমনও হতে পারে যে, পুঁজিবাদী পাশ্চাত্য ও কমিউনিজমের মধ্যে বর্তমান তীব্র বিরোধের একমাত্র কারণ মূলের দিক দিয়ে হয়তো এই যে, দু’টি অপরিহার্যরূপে সমান্তরাল আন্দোলন তাদের সাধারণ লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে স্বতন্ত্র গতিতে। ভবিষ্যতে তাদের আভ্যন্তরীণ সাদৃশ্য নিশ্চিতরূপে সুস্পষ্ট হ’য়ে ওঠবে কিন্তু এখনো পাশ্চাত্য পুঁজিবাদ ও কমিউনিজম উভয়ের মধ্যে ‘সমাজ’ নামে অভিহিত এক সমষ্টিগত যন্ত্রের নির্জল বস্তুবাদী প্রয়োজনের কাছে মানুষের আস্থিক ব্যক্তিত্ব ও নীতিবোধকে বলি দেবার মৌলিক প্রবণতা লক্ষ্য করা যায়, যেখানে ব্যক্তি হচ্ছে সমাজচক্রের একটি দাঁতের মতো।

একমাত্র সম্ভাব্য সিদ্ধান্ত হচ্ছে এই যে, এই ধরণের সভ্যতা ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা যে কোন সংস্কৃতির পক্ষে মারাত্মক বিষের মতো হতে বাধ্য। ইসলামী চিন্তাধারা স্ববলম্বন করা এবং পশ্চিমী সভ্যতার বিধান অনুযায়ী জীবন-যাপন করা অথবা বিপরীত অবস্থা সম্ভব কিনা, আমাদের এই মূল প্রশ্নের জবাব অবশ্যই নেতিবাচক। ইসলামে সর্ব প্রথম ও সর্বপ্রধান লক্ষ্য হচ্ছে মানুষের নৈতিক অগ্রগতি, সুতরাং ধর্মীয় বিবেচনা সেখানে নিছক, উপযোগবাদী বিবেচনার ওপর প্রাধান্য লাভ করবেই। আধুনিক পশ্চিমী সভ্যতার ক্ষেত্রে অবস্থা ঠিক এর বিপরীত। সকল মানবীয় কার্যকলাপের ওপর আধিপত্য করছে বস্তুবাদী উপযোগিতার বিবেচনা এবং ধর্মীয় নীতিবাদকে নিক্ষেপ করা হয়েছে জীবনের পশ্চাদ্দেশে। সমাজের ওপর প্রভাব বিস্তারের সকল ক্ষমতা থেকে বঞ্চিত করে নীতিবাদকে সীমাবদ্ধ করা হয়েছে নিছক পুঁথিগত অস্তিত্বে। এরূপ অবস্থায় ধর্মীয় নীতিবাদের আলোচনা মোনাফেকী ছাড়া আর কিছুই নয়। সুতরাং আধুনিক পাশ্চাত্য চিন্তানায়কদের মধ্যে বৃদ্ধিবৃত্তির দিক দিয়ে সুরুচিসম্পন্ন ব্যক্তিগণ পাশ্চাত্য সভ্যতার সামাজিক পরিণাম সম্পর্কে কল্পনা করতে গিয়ে লোকোত্তর ধর্মীয় নীতিবাদের উল্লেখ না করলে তা’ সংগতই বিবেচিত হয়। যারা অপেক্ষাকৃত কম শালীনতা সম্পন্ন এবং যারা নৈতিক মনোভাবের দিক দিয়ে কম স্পষ্ট, তাদের কাছে লোকোত্তর ধর্মীয় নীতিবাদ চিন্তাধারার অযৌক্তিক দিক হিসাবে গৃহীত হয় অনেকটা তেমনি করে, যেমন কোনো গণিত শাস্ত্রবিদ এমন কতগুলো ‘অযৌক্তিক’ রাশি নিয়ে কাজ করে যান, যার কোনো নির্দিষ্ট অর্থ নেই, অথচ মানব-মনের মৌলিক অসামর্থ্য হেতু কল্পনার শূণ্যস্থান পূরণের জন্য তার প্রয়োজনও থাকে।

ধর্মীয় নীতিবাদের প্রতি এমনি পাশ-কাটানো মনোভাব কোনো ধর্মীয় আবর্তনের ক্ষেত্রে নিশ্চিতরূপে অসামঞ্জস্য; সুতরাং ইসলামের সাথে আধুনিক পশ্চিমী সভ্যতার নৈতিক ভিত্তির কোনো সামঞ্জস্য নেই।

এই অবস্থা সঠিক এবং ফলিত বিজ্ঞানের (exact and applied science) ক্ষেত্রে পাশ্চাত্য থেকে মুসলমানদের বিশেষ প্রেরণা লাভে বাধা দেয় না; কিন্তু সেখানেই তাদের সাংস্কৃতিক সম্পর্কের শুরু ও শেষ হওয়া প্রয়োজন। আরো অগ্রসর হয়ে মূলের দিক দিয়ে পাশ্চাত্য সভ্যতার, তার জীবন-পদ্ধতি ও সামাজিক সংগঠনের অনুকরণ করা ধর্মীয় রাষ্ট্র-ব্যবস্থা ও বাস্তব ধর্ম ইসলামের অস্তিত্বের মূলে মারাত্মক আঘাত হানা ব্যতীত অসম্ভব।

অনুবাদঃ সৈয়দ আবদুল মান্নান

লেখাটি শেয়ার করুন

মতামত প্রকাশ করুন

অনুদান দিন
Scroll to Top