পুঁজিবাদ যখন ওযু করে: ইসলামী অর্থচিন্তার আলোকে ড. আলী শরীয়তির সমালোচনা

ভূমিপুঁজিবাদের গায়ে দ্বীনের আবরণ

পুঁজিবাদ যখন ইসলামের পোশাক পরে, শোষণ যখন দ্বীনের ভাষায় বৈধতা পায়, আর সম্পদের পাহাড় গড়ে তোলাকে যখন আল্লাহর দেওয়া নিয়ামত বলে প্রচার করা হয়, তখন সেই ব্যবস্থাকে কী নামে ডাকা যায়? ইরানের প্রখ্যাত ইসলামী চিন্তক ও গবেষক ড. আলী শরীয়তি (১৯৩৩–১৯৭৭) এমন এক ব্যবস্থার সমালোচনা করেছিলেন, যাকে তিনি অভিহিত করেন Abluted Capitalism নামে। বাংলায় একে বলা যায় ‘ওযু-করা পুঁজিবাদ’। নামটি শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে মুসলিম সমাজের অর্থনৈতিক ইতিহাস নিয়ে এক গভীর সমালোচনা। ড. আলী শরীয়তি বলতে চেয়েছেন, পুঁজিবাদী ব্যবস্থার গায়ে ইসলামী পরিচয়ের আবরণ চাপিয়ে দিলেই তা শরীয়তসম্মত হয়ে যায় না। কোনো অর্থনৈতিক কাঠামো যদি জুলুম, বৈষম্য ও সম্পদের একচেটিয়া কর্তৃত্বের ওপর দাঁড়িয়ে থাকে, তবে দ্বীনি পরিভাষা ব্যবহার করে কিংবা তার ওপর পবিত্রতার প্রলেপ লাগিয়ে সেই কাঠামোর মাফসাদাত দূর করা সম্ভব নয়।

ড. আলী শরীয়তির এই সমালোচনার পেছনে রয়েছে মুসলিম সমাজের দীর্ঘ ইতিহাস। তার মতে, বিভিন্ন মুসলিম সালতানাত ও রাজবংশীয় শাসনামলে এমন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল, যেখানে শাসকগোষ্ঠী সম্পদ ও ক্ষমতার ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। আলেমসমাজ ও ধর্মীয় অভিজাতদের একটি অংশ সেই ব্যবস্থাকে বৈধতা দিয়েছিল দ্বীনেরই ভাষায়। ফলে সমাজের অর্থনৈতিক কাঠামোয় জুলুম ও বৈষম্য থেকে গেলেও তার বাহ্যিক পরিচয় হয়ে উঠেছিল ইসলামী। ড. আলী শরীয়তির আপত্তি ছিল এখানেই। যে ইসলাম মানুষকে আদল, ইনসাফ, আমানতদারি ও হুকুকুল ইবাদ আদায়ের শিক্ষা দেয়, সেই ইসলামের নাম ব্যবহার করেই যদি কানয বা সম্পদের অন্যায্য পুঞ্জীভবনকে স্বাভাবিক করে তোলা হয়, তবে তা দ্বীনের মূল মাকাসিদের সঙ্গে এক গভীর স্ববিরোধিতা সৃষ্টি করে।

এই চিন্তা শুধু অতীতের মুসলিম সালতানাত নিয়ে কোনো ঐতিহাসিক বিতর্ক নয়। আধুনিক মুসলিম সমাজেও এর প্রাসঙ্গিকতা রয়েছে। আজও অনেক মুসলিম চিন্তক ও তরুণ ইসলামের আখলাকী শিক্ষার ভেতর থেকে আদলে ইজতিমায়ি, অর্থনৈতিক ইনসাফ এবং জুলুমমুক্ত সমাজের পথ খুঁজে পান। তাদের অনেকের কাছে ড. আলী শরীয়তি অনুপ্রেরণার নাম। কারণ তিনি ইসলামকে কেবল ব্যক্তিগত ইবাদত, তাযকিয়াতুন নফস কিংবা দ্বীনি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে দেখেননি। তার কাছে ইসলাম ছিল এমন এক সামগ্রিক জীবনদর্শন, যা মানুষের রুহানি পরিশুদ্ধির পাশাপাশি সামাজিক মর্যাদা, অর্থনৈতিক ইনসাফ ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নকেও গুরুত্ব দেয়। আকীদা, আখলাক, মু’আমালাত ও সিয়াসাত তার চিন্তায় পরস্পর বিচ্ছিন্ন কোনো বিষয় ছিল না। বরং এগুলোর মধ্যকার সম্পর্ক অনুসন্ধানের মাধ্যমেই তিনি ইসলামের সামাজিক হাকীকত উপলব্ধি করতে চেয়েছেন।

মাত্র চুয়াল্লিশ বছর বয়সে ড. আলী শরীয়তির জীবনাবসান ঘটে। প্রচলিত দ্বীনি ও বুদ্ধিবৃত্তিক ধারার সঙ্গে তার চিন্তার গভীর বিরোধ ছিল। ফলে জীবদ্দশায় তাকে রাজনৈতিক নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে, আবার আলেমসমাজ ও একাডেমিক মহলেও তার বক্তব্য নিয়ে তীব্র ইখতিলাফ তৈরি হয়েছে। কিন্তু বিতর্কের মধ্যেও তার চিন্তার একটি স্বতন্ত্র গুরুত্ব রয়েছে। ইসলামের ইতিহাসকে তিনি এমনভাবে পড়তে চেয়েছেন, যেখানে আকীদা ও দ্বীনি আদর্শের পাশাপাশি সমাজ, রাষ্ট্র, সম্পদ, ক্ষমতা ও শ্রেণিসম্পর্কের প্রশ্নগুলোও সামনে আসে। একদিকে ইসলামকে তার ঐতিহাসিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেখার প্রাচ্যবাদী প্রবণতা, অন্যদিকে মুসলিম ইতিহাসের ক্ষমতা ও অর্থনৈতিক সংঘাতকে আড়াল করে রাখার প্রবণতা, ড. আলী শরীয়তি উভয়ের বাইরে গিয়ে ইতিহাসকে বোঝার চেষ্টা করেছেন।

তার বিপুল রচনাসম্ভারের একটি অংশই ইংরেজি ও অন্যান্য ইউরোপীয় ভাষায় অনূদিত হয়েছে। ফলে তার চিন্তার অনেক গুরুত্বপূর্ণ দিক বৃহত্তর পাঠকসমাজের কাছে এখনো অপরিচিত। আলোচ্য গবেষণার লেখকও এ কারণে ড. আলী শরীয়তির রচনার তুর্কি অনুবাদের ওপর বিশেষভাবে নির্ভর করেছেন। এখানে মূলত ড. আলী শরীয়তির অর্থনৈতিক চিন্তা, প্রচলিত ইসলামী অর্থব্যবস্থার প্রতি তার সমালোচনা এবং সেই ঐতিহাসিক পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে, যার ভেতর ফিকহের কিছু প্রভাবশালী ব্যাখ্যা সম্পদের ব্যক্তিগত মিলকিয়্যাহ ও সঞ্চয়কে স্বীকৃতি দিলেও সম্পদের ন্যায়সংগত বণ্টনের প্রশ্নকে অনেকাংশে আখলাকী নসিহতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছিল।

এই আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে রাসূল (স.)-এর সাহাবি আবু জার গিফারি (রা.)-এর জীবন ও সংগ্রাম। ড. আলী শরীয়তির কাছে আবু জার (রা.) ছিলেন এমন এক মানুষের প্রতীক, যিনি সম্পদের মোহ ও ক্ষমতার প্রলোভনের সামনে ইসলামের ইনসাফভিত্তিক শিক্ষার প্রশ্নে আপস করেননি। তার আবু জার (রা.) এবং ইসলাম ও শ্রেণিকাঠামো বিষয়ক রচনাগুলো মুসলিম বিশ্বের চিন্তাজগতে গভীর আলোড়ন তুলেছিল। তবু মানুষের মুক্তি, আদলে ইজতিমায়ি এবং সম্পদের শরীয়তসম্মত ব্যবহার নিয়ে এসব রচনার যে প্রশ্ন, তার আবেদন আজও ফুরিয়ে যায়নি।

নবুয়ত: মানবমুক্তির এক নতুন পাঠ

ড. আলী শরীয়তির চিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক হলো নবুয়তের ইতিহাসকে সমাজের বাস্তবতার সঙ্গে মিলিয়ে পড়ার চেষ্টা। বিংশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকে তিনি এমন এক সময়ের সাক্ষী ছিলেন, যখন পুঁজিবাদ ক্রমেই মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব বিস্তার করছিল। তার চোখে এই প্রভাব শুধু ধনী ও দরিদ্রের ব্যবধান বাড়িয়ে দিচ্ছিল না, মানুষের আখলাক, মুআশারাত, রুহানি জীবন এবং রাজনৈতিক স্বাধীনতাকেও বিপন্ন করে তুলছিল। মুসলিম সমাজের অবস্থাও তাকে ব্যথিত করেছিল। সেখানে দ্বীনি আনুষ্ঠানিকতার অভাব ছিল না, কিন্তু ইনসাফ ছিল দুর্বল; ইবাদতের আয়োজন ছিল, অথচ মানুষের মর্যাদা ও স্বাধীনতা ছিল সংকুচিত; কোথাও সম্পদের প্রাচুর্য ছিল, আবার সেই সমাজেই অসংখ্য মানুষ অভাব ও বঞ্চনার মধ্যে জীবন কাটাচ্ছিল।

এই বাস্তবতা থেকেই ড. আলী শরীয়তি নবীদের জীবনকে নতুনভাবে বোঝার চেষ্টা করেছেন। তার মতে, আল্লাহ যুগে যুগে নবী-রাসূলদের পাঠিয়েছেন মানুষকে হকের পথে আহ্বান করার পাশাপাশি তাদের সময়ের জুলুম, ফাসাদ ও আখলাকী অবক্ষয়ের মোকাবিলা করতে। নবীদের চারপাশে যারা সমবেত হয়েছিলেন, তারা কেবল একটি নতুন দ্বীনি পরিচয়ের অনুসারী ছিলেন না। তারা ছিলেন আদর্শবান, সত্যনিষ্ঠ ও আত্মত্যাগী মানুষ, যারা বিশ্বাস করতেন, মানুষের জীবনকে আরও সুন্দর, মর্যাদাপূর্ণ ও ইনসাফভিত্তিক করে গড়ে তোলা সম্ভব। নবীদের দাওয়াত তাই মানুষের আকীদাকে যেমন পরিবর্তন করেছে, তেমনি তাদের আখলাক, মুয়ামালাত এবং অন্য মানুষের হক আদায়ের চেতনাকেও নতুনভাবে গড়ে তুলতে চেয়েছে।

ড. আলী শরীয়তির ব্যাখ্যায় নবুওয়াতের মিশনের কেন্দ্রে রয়েছে মানুষের মুক্তির প্রশ্ন। মানুষ যেন মানুষের দাসে পরিণত না হয়, শক্তিমান যেন দুর্বলের প্রভু হয়ে না বসে, সম্পদশালী যেন সম্পদের জোরে অন্যের হক কেড়ে নিতে না পারে এবং কোনো বংশ, গোত্র, জাতি কিংবা শ্রেণি যেন নিজেকে জন্মগতভাবে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে না করে। এই মুক্তির ভিত্তি হলো তাওহীদ, অর্থাৎ এক আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আত্মসমর্পণ। কারণ আল্লাহ কোনো বিশেষ জাতি, বংশ, গোত্র কিংবা শ্রেণির রব নন। তিনি সমগ্র সৃষ্টিজগতের রব। মানুষ যখন নিজেকে এক আল্লাহর বান্দা হিসেবে চিনতে শেখে, তখন অন্য মানুষের ওপর অন্যায় প্রভুত্ব প্রতিষ্ঠার কোনো অধিকার তার থাকে না। ড. আলী শরীয়তির মতে, এখানেই তাওহীদের সামাজিক হিকমত এবং মাকাসিদ নিহিত।

তাওহীদ ও শিরক: দুই বিপরীত জীবনদর্শন

ইসলামী ইতিহাস বিশ্লেষণ করতে গিয়ে ড. আলী শরীয়তি তাওহীদ ও শিরককে দুটি বিপরীত ধর্মীয় প্রবণতা হিসেবে ব্যাখ্যা করেছেন। প্রচলিত আকীদাগত অর্থে তাওহীদ হলো আল্লাহর একত্বে ঈমান, আর শিরক হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা। ড. আলী শরীয়তি এই মৌলিক অর্থকে অস্বীকার করেননি। বরং এর সামাজিক ও ঐতিহাসিক তাৎপর্য অনুসন্ধান করেছেন। তার মতে, তাওহীদ শুধু একটি আকিদাগত ঘোষণা নয়, এটি মানুষের জীবনদর্শন, আখলাক, সমাজভাবনা এবং ইতিহাস বোঝারও একটি ভিত্তি। এক আল্লাহর প্রতি ঈমান মানুষের মধ্যে এমন এক দায়িত্ববোধ সৃষ্টি করে, যা তাকে জুলুম, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে অবস্থান নিতে শেখায়।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, দ্বীনি বিশ্বাস ও প্রতিষ্ঠানকে অনেক সময় ক্ষমতাবানদের স্বার্থ রক্ষার কাজে ব্যবহার করা হয়েছে। কোথাও বংশমর্যাদাকে, কোথাও জাতিগত শ্রেষ্ঠত্বকে, কোথাও শ্রেণিগত সুবিধাকে, আবার কোথাও রাজনৈতিক কর্তৃত্বকে দ্বীনি পবিত্রতার আবরণ দেওয়া হয়েছে। ফলে মানুষের তৈরি সামাজিক বৈষম্যও অনেক সময় অলঙ্ঘনীয় বিধান বলে প্রতিষ্ঠিত হয়েছে। ড. আলী শরীয়তি এই ধরনের ব্যবস্থাকে শিরকভিত্তিক সামাজিক চেতনার প্রকাশ হিসেবে ব্যাখ্যা করেছেন। তার বক্তব্য হলো, মানুষ যখন আল্লাহর নিরঙ্কুশ কর্তৃত্বের পরিবর্তে কোনো ব্যক্তি, শ্রেণি কিংবা শাসকগোষ্ঠীর ক্ষমতাকে প্রশ্নাতীত করে তোলে, তখন তাওহীদের আখলাকী ও মুক্তিকামী শিক্ষা আড়াল হয়ে যায়।

এই দৃষ্টিকোণ থেকেই ড. আলী শরীয়তি ইবরাহিম (আ.), মুসা (আ.) ও ঈসা (আ.)-এর নবুওয়াতের ইতিহাসকে বিশ্লেষণ করেছেন। তার মতে, এসব নবীর সংগ্রাম কেবল মূর্তিপূজা কিংবা বাতিল আকীদার বিরুদ্ধে সীমাবদ্ধ ছিল না। তারা সেই জালিম সামাজিক ব্যবস্থার বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন, যার পেছনে ধর্মীয় কর্তৃত্বকে ব্যবহার করা হতো। ফিরাউন ও নমরুদের মতো শাসকদের ইতিহাসে তিনি এর দৃষ্টান্ত খুঁজে পান। ফিরাউন শুধু একজন অত্যাচারী রাজা ছিল না। সে নিজের ক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, যেখানে মানুষের জীবন, সম্পদ ও স্বাধীনতার ওপর নিজেকে সর্বময় প্রভু মনে করত। কোরআনে তার সেই অহংকারের কথা এসেছে, যেখানে সে মিসরের রাজত্ব এবং তার অধীনে প্রবাহিত নদীগুলোর ওপর নিজের কর্তৃত্বের কথা বলে গর্ব করেছিল। একই সঙ্গে কোরআনে তার শাসনব্যবস্থায় মানুষের ওপর জুলুম, বিভাজন ও দুর্বল জনগোষ্ঠীর নিপীড়নের কথাও উল্লেখ করা হয়েছে।

ড. আলী শরীয়তি এসব ঘটনার মধ্যে একটি গভীর সম্পর্ক দেখতে পান। তার মতে,

মানুষের ওপর অন্যায় প্রভুত্ব প্রতিষ্ঠা করা এবং সেই প্রভুত্বকে দ্বীনি কিংবা আদর্শিক বৈধতা দেওয়া একই শোষণমূলক ব্যবস্থার দুটি দিক। তাই তাওহীদ কেবল বাতিল উপাস্যকে অস্বীকার করার নাম নয়। এর আখলাকী ও সামাজিক দাবি হলো এমন সব ক্ষমতাকাঠামোর বিরোধিতা করা, যা মানুষকে মানুষের দাসে পরিণত করে। এই ব্যাখ্যায় তাওহীদ হয়ে ওঠে আদলের ভিত্তি, মানবমর্যাদার ঘোষণা এবং জুলুমমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রেরণা।

ড. আলী শরীয়তির ইতিহাসদর্শনে মানবসমাজের দীর্ঘ সংঘাতকে তাই তাওহীদ ও শিরকের দ্বন্দ্বের আলোকে বোঝার চেষ্টা করা হয়েছে।

ইবরাহিম (আ.): তাওহীদের সংগ্রামের প্রতীক

ড. আলী শরীয়তির চিন্তায় ইবরাহিম (আ.) তাওহীদের সংগ্রামের এক মহান প্রতীক। তিনি যে মূর্তিপূজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, ড. আলী শরীয়তি তাকে শুধু পাথর কিংবা কাঠের তৈরি প্রতিমার উপাসনা হিসেবে দেখেননি। তার মতে, প্রাচীন সমাজে শিরকী বিশ্বাসের সঙ্গে জড়িয়ে ছিল ক্ষমতা, সামাজিক মর্যাদা, শ্রেণিবিভাজন এবং ধর্মীয় কর্তৃত্বের একটি বিস্তৃত কাঠামো। পুরোহিত ও ধর্মীয় অভিজাতরা সেই কাঠামোকে রক্ষা করতেন। প্রচলিত সামাজিক বৈষম্যকে দেবতাদের ইচ্ছা বলে প্রতিষ্ঠা করা হতো। ফলে মানুষের তৈরি জুলুমের ব্যবস্থাও পবিত্র ও অপরিবর্তনীয় বলে গণ্য হতো।

ইবরাহিম (আ.) এই ব্যবস্থার ভিত্তিতেই আঘাত করেছিলেন। তার মূর্তিবিরোধী সংগ্রাম ছিল তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রাম। একই সঙ্গে ড. আলী শরীয়তির ব্যাখ্যায় তা ছিল মানুষের ওপর প্রতিষ্ঠিত বাতিল কর্তৃত্বের বিরুদ্ধে এক আখলাকী প্রতিবাদ। প্রাচীন মেসোপটেমিয়ার উর ও বাবেল অঞ্চলের ধর্মীয় ও সামাজিক বাস্তবতার আলোকে ড. আলী শরীয়তি এই সংগ্রামকে ব্যাখ্যা করেছেন। তার মতে, ইবরাহিম (আ.) মানুষকে শুধু প্রতিমাপূজা থেকে ফিরিয়ে আনতে চাননি। তিনি এমন এক জীবনদর্শনের আহ্বান জানিয়েছিলেন, যেখানে আল্লাহ ছাড়া কারও নিরঙ্কুশ প্রভুত্ব স্বীকার করা হবে না, জন্মপরিচয় মানুষের মর্যাদা নির্ধারণ করবে না এবং ক্ষমতাবানরা নিজেদের স্বার্থে দ্বীনকে ব্যবহার করতে পারবে না। মানুষ সেখানে উখওয়াত, তা’আউন, আদল ও পারস্পরিক হক আদায়ের ভিত্তিতে জীবনযাপন করবে।

এই অর্থে ইবরাহিম (আ.)-এর তাওহীদের দাওয়াত ছিল মানুষের আকীদা, আখলাক ও মুআশারাতকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান। ড. আলী শরীয়তি মনে করেন, পরবর্তী নবীদের জীবনেও এই সংগ্রামের ধারাবাহিকতা দেখা যায়। তার ইতিহাসদর্শনে তাই তাওহীদ ও শিরকের দ্বন্দ্ব শুধু আকিদাগত ইখতিলাফের ইতিহাস নয়। এটি হক ও বাতিলের, মুক্তি ও দাসত্বের, মানবিক মর্যাদা ও জুলুমের দীর্ঘ সংঘাতের ইতিহাস।

রাসূল (স.)-এর জীবনে তাওহীদের সংগ্রাম

ইসলামের আবির্ভাবের সময় মক্কার সমাজে বংশমর্যাদা, সম্পদ ও গোত্রীয় ক্ষমতার প্রভাব ছিল প্রবল। সমাজের অভিজাত শ্রেণি রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তৃত্বের বড় অংশ নিয়ন্ত্রণ করত। অন্যদিকে দাস, দরিদ্র, বিদেশি এবং সামাজিকভাবে দুর্বল মানুষের অবস্থান ছিল অনিশ্চিত ও অবহেলিত। এমন এক সমাজে রাসূল (স.) ঘোষণা করলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই ঘোষণা ছিল ঈমানের মূল ভিত্তি, কিন্তু এর সামাজিক তাৎপর্যও ছিল গভীর। যখন বলা হলো, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, তখন মানুষের তৈরি সব বাতিল প্রভুত্বের ভিত্তিও প্রশ্নের মুখে পড়ল।

ড. আলী শরীয়তি এই ঘটনার সঙ্গে বিলাল (রা.)-এর মুক্তির সংগ্রামকে মিলিয়ে দেখেছেন। হাবশি বংশোদ্ভূত বিলাল (রা.) ছিলেন দাস। মক্কার অভিজাত উমাইয়া ইবনে খালফের হাতে তিনি কঠোর নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু ঈমানের প্রশ্নে তিনি আপস করেননি। ড. আলী শরীয়তির দৃষ্টিতে বিলাল (রা.)-এর এই দৃঢ়তা ছিল তাওহীদের মুক্তিকামী শক্তির এক উজ্জ্বল প্রকাশ। যে সমাজে মানুষের মূল্য নির্ধারিত হতো বংশ, সম্পদ ও সামাজিক অবস্থান দিয়ে, ইসলাম সেখানে মানুষের মর্যাদার নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করল।

এখানে ড. আলী শরীয়তি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইতিহাসের মূল সংঘাত সব সময় দ্বীনের সঙ্গে অধর্মের সংঘাত নয়। অনেক সময় তা এক ধরনের দ্বীনি চেতনার সঙ্গে আরেক ধরনের ধর্মীয় চেতনার সংঘাত। একদিকে এমন দ্বীনি চেতনা, যা মানুষকে আদল, ইনসাফ ও মুক্তির পথে আহ্বান করে। অন্যদিকে এমন ধর্মীয় ব্যাখ্যা, যা জালিম ক্ষমতাকে রক্ষা করে এবং শোষণকে স্বাভাবিক বলে প্রতিষ্ঠা করতে চায়। এই আলোকে ড. আলী শরীয়তি রাসূল (স.)-কে দেখেছেন তাওহীদের সেই দীর্ঘ ধারার উত্তরাধিকারী হিসেবে, যার মহান দৃষ্টান্ত ইবরাহিম (আ.)।

সরল জীবন, মানুষের মর্যাদা

ড. আলী শরীয়তি রাসূল (স.)-এর জীবনযাপনের সরলতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার বর্ণনায় রাসূল (স.) মক্কার অভিজাতদের আড়ম্বরপূর্ণ জীবনযাপন থেকে নিজেকে দূরে রেখেছিলেন। সে সময় ঘোড়া ছিল সামাজিক মর্যাদা ও আভিজাত্যের অন্যতম প্রতীক। ড. আলী শরীয়তির বিবরণে রাসূল (স.) সাধারণ মানুষের বাহন ব্যবহার করতেন এবং কখনো নিজের বাহনে অন্যকেও সঙ্গে বসাতেন। তার পোশাক, চলাফেরা এবং দৈনন্দিন আচরণে ছিল স্বাভাবিকতা ও তাওয়াজু। তিনি এমন জীবন বেছে নিয়েছিলেন, যেখানে মানুষের মর্যাদা প্রকাশ পেত না পোশাকের চাকচিক্য, বাহনের মূল্য কিংবা প্রাসাদের জাঁকজমকে। তার ঘর ছিল অত্যন্ত সাধারণ। কাদামাটির ইটের তৈরি ছোট কক্ষ, অল্প আসবাব এবং মসজিদকেন্দ্রিক জীবন। ড. আলী শরীয়তি এই সরলতাকে নিছক ব্যক্তিগত দারিদ্র্য কিংবা যুহদ হিসেবে দেখেননি। তার কাছে এটি ছিল মানুষের মূল্যবোধে এক মৌলিক পরিবর্তনের ঘোষণা।

রাসূল (স.)-এর প্রতিষ্ঠিত মদিনার সমাজে বংশ ও সম্পদের পরিবর্তে ঈমান, তাকওয়া, ইলম এবং যোগ্যতা গুরুত্ব পেয়েছিল। সালমান ফারসি (রা.) ছিলেন পারস্যের মানুষ। বিলাল (রা.) ছিলেন হাবশি বংশোদ্ভূত। আবু জার গিফারি (রা.) এসেছিলেন মরু অঞ্চলের একটি গোত্র থেকে। সালিম (রা.) ছিলেন মুক্তিপ্রাপ্ত দাস। তবু ইসলামের সমাজে তাদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। সালিম (রা.) কুবায় নামাজের ইমামতি করতেন। তার পেছনে কুরাইশ বংশের সম্মানিত ব্যক্তিরাও নামাজ আদায় করতেন। এমনকি রাসূল (স.) কোনো অভিযানে মদিনার বাইরে গেলে তার অনুপস্থিতিতে অন্য সাহাবিরা দ্বীনি ও সামাজিক দায়িত্ব পালন করতেন। তাদের মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী সাহাবিও ছিলেন।

এসব ঘটনার মধ্যে ড. আলী শরীয়তি ইসলামের সামাজিক ইসলাহর পরিচয় খুঁজে পেয়েছেন। যে সমাজে একসময় দাস ও দরিদ্র মানুষের মর্যাদা ছিল অবহেলিত, সেই সমাজেই তারা নেতৃত্ব ও সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। ড. আলী শরীয়তির মতে, ইসলামের এই শিক্ষা কেবল মানুষের অন্তর পরিবর্তনের শিক্ষা নয়। এটি সমাজের প্রচলিত মর্যাদাবোধকেও বদলে দেওয়ার আহ্বান। এর মধ্যেই রয়েছে উখওয়াত, আদল এবং মানুষের হুকুক প্রতিষ্ঠার এক গভীর হিকমত।

আবু জার গিফারি (রা.): সম্পদের বিরুদ্ধে বিবেকের প্রতিবাদ

রাসূল (স.)-এর ইন্তেকালের পর মুসলিম সমাজ দ্রুত বিস্তৃত হতে থাকে। নতুন নতুন অঞ্চল ইসলামের শাসনাধীন আসে। বায়তুল মালের আয় বৃদ্ধি পায়। বিজয়লব্ধ সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উৎস থেকে মুসলিম সমাজে বিপুল মাল প্রবেশ করতে থাকে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের অর্থনৈতিক কাঠামোতেও নতুন বাস্তবতা দেখা দেয়। ড. আলী শরীয়তির মতে, এই সময়ে মুসলিম সমাজের একটি অংশ ক্রমে সম্পদশালী ও প্রভাবশালী শ্রেণিতে পরিণত হচ্ছিল। যারা একসময় অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, তাদের কারও কারও জীবনে এখন বিত্ত ও ঐশ্বর্যের ছাপ পড়তে শুরু করেছিল।

অবশ্য প্রথম দুই খলিফা আবু বকর (রা.) ও উমর (রা.)-এর জীবন ছিল অসাধারণ মিতব্যয়িতা ও আমানতদারির দৃষ্টান্ত। তারা বায়তুল মালের সম্পদকে ব্যক্তিগত ভোগের উপকরণ মনে করতেন না। শাসনক্ষমতাকে দেখতেন আমানত হিসেবে। ব্যক্তিগত জীবনে বিলাসিতা পরিহার করতেন এবং জনসম্পদের ব্যাপারে সতর্ক থাকতেন। ফলে তাদের সময়েও সম্পদ ও বণ্টন নিয়ে নানা প্রশাসনিক প্রশ্ন থাকলেও পরবর্তী সময়ের মতো অভিজাত বিত্তের প্রকাশ তখনো একই মাত্রায় দেখা যায়নি। কিন্তু মুসলিম সমাজের বিস্তারের সঙ্গে সঙ্গে সম্পদের প্রতি আকর্ষণও বাড়তে থাকে।

ড. আলী শরীয়তির বিশ্লেষণে এই পরিবর্তন ছিল গভীর তাৎপর্যপূর্ণ। কারণ যে সমাজের আখলাকী ভিত্তি ছিল ইছার, যুহদ, ইনফাক ও হুকুকুল ইবাদ আদায়, সেই সমাজেই ধীরে ধীরে কানয ও ব্যক্তিগত ঐশ্বর্যের প্রতি আকর্ষণ বাড়ছিল। এই পরিবর্তনের বিরুদ্ধে যিনি সবচেয়ে দৃঢ়ভাবে প্রতিবাদ করেছিলেন, ড. আলী শরীয়তির আলোচনায় তিনি হলেন আবু জার গিফারি (রা.)।

কুরআনের আয়াত নিয়ে প্রতিবাদ

আবু জার (রা.) ছিলেন রাসূল (স.)-এর একজন নিবেদিতপ্রাণ সাহাবি। তার জীবন ছিল সরলতা, সিদক ও দুনিয়ার মোহ থেকে দূরে থাকার এক অনন্য দৃষ্টান্ত। রাসূল (স.)-এর সঙ্গে তার সম্পর্ক এবং তার ব্যক্তিগত সততার কথা বিভিন্ন হাদিস ও ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়। ড. আলী শরীয়তি আবু জার (রা.)-এর জীবনকে দেখেছেন মুসলিম সমাজের অর্থনৈতিক বিবেকের প্রতীক হিসেবে। তার কাছে আবু জার (রা.) কেবল একজন যাহিদ ছিলেন না। তিনি ছিলেন এমন একজন মুমিন, যিনি আল্লাহর বিধানের আলোকে সমাজের জুলুমের বিরুদ্ধে কথা বলাকে নিজের ঈমানী দায়িত্ব মনে করতেন।

একদিন তিনি মসজিদে কুরআনের একটি আয়াত তিলাওয়াত করলেন।

“আর যারা সোনা ও রুপা পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও।”

(সূরা আত-তাওবা, ৯:৩৪)

এই আয়াত ছিল তার প্রতিবাদের অন্যতম দলিল। তিনি মনে করতেন, মাল মানুষের হাতে আল্লাহর দেওয়া আমানত। সেই মাল যদি কেবল ব্যক্তিগত ভোগ ও কানযের উপকরণ হয়ে ওঠে, অথচ সমাজের দরিদ্র ও বঞ্চিত মানুষের হক উপেক্ষিত থাকে, তবে তা ইসলামের আখলাকী শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার এই অবস্থান সমাজের বিত্তবান ও ক্ষমতাবানদের অস্বস্তিতে ফেলেছিল। কিন্তু আবু জার (রা.) হক কথা বলা থেকে বিরত হননি। তার বক্তব্য ছিল স্পষ্ট। আল্লাহর কিতাবের আয়াত তিনি তিলাওয়াত করবেনই, তা কারও ভালো লাগুক কিংবা না লাগুক।

দামেস্কের সবুজ প্রাসাদ

পরবর্তী সময়ে আবু জার (রা.) শাম অঞ্চলে অবস্থান করেন। সেখানে শাসকের জন্য নির্মিত হচ্ছিল এক জমকালো প্রাসাদ, যা আল-খাদরা বা সবুজ প্রাসাদ নামে পরিচিত। ড. আলী শরীয়তির বর্ণনায়, প্রাসাদের আড়ম্বর দেখে আবু জার (রা.) গভীরভাবে ব্যথিত হয়েছিলেন। তিনি নির্মাণস্থলে গিয়ে শাসককে সতর্ক করতেন। তার বক্তব্যের মর্ম ছিল, এই প্রাসাদ যদি বায়তুল মালের সম্পদ দিয়ে নির্মিত হয়, তবে তা আমানতের খিয়ানত। আর যদি ব্যক্তিগত সম্পদ দিয়ে নির্মিত হয়, তবে তা ইসরাফের দৃষ্টান্ত। এই কথার মধ্যে ছিল শাসকের মুহাসাবা, সম্পদের শরীয়তসম্মত ব্যবহার এবং জনসম্পদের আমানত হওয়ার গভীর শিক্ষা।

দামেস্কের দরিদ্র মানুষ তার চারপাশে সমবেত হতো। তিনি তাদের সামনে কুরআনের আয়াত তিলাওয়াত করতেন। স্মরণ করিয়ে দিতেন, মাল মানুষের অহংকারের বিষয় নয়, বরং আল্লাহর কাছে জবাবদিহির বিষয়। সূরা আত-তাওবার ৩৪ ও ৩৫ নম্বর আয়াতের পাশাপাশি তিনি সূরা আল ইমরানের একটি গুরুত্বপূর্ণ আয়াতের কথাও বলতেন।

“তোমরা কখনো প্রকৃত পুণ্য লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করবে। আর তোমরা যা কিছু ব্যয় করো, আল্লাহ তা সম্যক অবগত।”

(সূরা আলে ইমরান, ৩:৯২)

এই আয়াত মানুষের সামনে এক গভীর আখলাকী প্রশ্ন তুলে ধরে। সদকা কি কেবল উদ্বৃত্ত মাল থেকে কিছু অংশ বিলিয়ে দেওয়ার নাম? নাকি প্রকৃত ইনফাকের সঙ্গে জড়িয়ে আছে নিজের প্রিয় সম্পদের প্রতি আসক্তি অতিক্রম করার শিক্ষা? আবু জার (রা.) দ্বিতীয় শিক্ষাটির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।

ড. আলী শরীয়তি লক্ষ করেছেন, আবু জার (রা.) যেসব আয়াতের মাধ্যমে সমাজের অর্থনৈতিক বৈষম্যের সমালোচনা করতেন, সেগুলো মদিনায় অবতীর্ণ। অর্থাৎ রাসূল (স.) যখন মুসলিম সমাজের আখলাকী ও সামাজিক ভিত্তি নির্মাণ করছিলেন, তখনই সম্পদের ব্যবহার, বণ্টন এবং হুকুকুল ইবাদ আদায়ের প্রশ্নগুলো গুরুত্ব পেয়েছিল। আবু জার (রা.) সেই শিক্ষাকেই নিজের সময়ের বাস্তবতায় প্রয়োগ করতে চেয়েছিলেন।

সম্পদ, তাকওয়া ও ইছার

আবু জার (রা.) মানুষকে স্মরণ করিয়ে দিতেন, রাসূল (স.)-এর জীবন ছিল সম্পদের মোহ থেকে মুক্ত। হাদিসের বর্ণনায় এসেছে, রাসূল (স.) সোনা-রুপার প্রতি অতিরিক্ত আসক্তির ব্যাপারে সতর্ক করেছেন। আর প্রকৃত কল্যাণকর সঞ্চয় সম্পর্কে বলেছেন, আল্লাহর জিকিরে ব্যস্ত জিহ্বা, শোকরগুজার কলব এবং ঈমানের পথে সহায়ক সৎ জীবনসঙ্গী মানুষের জন্য উত্তম সম্পদ। এই শিক্ষার মর্ম হলো, মানুষের প্রকৃত সম্পদ কেবল তার হাতে জমে থাকা মাল নয়। তার ঈমান, শোকর, আখলাক এবং আমলে সালেহই তার প্রকৃত সম্বল।

আবু জার (রা.) রাসূল (স.)-এর সরল জীবনযাপনের কথা মানুষকে স্মরণ করিয়ে দিতেন। রাসূল (স.)-এর ঘরে কখনো দীর্ঘ সময় চুলোয় আগুন জ্বলত না। বিলাসী খাদ্য ও প্রাচুর্য তার জীবনের লক্ষ্য ছিল না। আবু বকর (রা.) ও উমর (রা.)-এর জীবনেও তিনি একই যুহদ ও কানাআতের শিক্ষা দেখতে পেয়েছিলেন। তার কাছে এসব দৃষ্টান্ত ছিল কেবল ব্যক্তিগত ইবাদত কিংবা তাযকিয়াতুন নফসের বিষয় নয়। এগুলো ছিল সম্পদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার শিক্ষা।

শুধু যাকাত দিলেই কি সম্পদের দায় শেষ?

আবু জার (রা.)-এর অর্থনৈতিক চিন্তার কেন্দ্রে ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন মানুষ যদি তার মালের নির্ধারিত যাকাত আদায় করেন, তবে কি তার ওপর সমাজের দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি আর কোনো হক থাকে না? কেউ কেউ মনে করতেন, যাকাত আদায় হয়ে গেলে সম্পদের ব্যাপারে আর কোনো অভিযোগ থাকার কথা নয়। কিন্তু আবু জার (রা.) এই ধারণাকে যথেষ্ট মনে করতেন না। তিনি সূরা আল-বাকারার ১৭৭ নম্বর আয়াতের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতেন। এই আয়াতে আল্লাহ প্রকৃত বিরর বা পুণ্যশীলতার পরিচয় দিতে গিয়ে ঈমান, সালাত, যাকাত, অঙ্গীকার পূরণ এবং সবরের পাশাপাশি সম্পদ ব্যয়ের কথাও বলেছেন।

“পুণ্য কেবল পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ফেরানোর নাম নয়। বরং প্রকৃত পুণ্য হলো আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি ঈমান আনা; সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তা আত্মীয়স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্যপ্রার্থী এবং দাসমুক্তির জন্য ব্যয় করা; নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, অঙ্গীকার পূরণ করা এবং অভাব-অনটন ও বিপদের সময় ধৈর্য ধারণ করা। এরাই সত্যবাদী, আর এরাই মুত্তাকী।”

(সূরা আল-বাকারা, ২:১৭৭, ভাবার্থ)

আবু জার (রা.) এই আয়াত থেকে বিশেষ একটি শিক্ষা তুলে ধরতেন। আল্লাহ এখানে যাকাতের কথা বলেছেন, আবার পৃথকভাবে আত্মীয়স্বজন, ইয়াতিম, দরিদ্র ও অসহায় মানুষের জন্য সম্পদ ব্যয়ের কথাও বলেছেন। অর্থাৎ ইসলামের অর্থনৈতিক আখলাক কেবল ফরজ যাকাত আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। হুকুকুল ইবাদ আদায়, অভাবীর পাশে দাঁড়ানো এবং নিজের মাল থেকে অন্যের কল্যাণে ইনফাক করার শিক্ষা এর আরও বিস্তৃত অংশ। ড. আলী শরীয়তির ব্যাখ্যায়, আবু জার (রা.) এই বিস্তৃত দায়িত্বকেই গুরুত্ব দিয়েছিলেন। বিশেষত, যখন সমাজে একদিকে বিপুল মাল জমা হচ্ছে, অন্যদিকে মানুষ অভাবের মধ্যে জীবনযাপন করছে, তখন শুধু যাকাতের আনুষ্ঠানিক হিসাব দিয়ে আদলে ইজতিমায়ির প্রশ্নের নিষ্পত্তি হয় না।

আবু জার (রা.) সম্পদশালীদের আখিরাতের জবাবদিহির কথাও স্মরণ করিয়ে দিতেন। তিনি রাসূল (স.)-এর এমন বাণী বর্ণনা করতেন, যেখানে সম্পদের আধিক্যের বিপদ এবং আল্লাহর পথে ইনফাকের ফজিলত তুলে ধরা হয়েছে। উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকলেও তা আল্লাহর পথে ব্যয় করার আকাঙ্ক্ষা রাসূল (স.)-এর যুহদের এক গভীর দৃষ্টান্ত। আবু জার (রা.) এই শিক্ষাকে নিজের জীবনের আদর্শ বানিয়েছিলেন। শেষ জীবনে তিনি রাবাজা নামের এক নির্জন মরু অঞ্চলে অবস্থান করেন। সেখানে ছিল না নগরের ঐশ্বর্য, ছিল না ক্ষমতার চাকচিক্য। সেই নির্জন প্রান্তরেই তার জীবনাবসান ঘটে। ড. আলী শরীয়তির কাছে আবু জার (রা.)-এর এই জীবন ছিল এক গভীর প্রতিবাদের প্রতীক। তিনি মাল ও মুলকের প্রলোভনের সামনে নিজের বিবেককে বিকিয়ে দেননি।

ইনফাক: সম্পদের ব্যবধান ঘুচিয়ে দেওয়ার শিক্ষা

কোরআনে আল্লাহর পথে সম্পদ ব্যয় করার জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ শব্দ হলো ইনফাক। ড. আলী শরীয়তি এই শব্দের ভাষাগত ও রূপক তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন। তিনি ‘নাফাক’ শব্দের সঙ্গে এর সম্পর্ক টেনে গর্ত কিংবা সুড়ঙ্গের ধারণা তুলে ধরেন। এরপর ইনফাককে সমাজের অর্থনৈতিক ব্যবধান পূরণের একটি প্রতীকী ভাষা হিসেবে ব্যাখ্যা করেন। তার মতে, সম্পদের অসম বণ্টন সমাজে এক গভীর খাদ তৈরি করে। একদিকে কিছু মানুষের হাতে বিপুল মাল জমা হয়, অন্যদিকে অসংখ্য মানুষ জীবনধারণের মৌলিক উপকরণ থেকেও বঞ্চিত থাকে। এই বৈষম্য কেবল অর্থনৈতিক নয়। এর ফলে মানুষের মর্যাদা, সুযোগ, স্বাধীনতা এবং মুআশারাতের মধ্যেও অসমতা সৃষ্টি হয়।

ড. আলী শরীয়তির রূপক ব্যাখ্যায়, ইনফাকের কাজ হলো এই ব্যবধান কমিয়ে আনা। অর্থাৎ মালকে কেবল নিজের কাছে আটকে না রেখে মানুষের মাসলাহাতের জন্য প্রবাহিত করা। যেখানে অভাব আছে, সেখানে সাহায্য পৌঁছে দেওয়া; যেখানে বঞ্চনা আছে, সেখানে হক প্রতিষ্ঠার চেষ্টা করা; যেখানে সম্পদের পাহাড় আর দারিদ্র্যের গভীর খাদ পাশাপাশি দাঁড়িয়ে আছে, সেখানে আদলভিত্তিক বণ্টনের মাধ্যমে সামাজিক ভারসাম্য ফিরিয়ে আনা। এই অর্থে ইনফাক ড. আলী শরীয়তির কাছে শুধু সদকার একটি ব্যক্তিগত আমল নয়। এটি তা’আউন, তাকাফুল, আদলে ইজতিমায়ি এবং হুকুকুল ইবাদ আদায়ের প্রকাশ।

ইসলামী অর্থব্যবস্থা নিয়ে ড. আলী শরীয়তির সমালোচনা

আবু জার (রা.)-এর জীবন ও সংগ্রাম বিশ্লেষণ করতে গিয়ে ড. আলী শরীয়তি মুসলিম সমাজের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলেছেন। তার মতে, ইসলামের প্রথম যুগে সম্পদের ন্যায়সংগত ব্যবহার, ইছার ও সামাজিক দায়িত্বের যে শিক্ষা অত্যন্ত শক্তিশালী ছিল, পরবর্তী সময়ে তার প্রাতিষ্ঠানিক গুরুত্ব অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে ব্যক্তিগত মিলকিয়্যাহ, মাল সঞ্চয় এবং অর্থনৈতিক ক্ষমতার প্রশ্নে অপেক্ষাকৃত উদার ফিকহি ব্যাখ্যা প্রভাবশালী হয়ে ওঠে। ড. আলী শরীয়তির অভিযোগ ছিল, মুসলিম সমাজে একসময় আখলাক এবং মুয়ামালাতের আহকামের মধ্যে একটি গভীর ব্যবধান তৈরি হয়। তিনি এই ব্যবধানকে ব্যাখ্যা করেছেন মিম্বর ও ফিকহের পার্থক্য দিয়ে।

মিম্বরের নসিহত ও ফিকহের আহকাম

মসজিদের মিম্বরে ওয়ায়েজরা মানুষকে দুনিয়ার মোহ থেকে দূরে থাকার নসিহত দেন। তারা সম্পদের প্রতি আসক্তির নিন্দা করেন, দরিদ্রের হক, যাকাত, সদকা, ইছার এবং আখিরাতের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেন। কিন্তু ড. আলী শরীয়তির মতে, মুয়ামালাত ও মিলকিয়্যাহ নিয়ে প্রচলিত ফিকহি ব্যাখ্যার প্রভাবশালী ধারা সম্পদের পুঞ্জীভবনের কাঠামোকে মৌলিকভাবে প্রশ্ন করে না। ফলে একদিকে দ্বীনি বয়ানে সম্পদপ্রীতির কঠোর সমালোচনা শোনা যায়, অন্যদিকে ফিকহি ইবাহাতের পরিসরে সম্পদের কেন্দ্রীভবনের সুযোগ থেকে যায়। ড. আলী শরীয়তি মনে করেন, এই ব্যবধানের সুযোগেই এমন এক অর্থনৈতিক ব্যবস্থা টিকে থাকতে পারে, যার বাহ্যিক পরিচয় ইসলামী, কিন্তু সামাজিক ফলাফল জুলুম ও বৈষম্যমূলক।

অবশ্য এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখা প্রয়োজন। ফিকহের কাজ হলো দলিলের ভিত্তিতে শরয়ী আহকাম নির্ণয় করা। কোনো সম্পদের মালিকানা বৈধ কি না, কোনো লেনদেন হালাল কি না, কিংবা কোন অবস্থায় যাকাত ফরজ হবে, এসব প্রশ্নের উত্তর উসূলুল ফিকহের পদ্ধতি অনুসারে নির্ধারিত হয়। অন্যদিকে আখলাক মানুষের চরিত্র, নিয়ত, তাকওয়া, ইহসান এবং কলবের পরিশুদ্ধির প্রশ্নকে সামনে আনে। কোনো কাজ ফিকহি বিচারে মুবাহ হওয়া এবং আখলাকি বিচারে সর্বোত্তম হওয়া এক বিষয় নয়। ড. আলী শরীয়তির সমালোচনাকে তাই ফিকহশাস্ত্রের সরল প্রত্যাখ্যান হিসেবে না দেখে ফিকহি বৈধতা ও ইসলামের বৃহত্তর মাকাসিদের মধ্যকার সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন হিসেবে বোঝা অধিক যথাযথ।

একজন মানুষ শরীয়তসম্মত উপায়ে বিপুল সম্পদের মালিক হতে পারেন। কিন্তু সেই সম্পদের সঙ্গে যদি ইসরাফ, অহংকার, দরিদ্রের প্রতি উদাসীনতা কিংবা সামাজিক দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা যুক্ত হয়, তবে তার জীবন ইসলামের আখলাকী আদর্শের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সে প্রশ্ন থেকেই যায়। একইভাবে কোনো শাসক রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয়ের ক্ষেত্রে আনুষ্ঠানিক নিয়ম মানলেও যদি তার শাসনব্যবস্থায় সাধারণ মানুষের হক ক্ষুণ্ণ হয়, তবে সিয়াসাত শরইয়্যাহর আলোকে সেই ব্যবস্থার জবাবদিহি প্রয়োজন। ড. আলী শরীয়তি মূলত এই জবাবদিহির প্রশ্নকেই সামনে এনেছেন।

কানয ও ব্যক্তিগত মিলকিয়্যাহ

সম্পদের মালিকানা ইসলামে স্বীকৃত। কোরআন ও সুন্নতে বৈধ কাসব, তিজারাত, মিরাস, হিবা এবং বিভিন্ন মুয়ামালাতের বিধান রয়েছে। ইসলামী ফিকহে ব্যক্তিগত মিলকিয়্যাহকে অস্বীকার করা হয়নি। একই সঙ্গে রিবা, গারার, মাইসির, প্রতারণা, ইহতিকার এবং অন্যের মাল অন্যায়ভাবে ভোগ করার বিরুদ্ধে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ ইসলামের অর্থনৈতিক চিন্তা একদিকে বৈধ মালিকানার হক স্বীকার করে, অন্যদিকে সেই হকের ওপর শরয়ী সীমা ও দায়িত্ব আরোপ করে।

ড. আলী শরীয়তির প্রশ্ন ছিল, ব্যক্তিগত মিলকিয়্যাহর এই স্বীকৃতি কি এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে, যার ফলে সমাজে সম্পদের ব্যাপক কেন্দ্রীভবনকে স্বাভাবিক মনে করা শুরু হয়েছে? তার মতে, ইসলামের অর্থনৈতিক আখলাকের কেন্দ্রীয় শিক্ষা হলো মালকে মানুষের কল্যাণে ব্যবহার করা। সম্পদ যেন কেবল ধনীদের মধ্যেই আবর্তিত না হয়, কুরআনের এই শিক্ষাও তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। সুরা আল-হাশরের সপ্তম আয়াতে গনিমত ও ফাইয়ের বণ্টনসংক্রান্ত বিধানের মধ্যে বলা হয়েছে, সম্পদ যেন শুধু বিত্তবানদের মধ্যেই আবর্তিত না থাকে। ড. আলী শরীয়তি এই বক্তব্যের মধ্যে সম্পদবণ্টনের একটি বৃহত্তর হিকমত দেখতে পান।

তবে এই আয়াতের নির্দিষ্ট ফিকহি প্রেক্ষাপট এবং তা থেকে আহরিত সাধারণ অর্থনৈতিক শিক্ষা এক করে দেখা উচিত নয়। ইসলামী অর্থচিন্তায় ব্যক্তিগত মিলকিয়্যাহ, যাকাত, ওয়াকফ, সদকা, মিরাস, বাজারের ইনসাফ এবং বায়তুল মালের দায়িত্ব পরস্পর সম্পর্কিত হলেও প্রতিটির নিজস্ব আহকাম রয়েছে। ড. আলী শরীয়তির সমালোচনা এই সব বিধানের বিকল্প কোনো পূর্ণাঙ্গ ফিকহি ব্যবস্থা নয়। বরং তার বক্তব্য হলো, অর্থনৈতিক ব্যবস্থার বিচার করতে গিয়ে কেবল লেনদেনের আনুষ্ঠানিক বৈধতা নয়, মানুষের হক, সামাজিক মাসলাহাত এবং জুলুম প্রতিরোধের প্রশ্নকেও গুরুত্ব দিতে হবে।

ইসলামী পরিচয়ের আড়ালে পুঁজিবাদ

‘ওযু-করা পুঁজিবাদ’ ধারণাটি ড. আলী শরীয়তির অর্থনৈতিক সমালোচনার সবচেয়ে তীক্ষ্ণ প্রকাশ। এখানে ওযু শব্দটি তিনি ব্যবহার করেছেন রূপক অর্থে। ওযু যেমন ইবাদতের জন্য পবিত্রতা অর্জনের একটি শরয়ী আমল, তেমনি কোনো অর্থনৈতিক ব্যবস্থার গায়ে দ্বীনি ভাষা ও আনুষ্ঠানিকতার আবরণ চাপিয়ে তাকে পবিত্র বলে উপস্থাপন করা যেতে পারে। কিন্তু বাহ্যিক পবিত্রতার দাবি কোনো ব্যবস্থার অন্তর্নিহিত জুলুমকে দূর করে না। ড. আলী শরীয়তির মতে, পুঁজিবাদের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে কেবল কিছু লেনদেনের নাম পরিবর্তন করা কিংবা সম্পদশালীদের দানশীলতার প্রশংসা করলেই ইসলামী অর্থনৈতিক ইনসাফ প্রতিষ্ঠিত হয় না।

এই সমালোচনার লক্ষ্য ইসলামি পরিভাষা নিজে নয়। রিবা, মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, ইজারা কিংবা অন্যান্য মুয়ামালাতের প্রত্যেকটির নিজস্ব ফিকহি ভিত্তি ও বিধান রয়েছে। ড. আলী শরীয়তির প্রশ্ন আরও মৌলিক। এসব ব্যবস্থার মাধ্যমে বাস্তবে কী ধরনের অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠছে? সম্পদের মালিকানা ও ব্যবহারে ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে কি না? দুর্বল মানুষের হক রক্ষা পাচ্ছে কি না? অর্থনৈতিক ক্ষমতা কি অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হচ্ছে, নাকি মানুষের বৃহত্তর মাসলাহাত নিশ্চিত হচ্ছে? ইসলামী অর্থব্যবস্থার দাবিকে তিনি এসব প্রশ্নের মুখোমুখি করতে চেয়েছেন।

ড. আলী শরীয়তির মতে, অর্থনৈতিক ব্যবস্থার ইসলামী পরিচয় কেবল তার নাম, পোশাক কিংবা বাহ্যিক আনুষ্ঠানিকতার ওপর নির্ভর করতে পারে না। তার সঙ্গে যুক্ত থাকতে হবে আখলাক, আমানতদারি, ইনসাফ, তাকাফুল এবং হুকুকুল ইবাদ আদায়ের বাস্তব ব্যবস্থা। যে সমাজে বিত্তবানদের প্রাসাদ ক্রমেই উঁচু হতে থাকে, অথচ দরিদ্র মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়ে, সেখানে শুধু দান-সদকার আয়োজন দিয়ে বৈষম্যের সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। সদকা ও যাকাত ইসলামের অপরিহার্য ও মহৎ শিক্ষা, কিন্তু এগুলোর পাশাপাশি বৈধ কাসব, সম্পদের সুষ্ঠু ব্যবহার, বাজারের ইনসাফ এবং রাষ্ট্রীয় আমানতদারিও গুরুত্বপূর্ণ।

এই অর্থে ড. আলী শরীয়তির সমালোচনা ইসলামী অর্থচিন্তাকে তার বৃহত্তর মাকাসিদের আলোকে পুনর্বিবেচনার আহ্বান। তার প্রশ্ন হলো, ইসলামি অর্থনীতি বলতে আমরা কি কেবল এমন কিছু লেনদেন বুঝব, যা নির্দিষ্ট ফিকহি শর্ত পূরণ করে? নাকি এমন এক সামগ্রিক অর্থনৈতিক চিন্তা বুঝব, যেখানে হালাল উপার্জন, আদল, ইনফাক, ইহসান এবং সামাজিক মাসলাহাত পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে? এই প্রশ্নের উত্তর সহজ নয়। কিন্তু প্রশ্নটি এড়িয়ে গেলে অর্থনৈতিক জীবনে দ্বীনের ভূমিকা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা থাকে।

যুহদ, তাসাউফ ও সামাজিক দায়িত্ব

ড. আলী শরীয়তির অর্থনৈতিক চিন্তা বোঝার জন্য যুহদ ও তাসাউফের সঙ্গে সামাজিক দায়িত্বের সম্পর্কও গুরুত্বপূর্ণ। ইসলামের আখলাকী ঐতিহ্যে যুহদ বলতে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি পরিহারকে বোঝায়। এর অর্থ সব ধরনের সম্পদ বা বৈধ উপার্জন পরিত্যাগ করা নয়। বরং মাল যেন মানুষের কলবকে এমনভাবে অধিকার না করে, যাতে সে আল্লাহর হক ও বান্দার হক ভুলে যায়। কানাআত, শোকর, তাওয়াক্কুল, ইখলাস এবং তাযকিয়াতুন নফস এই শিক্ষার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

তাসাউফের ঐতিহ্যেও নফসের মুজাহাদা, কলবের পরিশুদ্ধি, রিয়া ও অহংকার পরিহার এবং আল্লাহর প্রতি মুহাব্বতের শিক্ষা গুরুত্ব পেয়েছে। তবে তাসাউফের সব ঐতিহাসিক ধারা একরকম নয়। কোথাও ব্যক্তিগত সুলুক ও তাযকিয়ার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কোথাও মানুষের খেদমত, ইনফাক ও সামাজিক দায়িত্বও গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। ড. আলী শরীয়তির আপত্তি ছিল এমন এক ধরনের দ্বীনি চেতনার বিরুদ্ধে, যেখানে ব্যক্তিগত আত্মশুদ্ধির আলোচনা মানুষের ওপর সংঘটিত জুলুমের প্রশ্নকে আড়াল করে ফেলে।

তার মতে,

মানুষের কলব পরিশুদ্ধ করার শিক্ষা যদি তাকে অন্য মানুষের কষ্টের প্রতি উদাসীন করে তোলে, তবে সেই শিক্ষার প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন। তাযকিয়াতুন নফসের সঙ্গে হুকুকুল ইবাদ আদায়ের সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে না। যে ব্যক্তি নিজের জন্য যুহদ ও কানাআতের আদর্শ গ্রহণ করেন, অথচ সমাজের দরিদ্র মানুষের ওপর জুলুমকে স্বাভাবিক বলে মেনে নেন, তার আখলাকী অবস্থানের মধ্যে একটি স্ববিরোধিতা থেকে যায়। একইভাবে যে ব্যক্তি আল্লাহর জিকিরে মগ্ন থাকেন, কিন্তু অন্যের আমানত নষ্ট করেন কিংবা অধীনস্থ মানুষের হক আদায় করেন না, তার ইবাদত ও মুয়ামালাতের মধ্যে সামঞ্জস্যের অভাব রয়েছে।

এই জায়গায় ড. আলী শরীয়তির চিন্তা ইসলামের আখলাক ও সামাজিক দায়িত্বের সম্পর্ককে নতুনভাবে সামনে আনে। তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন, তাকওয়া কেবল ব্যক্তিগত সংযমের নাম নয়। এর প্রকাশ মানুষের সঙ্গে আচরণে, সম্পদের ব্যবহারে, ক্ষমতার প্রয়োগে এবং দুর্বলের হক আদায়েও প্রতিফলিত হওয়া উচিত। আখলাককে সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করলে তা মানুষের কলবের একান্ত ব্যক্তিগত অনুভূতিতে সীমাবদ্ধ হয়ে যেতে পারে। অথচ ইসলামে আখলাক, ইবাদত ও মুয়ামালাতের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।

সালতানাত, সিয়াসাত ও দ্বীনি কর্তৃত্ব

ড. আলী শরীয়তির সমালোচনার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো মুসলিম ইতিহাসে রাজনৈতিক ক্ষমতা ও দ্বীনি কর্তৃত্বের সম্পর্ক। ইসলামের প্রথম যুগে খিলাফতের ধারণার সঙ্গে শূরা, আমানতদারি, ইনসাফ এবং শাসকের জবাবদিহির প্রশ্ন গভীরভাবে যুক্ত ছিল। কিন্তু মুসলিম সমাজের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময়ে রাজবংশীয় শাসন ও সালতানাতের বিকাশ ঘটে। শাসনব্যবস্থার এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষমতা, সম্পদ এবং সামাজিক মর্যাদার নতুন কাঠামো গড়ে ওঠে। ড. আলী শরীয়তি মনে করেন, এসব কাঠামোর কিছু অংশ ইসলামের প্রাথমিক আখলাকী আদর্শ থেকে দূরে সরে গিয়েছিল।

তবে মুসলিম ইতিহাসের সব সালতানাত কিংবা সব শাসককে একইভাবে বিচার করা যায় না। বিভিন্ন যুগে ন্যায়পরায়ণ শাসক, আলেম, কাযি, মুহতাসিব এবং সমাজসংস্কারকরা আদল প্রতিষ্ঠা ও জুলুম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বায়তুল মাল, ওয়াকফ, হিসবা এবং মাযালিমের মতো প্রতিষ্ঠানও মুসলিম সমাজে জনস্বার্থ ও বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল। ফলে ইতিহাসের বাস্তবতা একমাত্রিক নয়। ড. আলী শরীয়তির সমালোচনাকে এই জটিল ইতিহাসের একটি বিশেষ পাঠ হিসেবে বোঝা প্রয়োজন।

তার মূল প্রশ্ন ছিল, যখন সিয়াসাত থেকে ইনসাফ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ক্ষমতা নিজেকে জবাবদিহির ঊর্ধ্বে মনে করতে শুরু করে, তখন দ্বীনি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কী হওয়া উচিত? আলেমসমাজ কি শাসকের ক্ষমতাকে প্রশ্নাতীত বলে প্রতিষ্ঠা করবে, নাকি শরীয়তের আলোকে তাকে নসিহত ও মুহাসাবার মুখোমুখি করবে? দ্বীনি কর্তৃত্ব কি কেবল প্রচলিত ব্যবস্থার বৈধতা ব্যাখ্যা করবে, নাকি জুলুমের বিরুদ্ধে হক কথা বলার দায়িত্বও পালন করবে? ড. আলী শরীয়তির কাছে এসব প্রশ্ন ছিল ইসলামের রাজনৈতিক ও সামাজিক হাকিকত বোঝার অপরিহার্য অংশ।

এখানে সিয়াসাত শরইয়্যাহর ধারণা বিশেষভাবে প্রাসঙ্গিক। রাষ্ট্রপরিচালনা কেবল ক্ষমতা প্রয়োগের বিষয় নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে আদল, আমানত, মাসলাহাত, মানুষের হক এবং জনসম্পদের যথাযথ ব্যবহার। কোনো শাসক যদি নিজের ব্যক্তিগত ঐশ্বর্যকে রাষ্ট্রের সম্পদের সঙ্গে এক করে ফেলেন, তবে তা আমানতদারির পরিপন্থী। আবার শাসনব্যবস্থার আইনগত কাঠামো থাকলেও যদি মানুষের মৌলিক হক উপেক্ষিত হয়, তবে সিয়াসাতের আখলাকী ভিত্তি দুর্বল হয়ে পড়ে। ড. আলী শরীয়তির অর্থনৈতিক সমালোচনা তাই রাষ্ট্রচিন্তা থেকে বিচ্ছিন্ন নয়। তার কাছে মাল, মুলক ও ক্ষমতার সম্পর্ক বিশ্লেষণ করা ছাড়া সামাজিক ইনসাফের প্রশ্ন পুরোপুরি বোঝা সম্ভব নয়।

আদলে ইজতিমায়ি ও ইসলামী অর্থচিন্তার মাকাসিদ

ইসলামী অর্থচিন্তার কেন্দ্রে রয়েছে মানুষের বৈধ মালিকানা, হালাল কাসব, মুয়ামালাতের ইনসাফ এবং সম্পদের সঙ্গে যুক্ত শরয়ী দায়িত্ব। যাকাত, সদকা, ওয়াকফ, কর্জে হাসানা, মিরাস এবং বিভিন্ন অংশীদারিভিত্তিক লেনদেনের বিধান মুসলিম সমাজে সম্পদ অর্জন ও ব্যবহারের একটি বিস্তৃত কাঠামো গড়ে তুলেছে। এসব বিধানের লক্ষ্য ও প্রয়োগ নিয়ে ফিকহি ইখতিলাফ থাকলেও মানুষের হক রক্ষা, জুলুম প্রতিরোধ এবং অর্থনৈতিক সম্পর্কের স্বচ্ছতা ইসলামী চিন্তার গুরুত্বপূর্ণ বিষয়।

মাকাসিদুশ শরীয়াহর আলোচনায় দ্বীন, জীবন, আকল, বংশধারা ও সম্পদের সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী চিন্তাবিদরা এই আলোচনাকে আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। অর্থনৈতিক জীবনে মাল সংরক্ষণের অর্থ কেবল সম্পদশালীর মালিকানা রক্ষা নয়। এর সঙ্গে অন্যের মাল অন্যায়ভাবে ভোগ করা থেকে বিরত থাকা, প্রতারণা ও জুলুম প্রতিরোধ, বৈধ লেনদেন নিশ্চিত করা এবং সম্পদের সঙ্গে যুক্ত দায়িত্ব পালনও সম্পর্কিত। এই দৃষ্টিকোণ থেকে ড. আলী শরীয়তির সমালোচনা ইসলামী অর্থচিন্তার মাকাসিদ নিয়ে নতুন করে তাফাক্কুরের সুযোগ তৈরি করে।

তবে ড. আলী শরীয়তির চিন্তাকে সরাসরি ইসলামী ফিকহের সর্বসম্মত অবস্থান বলে গ্রহণ করা ঠিক হবে না। তিনি মূলত একজন ইসলামী সমাজচিন্তক ও গবেষক, যিনি ইতিহাস, ধর্মতত্ত্ব, সমাজবিশ্লেষণ ও রাজনৈতিক চিন্তার আলোকে অর্থনৈতিক প্রশ্নগুলো ব্যাখ্যা করেছেন। তার ভাষায় বিপ্লবী আবেগ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ রয়েছে। কিন্তু এই প্রতিবাদকে নির্দিষ্ট শরয়ী আহকাম হিসেবে গ্রহণ করতে হলে কোরআন, সুন্নত, ইজমা, কিয়াস এবং উসূলুল ফিকহের আলোকে পৃথক তাহকিক প্রয়োজন। বিশেষত ব্যক্তিগত মিলকিয়্যাহ, কানয, যাকাতের বাইরে সম্পদের ওপর অতিরিক্ত দায়িত্ব এবং রাষ্ট্রীয় বণ্টননীতি নিয়ে ইসলামী ফিকহে বহুস্তরীয় আলোচনা রয়েছে।

এই পার্থক্য স্বীকার করেও ড. আলী শরীয়তির প্রশ্নের গুরুত্ব অস্বীকার করা যায় না। কোনো অর্থনৈতিক ব্যবস্থা শরীয়তের নাম ব্যবহার করলেই কি তার সব কার্যক্রম আখলাকী বিচারে গ্রহণযোগ্য হয়ে যায়? কোনো লেনদেন ফিকহি শর্ত পূরণ করলেও তার সামাজিক প্রভাব নিয়ে কি প্রশ্ন তোলা যাবে না? বৈধ সম্পদের মালিক হয়েও মানুষ কি ইসরাফ, অহংকার কিংবা দরিদ্রের হক উপেক্ষার কারণে আখলাকী বিচারে সমালোচনার মুখোমুখি হতে পারে না? এসব প্রশ্ন ইসলামী অর্থচিন্তাকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দেয়।

আধুনিক মুসলিম সমাজে ড. আলী শরীয়তির চিন্তার প্রাসঙ্গিকতা

আধুনিক মুসলিম সমাজে ইসলামী অর্থনীতি নিয়ে আলোচনা ক্রমেই বিস্তৃত হচ্ছে। ইসলামী ব্যাংকিং, শরীয়তসম্মত বিনিয়োগ, যাকাত ব্যবস্থাপনা, ওয়াকফ এবং বিভিন্ন ধরনের মুয়ামালাত নিয়ে গবেষণা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ বৃদ্ধি পেয়েছে। এসব প্রচেষ্টা মুসলিম সমাজের অর্থনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু ড. আলী শরীয়তির চিন্তা আমাদের স্মরণ করিয়ে দেয়, অর্থনৈতিক ব্যবস্থার ইসলামী পরিচয়ের সঙ্গে তার সামাজিক প্রভাবের সম্পর্কও বিবেচনা করা প্রয়োজন।

যে সমাজে বিপুল সম্পদ অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হয়, সেখানে ইনসাফের প্রশ্ন ওঠে। যেখানে শ্রমিক তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হন, সেখানে হুকুকুল ইবাদ আদায়ের প্রশ্ন ওঠে। যেখানে বাজারে প্রতারণা, ইহতিকার কিংবা অন্যায় মুনাফার প্রবণতা দেখা দেয়, সেখানে মুয়ামালাতের শরয়ী বিধান ও হিসবার দায়িত্বের প্রশ্ন ওঠে। আবার যেখানে সম্পদশালী মানুষ যাকাত ও সদকার মাধ্যমে দরিদ্রের পাশে দাঁড়ান, সেখানে ইনফাক, তাকাফুল ও উখওয়াতের শিক্ষা বাস্তব রূপ লাভ করে। ইসলামী অর্থচিন্তার পূর্ণতা এসব বিষয়কে বিচ্ছিন্নভাবে নয়, পরস্পর সম্পর্কিতভাবে বিবেচনার মধ্যেই নিহিত।

ড. আলী শরীয়তির বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সম্ভবত এখানেই। তিনি ইসলামের অর্থনৈতিক আখলাককে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করতে চেয়েছেন। তার কাছে ইনসাফ কেবল বিমূর্ত ফালসাফার বিষয় নয়। এটি মানুষের আহার, বাসস্থান, শ্রম, সম্পদ, মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত। একইভাবে তাওহীদ কেবল মুখে উচ্চারিত একটি আকীদাগত ঘোষণা নয়। এর আখলাকী শিক্ষা মানুষের জীবনযাপন ও সামাজিক সম্পর্কেও প্রতিফলিত হওয়া উচিত। এই দৃষ্টিতে ইসলামী অর্থচিন্তার উদ্দেশ্য কেবল সম্পদ সৃষ্টি কিংবা মুনাফা অর্জন নয়, বরং এমন এক অর্থনৈতিক জীবন গড়ে তোলা, যেখানে হালাল কাসব, আমানতদারি, ইনসাফ এবং মানুষের কল্যাণ পরস্পরের পরিপূরক হয়ে ওঠে।

ড. আলী শরীয়তির ‘ওযু-করা পুঁজিবাদ’ ধারণাটি শেষ পর্যন্ত আমাদের একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। কোনো অর্থনৈতিক ব্যবস্থাকে ইসলামী বলে দাবি করার জন্য কোন বিষয়টি যথেষ্ট? তার নামের সঙ্গে ইসলাম শব্দটি যুক্ত থাকা, লেনদেনের ক্ষেত্রে আরবি পরিভাষা ব্যবহার করা কিংবা ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রতি আনুগত্য প্রকাশ করা? নাকি ইসলামের অর্থনৈতিক শিক্ষার সঙ্গে সেই ব্যবস্থার বাস্তব সম্পর্কও পরীক্ষা করা প্রয়োজন? ড. আলী শরীয়তির সমালোচনার মর্ম হলো, বাহ্যিক দ্বীনি পরিচয় কখনোই আদল, ইনসাফ ও হুকুকুল ইবাদ আদায়ের বিকল্প হতে পারে না।

তার চিন্তায় আবু জার গিফারি (রা.) এই প্রশ্নের এক জীবন্ত প্রতীক। আবু জার (রা.) আমাদের স্মরণ করিয়ে দেন, মাল মানুষের কাছে আল্লাহর দেওয়া আমানত। সম্পদ অর্জন ও সংরক্ষণের হক যেমন রয়েছে, তেমনি রয়েছে তার যথাযথ ব্যবহার, ইনফাক এবং আখিরাতের জবাবদিহির দায়িত্ব। রাসূল (স.)-এর সরল জীবন, সাহাবিদের ইসার এবং কুরআনের ইনসাফভিত্তিক শিক্ষা মানুষের সামনে এমন এক আখলাকী আদর্শ তুলে ধরে, যেখানে সম্পদের মূল্য নির্ধারিত হয় কেবল তার পরিমাণ দিয়ে নয়, বরং তা কীভাবে অর্জিত ও ব্যবহৃত হচ্ছে, সেই প্রশ্ন দিয়েও।

ড. আলী শরীয়তির সব ব্যাখ্যা ফিকহি কিংবা ঐতিহাসিক বিচারে সর্বসম্মত নয়। তার কিছু বক্তব্য নিয়ে ইখতিলাফ রয়েছে এবং কিছু ঐতিহাসিক বিশ্লেষণের জন্য আরও তাহকিক প্রয়োজন। কিন্তু তার চিন্তার একটি স্থায়ী গুরুত্ব আছে। তিনি মুসলিম সমাজকে তার নিজস্ব দ্বীনি ঐতিহ্যের ভেতর থেকেই আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন। মনে করিয়ে দিয়েছেন, তাওহীদ, আখলাক, মুয়ামালাত ও সিয়াসাতকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেখলে ইসলামের সামাজিক হিকমত আড়াল হয়ে যেতে পারে।

পুঁজিবাদ ওযু করলেই তার সব জুলুম দূর হয়ে যায় না। কোনো ব্যবস্থার বাহ্যিক পরিচয় পবিত্র হলেও তার অন্তর্নিহিত কাঠামোয় যদি শোষণ, ফাসাদ ও বৈষম্য অক্ষুণ্ণ থাকে, তবে সেই ব্যবস্থার আখলাকী বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে। ইসলামের শিক্ষা মানুষকে কেবল সম্পদের মালিক হতে শেখায় না, বরং মালকে আমানত হিসেবে দেখতে, অন্যের হক আদায় করতে এবং নিজের সামর্থ্য অনুযায়ী ইনফাক ও ইহসানের পথে চলতেও আহ্বান জানায়। এই শিক্ষার আলোকে অর্থনৈতিক জীবনের মূল্যায়ন করতে পারলেই দ্বীনের বাহ্যিক পরিচয় ও তার অন্তর্নিহিত হাকীকতের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হতে পারে।

ড. আলী শরীয়তির চিন্তার সবচেয়ে গভীর আবেদন সম্ভবত এই উপলব্ধিতেই নিহিত। ইসলাম কেবল মানুষের কলবের পরিশুদ্ধির আহ্বান নয়, বরং তার আখলাক, মুয়ামালাত এবং সামাজিক দায়িত্বেরও দিশা। যেখানে সম্পদের সঙ্গে আমানতদারি, ক্ষমতার সঙ্গে মুহাসাবা, মিলকিয়্যাহর সঙ্গে ইনফাক এবং ইবাদতের সঙ্গে হুকুকুল ইবাদ আদায়ের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, সেখানেই ইসলামী অর্থচিন্তার বৃহত্তর মাকাসিদ উপলব্ধির সুযোগ সৃষ্টি হয়। আর সেই উপলব্ধির কেন্দ্রে থাকে এক অনিবার্য সত্য: মানুষের মর্যাদা সম্পদের প্রাচুর্যে নয়, বরং তাকওয়া, ইনসাফ, ইহসান এবং হক আদায়ের মধ্যেই তার প্রকৃত মহত্ত্ব।

অনুবাদ : সাবিহা শুচি

লেখাটি শেয়ার করুন

মতামত প্রকাশ করুন

অনুদান দিন
Scroll to Top