আল্লামা ইকবাল: মুসলিম উম্মাহর শাশ্বত নকীব

বস্তুতই অন্য অনেকের মত ইকবাল শুধু ইসলামকে অনুধাবনের চেষ্টা করেননি, ইসলামের আলোয় নিজের অন্তর্জগতকে শুধু আলোকিত করেননি, ইকবাল একই সঙ্গে নিবেদন করেছেন নিখাদ ও নিঃশর্ত আনুগত্য; এবং এটাও গুরুত্বপূর্ণ যে, তিনি অন্য অনেকের মত সংশয় ও নানা ধরনের কূটবিশ্বাস ও বক্তৃতা নিয়ে নানা পথে ইতস্তত লক্ষ্যহীনভাবে বহুদিন ঘোরাফেরা করে অবশেষে ঘরে ফিরেছেন, তা নয়; জীবনের শুরু থেকেই তিনি একজন প্রকৃত মুসলমান। অর্থাৎ অনেক বিভ্রান্তি ও কুঞ্ঝটিকার মধ্য থেকে অনেক সময় ও শ্রমকে জলাঞ্জলি দিয়ে, তাঁকে তাঁর বিশ্বাসকে আবিষ্কার করতে হয়নি; তিনি আজন্ম বিশ্বাসী, আজন্ম ঈমানদার, আল্লাহ পাকের অপার অনুগ্রহপুষ্ট একজন স্বাভাবিক মর্দে- মুমিন, মর্দে-মুজাহিদ।

এটা আল্লাহর একটা বিশেষ অনুগ্রহই বটে। কারণ, তার সময় ও তাঁর শিক্ষা, তাঁর চতুর্দিকে ব্যাপ্ত-বিস্তৃত আধুনিক পাশ্চাত্য জীবনের দৃষ্টিভঙ্গি ও সর্বগ্রাসী প্রভাব, এসব কোন কিছুই ইকবালের ক্ষেত্রে কণামাত্র চিত্তবিক্ষেপের কারণ হতে পারেনি। অথচ হওয়াটা খুব স্বাভাবিক ছিল। স্বাভাবিক এই জন্য যে, তাঁর চোখের সামনে বিশ্ববিধ্বংসী প্রথম মহাযুদ্ধ সংঘটিত হয়েছে; দ্বিতীয় মহাযুদ্ধ প্রত্যক্ষ করেননি বটে কিন্তু ঝড়ের অব্যবহিত-পূর্ব পুঞ্জীভূত ঘন- মেঘের রোষ ও গর্জন তিনি শুনেছেন; বয়স যখন চল্লিশ তখন দেখেছেন জারের পতন ও তদস্থলে কার্ল মার্কস-এঙ্গেলস-লেনিনের স্বপ্নময় সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার জন্ম, দেখেছেন ফরাসী বিপ্লবের উদরজাত গণতন্ত্রের বিশ্বময় ক্রমবর্ধমান প্রসার। এত অসংখ্য বৈপ্লবিক ও বিশ্বব্যাপী ঘটনা-দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী একজন কবি ও দার্শনিক-যে আমৃত্যু ইসলামের প্রশ্নে অটুট ও অপরিবর্তিত থাকবেন, এটা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ ছাড়া সম্ভব নয়।

আসলেই গভীর সংবেদনশীল মনের একজন কবি, অত্যধিক অনুসন্ধিৎসু মনের একজন দার্শনিক, নানা আদর্শ ও বিশ্বাসে স্থিত বহু বিশ্ববিখ্যাত অধ্যাপকের একজন অনুরাগী শিক্ষার্থী, সমসাময়িক পৃথিবীর শ্রেষ্ঠতম বিদ্যাপীঠগুলোতে নানা বিষয়ে পাঠগ্রহণ ও বিতরণে প্রাজ্ঞ-অভিজ্ঞ একজন উদার, আধুনিক ও সচেতন মানুষ; যাঁর ঘনিষ্ঠজনদের তালিকায় ছিলেন শুধু বিখ্যাত কবি, দার্শনিক, অধ্যাপক নন, বহু বিশ্ববিখ্যাত রাজনীতিবিদও; তিনি-যে সকল ক্লেদ ও কদর্যের মধ্যেও পঙ্কজের মত একমাত্র ইসলামের সুর ও সৌরভকে নিয়ে অক্ষতভাবে জেগে থাকলেন, এটা একটা বিস্ময়। অবশ্য আল-কুরআন ও রাসূল (সা:)-এর নির্ভুল জীবনাদর্শ যে-নাবিকের পাথেয়, বাইরের ঝড়-ঝঞ্ঝা ও উত্তাল তরঙ্গ থেকে তিনি নির্ভয়। ইকবাল ছিলেন এই রকমই এক নাবিক, তিনি মানুষের মস্তিষ্কজাত দর্শন ও মতবাদরূপী নানা গোমরাহি-কুহেলিকার মধ্য দিয়ে পথ চলেছেন, কিন্তু এক মুহূর্তের জন্যও দিকভ্রষ্ট হননি।

ইকবালের শিক্ষা ও কর্মস্থল ছিল লাহোর, ইংল্যান্ড ও জার্মানী; শিক্ষার বিষয়বস্তু ছিল ভাষা, সাহিত্য, ইতিহাস, দর্শন, আইন, অর্থনীতি ও রাজনীতি; পাঁচটি অত্যন্ত সমৃদ্ধ, প্রাণবান ও আধুনিক বিশ্বভাষায়, উর্দু, ইংরেজী, জার্মান, ফারসি ও আরবি, তিনি অর্জন করেছিলেন ঈর্ষণীয় অধিকার ও পান্ডিত্য; অথচ কোন কিছুই তাঁকে ও তাঁর হৃদয়কে এতটুকু শিথিল করতে পারেনি। রাসূল (সা:) বলেছেন- তোমরা আল- কুরআন ও আমার সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ইকবাল পৃথিবীর সেকাল-একালের বহু জ্ঞানবৃক্ষের শাখায় শাখায় বিচরণ করেছেন, কিন্তু তিনি তাঁর কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা মুষ্টিকে কখনোই এতটুকু আলগা হতে দেননি। সমগ্র মুসলিম উম্মাহর জন্য শতাব্দীকালের মধ্যে আল্লাহ পাকের অন্যতম শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ নেয়ামত আল্লামা ইকবাল।

ইকবালের শাব্দিক অর্থ হলো সৌভাগ্য। কোন সন্দেহ নেই, ইকবালের জীবন ছিল সৌভাগ্যনন্দিত। শিক্ষা-সৌন্দর্য, খ্যাতি-পরিচিতি, মানুষের সশ্রদ্ধ প্রীতি ও ভালোবাসা, পদ-পদবি, উপাধি, মানুষের যা কিছু কাঙ্ক্ষিত তা সবই তাঁর কাছে ধরা দিয়েছিল স্বল্পতম সময়ে, দৃশ্যত প্রায় অনায়াসে পোষমানা পাখির মত; সত্যই যেন এক ঝলমলে চোখ-ধাঁধানো বিভূতিময় জীবন। অনেক বড় মানুষের লালিত স্বপ্নের চেয়েও অনেক বড় তাঁর এই জীবনের দীপ্তি ও সুষমা। কিন্তু এ নিতান্তই পার্থিব সাফল্য; এই ধরনের কামিয়াবি ইকবালদের মত মানুষের কাছে একেবারেই লঘু সামগ্রী। মানুষের প্রকৃত সৌভাগ্য নিহিত আছে আল্লাহর সন্তুষ্টির মধ্যে। ‘ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার জালিকা হুয়াল ফাউযুল আযীম’ (সূরা তাওবাহ) ‘মহান আল্লাহর সন্তুষ্টিই জীবনের শ্রেষ্ঠতম সাফল্য’। ইকবাল এই সাফল্যকেই স্পর্শ করতে চেয়েছিলেন এবং তা করেছিলেন।

আল্লাহ পাক যাকে ভালোবাসেন তার দিল ইসলামের জন্য খুলে দেন। ইকবালের সমগ্র জীবনের সাধনা এবং প্রেম ও পরিশ্রম থেকে এটা প্রতিভাত হয়, আল্লাহ তাকে বন্ধুর মত অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করেছেন; তার দিলকে আল্লাহ পাক করে দিয়েছেন ইসলামের জন্য উন্মুক্ত-অর্গলমুক্ত। অতএব বলা যায়, ইকবালের সৌভাগ্য; তিনি কেবল জাগতিক সাফল্যই লাভ করেননি, আল্লাহ পাকের সন্তুষ্টি ও ভালোবাসায় ধন্য তিনি এক অনন্য সাফল্যেরও অধিকারী। অবশ্য এই সাফল্য ও সৌভাগ্য তাঁর একান্তই ব্যক্তিগত; কিন্তু খুবই সুখের বিষয়, ইকবাল সমগ্র মুসলিম উম্মাহর জন্যও এমন এক সৌভাগ্য-সূর্য, যার কিরণ বহুকাল বিকীর্ণ হতে থাকবে, বহুকাল মুসলমানকে তার হৃতগৌরব পুনরুদ্ধারে সাহস ও শক্তির এক অনিঃশেষ উৎস হিসাবে বিদ্যমান থাকবে। সত্যই আল্লাহ পাকের কী অফুরন্ত অনুগ্রহ! অনুগ্রহই বটে, কারণ, ঈর্ষা ও অসূয়া, অনৈক্য, ভীরুতা ও কলহ-তাড়িত, লাঞ্ছিত, অপমানিত, পুরুষকার- বঞ্চিত মুসলমানের মধ্যে ইকবালের মত কোন পুরুষের আবির্ভাব খুবই রোমাঞ্চকর, কিন্তু খুবই অস্বাভাবিক। শুধু আল্লাহর অনুগ্রহের জন্যই এটা সম্ভব।

ইকবাল জন্মগ্রহণ করেছিলেন ১৮৭৭ খ্রীষ্টাব্দে। পিতা শেখ নূর মোহাম্মদ ছিলেন একজন ধর্মানুগত পরিচ্ছন্ন খোদাভীরু মানুষ। তাঁর পুরো পরিবার ছিল মুজাদ্দেদ আলফেসানীর (রহ:) ভক্ত। পিতা নূর মোহাম্মদ হয়ত-বা এইরকম একটি পুত্রের আশা পোষণ করতেন ও একান্ত মনে প্রার্থনাও করতেন, যে পুত্র হবে মুজাদ্দিদে আলফেসানীর (রহ:) মতই ইসলামের এক বিপ্লবী পুরুষ। আল্লাহ পাক পিতার এই দোয়া কবুল করেছিলেন, পূর্ণ করেছিলেন শেখ নূর মোহাম্মদের নেক তামান্না; দান করলেন এমন এক পুত্র, যিনি বহুধাবিভক্ত ও শিরক-কুফরি-নিফাক আক্রান্ত ক্রমাগত নিম্নে ধাবমান মুসলিম উম্মাহর মধ্যে আবির্ভূত হলেন আলফেসানীর (রহ:) মতই শতাব্দীর এক মুজাদ্দিদরূপে। হজরত আলফেসানী (রহ:), অনেকে যাঁকে শেখ আহমদ সরহিন্দ বলেও জানে; লড়াই করেছিলেন আকবরের দীন-ই-ইলাহীর বিরুদ্ধে, ‘ইবনুল আরাবীর ওয়াহদাতুল ওজুদ’ তত্ত্বের বিরুদ্ধে; ইকবাল আমৃত্যু লড়ে গিয়েছেন মুসলমানের স্বেচ্ছায়-আত্মহনন ও ভীরুতা এবং অসচেতনতার বিরুদ্ধে, ইসলামের মোকাবিলায় মাথা-তুলে দাঁড়ানো সকল দর্শন ও মতবাদের বিরুদ্ধে। তাঁর এই সংগ্রাম ব্যর্থ হয়নি, আসলে আল্লাহর পথে কোন সংগ্রামই কখনো ব্যর্থ হয় না।

ইকবালের কবিতা ও দর্শনের মধ্য দিয়ে মুসলমান আবার ফিরে পেলো হৃত সম্বিৎ, সাহসে ও আত্মশক্তিতে ভর করে পুনরায় জেগে উঠলো একটি জাতি, নতুন করে তাজা রক্ত প্রবাহিত হলো মুসলিম উম্মাহর নিষ্প্রাণ ধমনীতে। কৃতজ্ঞচিত্তে স্বীকার করতেই হবে, আজ-যে সমগ্র বিশ্বে মুসলমানের অভূতপূর্ব জাগরণ, তৌহিদী জনতার যে-অপ্রতিহত উত্থান, যা কাফের-মুশরিকদের কাছে রীতিমত আতঙ্কের কারণ হয়ে উঠেছে, এই পালাবদলের প্রেক্ষাপট অনেকটাই ইকবালের রচনা। ইকবালের কাছে আমাদের এই ঋণ সত্যিই অপরিসীম। বস্তুত, ইকবালকে দৃশ্যত যত বড় বলে মনে হয়, তিনি তার চেয়েও অনেক বড়। ধারণা করি, আমরা ক্রমশ তাঁর নিকটবর্তী হবো এবং ক্রমশই তাঁর বিশালত্বকে অনুধাবন করতে সক্ষম হবো। আসলে ইকবাল সাধনাবলে বড় হননি। ইকবাল হবার জন্যই ইকবালের জন্ম। ইকবাল ছিলেন একজন নির্বাচিত মানুষ, এবং এটা অনেকখানি বোঝাও যায় যে, তিনি প্রকৃতপক্ষেই আল্লাহ পাকের একটি প্রিয় নির্বাচিত মানুষ; অন্তত পিতা নূর মোহাম্মদ তাঁর এই সন্তানটির জন্মের আগে যে স্বপ্ন দেখেছিলেন, তার তাবির ও তাৎপর্য থেকে এই রকমই ধারণা হয়। তিনি দেখলেন, আকাশবিহারী একটি বিহঙ্গ যেন তার কোলে নেমে এলো। সত্য যে, অনেক স্বপ্নই অর্থহীন, কিন্তু কিছু স্বপ্ন এমন আছে, রাসূল (সা:) যাকে বলেছেন নবুয়তের ছেচল্লিশ ভাগের একভাগ। অর্থাৎ শয়তানের প্রভাবমুক্ত নির্ভুল সত্য স্বপ্নও আছে। স্বচ্ছ হৃদয় ও পূত-চরিত্রের অধিকারী শেখ নূর মোহাম্মদকে এই রকমই এক স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক একটি অসাধারণ সন্তানের আগমনবার্তা অগ্রিম জ্ঞাপন করেছিলেন। পিতার স্বপ্ন যে শুধু স্বপ্ন ছিল না, পুত্র ইকবালের কিঞ্চিদধিক ষাট বছরের জীবনই তার প্রমাণ।

এবং ইকবাল যে সত্যসত্যই আল্লাহ পাকের বিশেষ অভিপ্রায় ও অনুগ্রহেরই এক মানবিক রূপ, সেটা তার কিশোর বয়সেই কেউ কেউ অনুধাবন করতে পেরেছিলেন। অন্তত সেদিন, যেদিন এক কবি সভায় এই সদ্যকিশোর সবাইকে বিস্মিত করে, যেন এক দূরাগত ইলহাম থেকে নিজের পরিচয় বিবৃত করলেন- ‘মুক্তো মনে করে দয়াময় আপন করুণায় তুলে নিলেন আমার জলবিন্দুগুলো; যা ছিল আমার লজ্জাজনিত স্বেদবিন্দু’। অনেকের কাছেই এই বালককে সেদিন মনে হলো এক আসমানী কন্ঠস্বরের অধিকারী, যার কল্প ও যবানে উপবিষ্ট আছেন আল্লাহ পাক স্বয়ং। কারণ, বাহ্যত কবিতাই বটে, কিন্তু কী গাঢ় সংলাপ, মহান আল্লাহ তায়ালার সঙ্গে কী নিবিড় সম্পর্কের এক তুলনাহীন হৃদয়মথিত অভিব্যক্তি!

বলাই বাহুল্য, বহু মানুষের মধ্য থেকে আল্লাহ পাক যাকে স্বীয় অনুগ্রহে মনোনীত করেন, তাকে পার্থিব ভোগবিলাস, আপন বুদ্ধি ও প্রবৃত্তিতাড়িত জীবন যাপন অথবা কাফের-মুশরিকদের সহায়ক হয়, এমন কাজের জন্য করেন না। তাকে সত্য-মিথ্যার পার্থক্য বুঝবার তাওফিক দান করেন; এবং আল্লাহ তাকে মনোনীত করেন আল্লাহরই জন্য। আর এই মনোনয়ন যাঁরা পান, আল্লাহ পাক তাঁদের উপর অর্পণ করেন কঠিন অনেক দায়িত্বের ভার। জয়-পরাজয়ের কোন প্রশ্ন নয়, বৈরী পরিবেশ ও প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের অবিরাম অবিশ্রাম লড়াই করে যেতে হয়, যে-সংগ্রামী দায়িত্ব থেকে আমৃত্যু তাদের মুক্তি নেই, নিষ্কৃতি নেই, অব্যাহতি নেই। ইকবালের স্কন্ধেও অর্পিত হয়েছিল তার জন্য নির্ধারিত এক বিরাট দায়িত্ব। দায়িত্বটি হলো, সারাবিশ্বে বিস্তৃত মুসলিম উম্মাহর ক্লান্ত-অবসন্ন নিদ্রিত স্নায়ুতে শক্তি ও চেতনা ফিরিয়ে আনা; ভীরু ও দুর্বল এই জাতিকে আবার সাহসী করে তোলা; ভ্রান্তি, গোমরাহি ও কুহেলিকার আবরণ সরিয়ে ইসলামের প্রকৃত আলোকরশ্মির পূর্ণচ্ছটায় পৃথিবীকে আবার সত্য, ন্যায় ও ইনসাফের মুখোমুখি করা। সন্দেহ নেই, দায়িত্বটি বিশাল; এবং এই বিশাল দায়িত্ব তিনি কতটা সাফল্যের সঙ্গে পালন করেছেন সে-একটি অনিবার্য প্রশ্ন, অপরিহার্য প্রসঙ্গ। কিন্তু এই প্রশ্ন ও প্রসঙ্গের সম্মুখীন হওয়ার পূর্বে, এই কথাটি উল্লেখ করা জরুরী যে, ইসলাম ও মুসলিম উম্মাহর প্রতি অকৃত্রিম প্রেম এবং এতদসঙ্গে একটি সহজাত দায়িত্ববোধে উদ্দীপিত আল্লামা ইকবাল তাঁর কর্তব্যকর্ম সম্পর্কে আমৃত্যু একটি দিনও গাফেল বা উদাসীন থাকেন নি। তিনি যেদিন এন্ট্রান্স পাসের পর স্কচ মিশন কলেজে ভর্তি হতে চাইলেন, পিতা তাঁকে বলেছিলেন, ‘এখানেই পড়ো কিন্তু আমাকে কথা দাও, আজীবন তুমি ইসলামের খেদমত করে যাবে।’ ইকবাল কথা দিয়েছিলেন, অক্ষরে অক্ষরে সে অঙ্গীকার তিনি রক্ষাও করেছিলেন। আল্লাহ পাকের ইচ্ছা তো ছিলই, কিন্তু একই সঙ্গে পিতার এই যে ব্যাকুল বাসনা, ইকবাল মুহূর্তের জন্যও ইসলাম এবং মুসলমান থেকে বিস্মৃত হননি, হতে পারেন নি এবং এ-জন্যই তাঁর সকল কাব্যকর্ম, পদ্য, গদ্য, বক্তৃতা কি একান্ত ঘরোয়া আলোচনা, নিঃসঙ্গ একাকীত্ব কিংবা বিদ্বজ্জনমহলে গভীর দর্শনচর্চা, রাজনীতি ইত্যাদি সর্বত্রই তিনি এক অক্লান্ত সার্বক্ষণিক সর্বস্ব-নিবেদিত মুজাহিদ; যাঁর একমাত্র লক্ষ্যই হলো, ইসলাম ও মুসলিম উম্মাহকে তার গৌরবময় সোনালি-যুগের আদলে পুনর্বিন্যাস ও পুনঃস্থাপন করা।

ইসলামের ইতিহাসে এমন বহু মনীষীর আবির্ভাব ঘটেছে, যারা এই দ্বীনকে তার যথার্থ মর্যাদায় অধিষ্ঠিত রাখতে, দ্বীনের গতিকে বেগবান রাখতে বিপুল ত্যাগ ও শ্রম স্বীকার করেছেন। কিন্তু দুঃখের বিষয়, এমনও অনেকে ছিলেন, যারা পারসিক বা ভারতীয় সংস্কৃতির সখ্য ও সংস্পর্শহেতু অথবা গ্রীক খ্রীষ্টীয় ইত্যাদি দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে ইসলামের আসল দাবীকে বহুলাংশে তরল ও শিথিল করে তুলেছেন; এবং আরো দুঃখের বিষয়, এমন কিছু ইসলামী পন্ডিত ও লেবাসী-আলেম ছিলেন, যারা মুসলিম রাজা-বাদশাহদের তো বটেই, এমনকি কাফের মুশরিকদেরও ক্রীড়নকে পরিণত হয়ে ইসলামের প্রকৃত রূপটিকে আড়ালে রাখার চেষ্টা করেছেন, যথেষ্ট ক্ষতিগ্রস্তও করেছেন। ইকবাল এই সকল বিষয় সম্পর্কে অবহিত ছিলেন, সজাগও ছিলেন। তিনি জানতেন, কোনটা ইসলামের আর কোনটা ইসলামের নয়; কোগুলো ইসলামের জরুরী দাবি আর কোনগুলো গৌণ।

তিনি জানতেন, মুসলমানের জিল্লতি ও অধঃপাতের কারণগুলো কী এবং পুনর্জাগরণের প্রাণরহস্য কোথায় লুক্কায়িত। তিনি একথাও জানতেন যে, মুসলমান আজ এক সমূহ দুর্ভাগ্যের শিকার, মুসলমান ক্রমাগত পিছিয়েই পড়ছে; বর্তমান ইতিহাসে তার চেয়ে দুঃখী, বিধুর ও সর্বস্বান্ত কেউ নেই; তার চেয়ে অধিক আত্মবিশ্বাসহীন ও আত্মহননে তৎপর জাতিও পৃথিবীতে আজ খুব দুষ্প্রাপ্য। তিনি দেখতে পেয়েছিলেন, ভাঙ্গা হাল ও শতচ্ছিন্ন পাল নিয়ে পৃথিবী নামক এই বিশাল মহাসমুদ্রে মুসলমান আজ এক অসহায় জাহাজের অসহায় নাবিক। ইকবাল তাঁর সমগ্র জীবনের বহুমুখী সাধনা দিয়ে মুসলমানের এই ভাঙ্গা হাল ও ছেঁড়া পালটিকে মেরামত করতে চেয়েছেন, মোচন করতে চেয়েছেন সকল অসহায়ত্ব; চেয়েছেন ইসলামের জীর্ণ তরীকে আবার ময়ূরপঙ্খীতে পরিণত করতে। দ্বিতীয় কিছু নয়, ইকবালের সকল কাজ এই একমাত্র লক্ষ্যকে সামনে রেখেই আবর্তিত এবং এ-বিষয়ে ইকবাল যে সত্যই কী নিরঙ্কুশভাবে উৎসর্গিত, একটি ঘটনা থেকে তা পরিষ্কারভাবে উপলব্ধি করা যায়। ইকবালের বয়স তখন মাত্র চৌত্রিশ/১৯১১ সাল। তিনি তাঁর জীবিকার কথা কিছুমাত্র না-ভেবে পাঁচশত টাকা বেতনের সরকারী চাকরিটা অকস্মাৎ ছেড়ে দেন। কেউ কেউ তাঁর এই আকস্মিক চাকরি ত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন:

“আমার স্বজাতির উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য আছে। সরকারী চাকরিতে থাকলে আমার পক্ষে সব কথা বলা অসুবিধাজনক। এই জন্যই চাকরি ছাড়তে হলো। আশা করি এখন আর আমার ইচ্ছানুযায়ী কথা বলতে ও কাজ করতে কোন বাধা হবে না।”

বোঝা যায়, যেখানে যেটুকু আড়াল ও অবগুন্ঠন, বাধা ও প্রতিরোধ, তা-সব নিঃশেষে ভেঙ্গে দিয়ে তিনি বেরিয়ে এলেন এক ইনসান-ই-কামিল, এক পরিপূর্ণ মানব, মুসলিম উম্মাহর তরক্কীর জন্য খাপ থেকে উন্মুক্ত এক শাণিত তরবারি, বিংশ শতাব্দীর এক প্রতীক্ষিত মুজাদ্দিদ কবি দার্শনিক আল্লামা স্যার ডক্টর মুহম্মদ ইকবাল।

ড. ইকবালের জীবন বহু বৈচিত্র্যে সমৃদ্ধ এক ঈর্ষণীয় অনন্য জীবন। এই জীবনের বহুমাত্রিক সাফল্যের কথা কিঞ্চিৎ আলোচনা করেছি; কিন্তু যে-কথাটি বিশেষভাবে অনুধাবনের বিষয় তাহলো, ইকবালের বহিরবয়ব অত্যন্ত ঐশ্বর্যময় বটে, কিন্তু তাঁর অন্তর্জগৎই আসলে সর্ববিধ শক্তি ও সৌন্দর্য এবং অসাধারণত্বের পরশ পাথর, যার স্পর্শহেতু ইকবালের বাইরের রূপ এমন স্বর্ণপ্রভ। কিন্তু ভেতরে বাইরে ইকবালের এই স্বর্ণপ্রভ ধনাঢ্য জীবন খুব নিরুপদ্রব ছিল না। তিনি একদিকে যেমন ছিলেন আধুনিক পশ্চিমা-বিশ্বের কুশলি আক্রমণের শিকার; অপরদিকে তথাকথিত বহু আলেম-দরবেশের নিদারুণ বৈরিতা দ্বারাও আক্রান্ত। সত্য যে, পশ্চিমা-বিশ্বে তাঁর একদিকে অনুরাগী-ভক্তের সংখ্যা যেমন ছিল প্রচুর, অপরদিকে একেবারে সেরা সেরা ব্যক্তিদেরও তিনি ছিলেন অকুন্ঠ মনোযোগের পাত্র; এবং জীবন সম্পর্কে তাঁর বক্তব্য ও দৃষ্টিভঙ্গি প্রতীচ্যে প্রায় সর্বমহলে আলোড়নও সৃষ্টি করেছিল এবং গভীর বিবেচনায় তিনি গৃহীতও হয়েছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে একটি কুশলি ও সতর্ক প্রতিরোধও ছিল; যে-কারণে তাঁকে নানারূপ অসূয়ায় বিদ্ধ করার সঙ্গে সঙ্গে নোবেল পুরস্কার থেকে সতর্কভাবে বঞ্চিত রাখা হয়েছে। অথচ তাঁর চেয়ে অনেক নিম্নমানসম্পন্ন কবি বা দার্শনিক তাদের বক্তব্যহীন বক্তব্যের কারণে ওই জগদ্বিখ্যাত পুরস্কারে অনায়াসে অভিনন্দিত হন। ইকবাল নিজে অবশ্য এ সম্পর্কে খুবই লঘু প্রতিক্রিয়া ব্যক্ত করে তার অনেক ব্যথিত-হৃদয় প্রতিবাদী ভক্তের কাছে বলেন, ‘আমাকে নোবেল পুরস্কার দেয়া হলে সাথে সাথে এই প্রশ্নও উঠতো, আমার কী অবদানের জন্য তা দেয়া হলো। মন্দ কী, পুরস্কার না দেয়াতে এই প্রশ্ন আর উঠছে না।’ কিন্তু এই বক্তব্য থেকে পুরস্কারটির প্রতি ইকবালের সকৌতুক উপেক্ষা ও অনীহা প্রকাশ পায় বটে, কিন্তু নেপথ্যের কথাটি অত্যন্ত ভয়াবহ। ইকবাল নিজেও জানতেন, হয়ত অন্যদের তুলনায় একটু বেশিই জানতেন যে, নোবেল পুরস্কারের পোশাকী রূপ যত নিষ্পাপ ও নিরপেক্ষ বলেই ভ্রম হোক, আসলে নোবেল একটা হাফ পলিটিক্যাল প্রাইজ। অতএব, যে-কবি ইসলামের কথা বলেন, সর্বোপরি মুসলমানকে তার হারানো ইতিহাস ও ঐতিহ্যের আলোয় সব মিথ্যা ও সংশয়কে পরাভূত করে আবার পৃথিবীময় নেতৃত্ব গ্রহণের কথা বলেন-সেই কবির বাণী ও বিশ্বাসকে কি নোবেল পুরস্কারে অভিনন্দিত করা চলে!

পশ্চিমাবিশ্বের কাছে দুঃসহতম আতঙ্কই হলো ইসলাম। অতএব, আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্ব, রাসূল (সা:)-এর অনুপম জীবনাদর্শ, মুসলিম উম্মাহর অতুলনীয় ত্যাগ, শাহাদাত ও বীরত্বের মহিমায় ভাস্বর যে ইতিহাস, সেই ইতিহাস ও আদর্শের পুনর্জাগরণ যে কবির লক্ষ্য; অভিনন্দন দূরের কথা, তিনি তো ইবলিসের পক্ষপুটে লালিত বিকশিত ইউরো-মার্কিনী সভ্যতার এক নম্বর দুশমন। বরং নোবেল পুরস্কার তাদের প্রাপ্য, যারা নদী, প্রকৃতি, রমণীর কথা বলে, জনবিচ্ছিন্ন নির্জনতার কথা বলে; পৃথিবীর কিছু এসে যায় না এমন-সব জটিল অপ্রয়োজনীয় রহস্যময় দর্শন কি মতবাদের কথা বলে।

এবং এইজন্যই খলিল জিবরান যাঁর অনবদ্য ‘The prophet’ সমগ্র প্রতীচ্যে সর্বাধিক আদৃত, সর্বাধিক পঠিত, তার নাম উপর্যুপরি পাঁচবার প্রস্তাবিত হওয়া সত্ত্বেও নোবেল কমিটি নির্মমভাবে অগ্রাহ্য করেছে। কারণ, জিবরানের সাহিত্যকীর্তি কিছুটা হলেও ইসলামের প্রতি অনুগত এবং এই একই কারণে তলস্তয় কিংবা ম্যাক্সিম গোর্কি সম্পর্কেও নোবেল কমিটি নীরব। কারণ, তাঁদের বক্তব্য পুরস্কারদাতাদের লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থী। অথচ অন্যদিকে পাস্তারনাক বা সার্ত্রে বা আলবেয়ার কামুকে নিয়ে পশ্চিমা জগতের কী-সীমাহীন আগ্রহ! কারণ একটাই, পাস্তারনাক ছিলেন সোভিয়েত শিবিরের বিরুদ্ধাচারী; এবং কামু ও সার্ত্রে ছিলেন অস্তিত্ববাদ (Existentialism) নামক এমন এক দুর্বোধ্য দর্শনের প্রবক্তা, যা মানুষ বুঝতে বুঝতেই দর্শনটির মৃত্যু ঘটবে। অতএব, ইকবাল নামক মানুষটি যদি লালন ফকিরের মত অধরা মরমিবাদের কথাও বলতেন, যদি বন্দনা করতেন গালিবের মত সুরা ও সাকী এবং নারী-হৃদয়ের মহিমা, তা-হলেও একটা কথা ছিল। কিন্তু এই কবি ত্রাস-সঞ্চারক, যিনি পৃথিবীময় মুসলিম উম্মাহর মধ্যে এমন এক শোণিত-প্রবাহ সৃষ্টি করতে চান, জাগিয়ে তুলতে চান এমন এক সাহস ও আত্মবিশ্বাস, যা ইউরো-মার্কিনী সভ্যতার জন্য খুবই বিপজ্জনক। অতএব, ইকবাল খুব সঙ্গত কারণেই পশ্চিমা প্রভাব-লাঞ্ছিত নোবেল কমিটির সদ্বিবেচনা থেকে বরাবর দূরবর্তী থেকেছেন। আসলে ইকবাল বার বার এই জরুরী কথাটি বোঝাতে চেয়েছেন যে, ইউরোপ-আমেরিকার যে বাহ্যরূপ, তার পশ্চাতে ও অভ্যন্তরে বিরাজ করছে এক নৈতিক হাহাকার, এক প্রচন্ডতম মানবিক সংকট, এক বিশ্ববিধ্বংসী দানবীয় লোভ ও অসূয়া; এবং তিনি পৃথিবীর সামনে পেশ করতে চেয়েছেন ইসলামের সর্বকল্যাণময় আদর্শ, যা এই রোগগ্রস্ত পৃথিবীর জন্য এক অব্যর্থ চিকিৎসা। কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে এই ইসলামী ব্যবস্থাপত্রের কথা যে কী পরিমাণে ভয়াবহ, ইউরোপ আমেরিকার বহুমুখী ইসলাম-বৈরিতা তার প্রমাণ। অতএব, ইকবাল যদি ভেতরে বাইরে পশ্চিমা-শক্তির কুশলি কর্ণধারদের দ্বারা বাধাপ্রাপ্ত হন, সেটা শতকরা একশ’ ভাগ স্বাভাবিক। কিন্তু ইকবাল তাঁর স্বদেশে স্বধর্মী ইসলামপ্রেমীদের দ্বারা নির্দয়ভাবে নিন্দিত ও সমালোচিত হন কেন? নিঃসন্দেহে দুঃখের কথা; ইসলাম যে বৈপ্লবিক পয়গাম নিয়ে এসেছিল, সেই পয়গাম পৌনে এক শতাব্দী অতিবাহিত হতে না-হতেই নানা অশুভ পার্শ্বপ্রভাবে একটি তরল রূপ পরিগ্রহ করে বিষয়বুদ্ধিসম্পন্ন অনেক চতুর ইসলাম-দরদীর হাতে আখেরাত বিকিকিনির মূলধন হয়ে দাঁড়ায়। এই ধরনের ধর্মব্যবসায়ী অতি-মুসলমানদের কাছে ইকবাল যে খুবই অপ্রিয় হবেন, আক্রমণের লক্ষ্যস্থলে পরিণত হবেন, এতে বিস্ময়ের কিছু নেই। প্রকৃত মুসলমানের পরিচয় হলো- আল্লাহ ও তাঁর রাসূল (সা:)-এর প্রতি অটুট বিশ্বাস ও আনুগত্য; এবং ইসলাম হলো সত্য ও আদর্শের জন্য প্রাণাহুতি দেবার দুর্নিবার তামান্না। ইকবাল এদিকেই সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, করতে চেয়েছিলেন। এখানেই তাঁর ‘অপরাধ’ এবং এই অপরাধেই তিনি অনেক আলেম ও সূফী-পীর- দরবেশের কাছে অসহ্য হয়ে উঠলেন।

কিন্তু সুখের বিষয়, এই ধরনের বালখিল্য মতলবি-আক্রমণ সমসাময়িক মুসলিম মানসে বিশেষ প্রভাব ফেলতে পারেনি, দীর্ঘস্থায়ী হয়নি। অবশ্য এটা সত্য যে, কিছু মুসলমানের এই অনুচিত আক্রমণ বরাবরই নির্দয়ভাবে অব্যাহত ছিল। থাকাটাই স্বাভাবিক; কারণ, শতাব্দীকাল অতিবাহিত হতে না-হতেই ইসলাম-যে ঘোরতরভাবে লক্ষ্যচ্যুত হয়েছিল, এটা ইতিহাস; এবং কিছু মুসলমান বরাবরই অত্যন্ত দায়িত্বহীনভাবে সামান্য স্বার্থ ও আত্মাভিমানকে ইসলামের মোকাবিলায় বড় করে দেখেছে, এটাও ইতিহাস। অতএব, ইকবালের মত একজন বিশ্বস্ত নকীব যে এদের দ্বারা বাধাগ্রস্ত হবেন, এতে বিস্মিত কি বিচলিত হওয়ার কিছু নেই।

বড়পীর সাহেব হজরত আবদুল কাদের জিলানী (রহ:) এদের সম্পর্কেই দুঃখ করে বলেন- “নীতিজ্ঞানবর্জিত ধর্মহীন ক্ষমতাগর্বী বাদশাহ, অর্থলোভী উলামা ও গোমরাহ-সুফী; এই তিনের অবাঞ্ছিত যোগাযোগই মুসলমানকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করেছে।”

বলা বাহুল্য, ইকবালের কথা ও কবিতা যাদের মনঃপূত হয়নি, তারা ছিল এই তিনেরই কোন-না কোন শ্রেণীভুক্ত। তবু ইকবালের সৌভাগ্য যে, তাঁকে অন্তত দরবারি আলেমদের কারসাজিতে মুজাদ্দিদ আলফেসানী (রহ:)-এর মত কারাগারে যেতে হয়নি, হজরত ইমাম গাজ্জালী (রহ:)-এর মত আপন গ্রন্থাদির বহ্ন্যুৎসবও অবলোকন করতে হয়নি।

বস্তুত, ইকবাল ছিলেন প্রকৃত ইসলামের এক ঋজু ও অনমনীয় কবি- প্রতিনিধি; তাঁর সব কবিতাই আল-কুরআন ও পবিত্র সহীহ্ হাদীস সমূহের বিশ্বস্ত ভাষ্য। আল্লাহ পাকের নির্দেশ ও রাসূল (সা:)-এর জীবনাদর্শ থেকে তিনি ভুলক্রমেও কখনো সরে আসেন নি; এবং যতবড় আলেম-উলামাই হোক, কারো কোন বিচ্যুতি বা স্বসৃষ্ট ব্যাখ্যা ও সাধন-পথকে তিনি মূল্য দেননি। কারণ, যে- ইসলাম তরিকত-মারেফাতের ঘন কুয়াশার মধ্যে মুসলমানের তরক্কির পথে বাধা হয়ে দাঁড়ায়, ইকবাল বিশ্বাস করতেন, সেই-ইসলাম ইসলামই নয়। এইজন্যই তাঁর মধ্যে যদিও গভীর আধ্যাত্মিকতার প্রতি এক দুর্বার আগ্রহ ও অনুসন্ধিৎসা বর্তমান ছিল এবং তিনি ছিলেন সর্বকালের দু’জন শ্রেষ্ঠ সুফী-ব্যক্তিত্ব রুমী ও তাবরিজের (মাওলানা জালালুদ্দীন রুমী ও শাম্স-ই-তাবরিজ) প্রতি দুর্বল; কিন্তু কোন আধ্যাত্মিকতার কারণেই যে, ইসলামের বাস্তব বৈপ্লবিক দাবিকে গৌণ মনে করা যায় না, কোন অবস্থাতেই যে আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠার সংগ্রামকে কিছুমাত্র অবহেলা করার উপায় নেই, এই সংগ্রামের কোন বিকল্পও নেই- ইকবাল দেশ, ভাষা নির্বিশেষে সমগ্র মুসলিম মিল্লাতকে এই অবশ্যমান্য, অবশ্য-কর্তব্যটি স্মরণ করিয়ে দিয়েছেন। এবং এক্ষেত্রে তিনি ছিলেন সম্পূর্ণ বেপরোয়া, নির্ভীক ও সংশয়হীন। কারণ, তিনি ছিলেন, গ্রীক-দর্শন এবং তা থেকে উপজাত প্রাচ্য সূফীদের বিকৃত তাসাউফি ইলম, এই উভয়ের বিরুদ্ধেই এক প্রতিশ্রুত প্রকাশ্য কলমী-মুজাহিদ; আল্লাহ ও তাঁর রাসূল (সা:)-এর সঠিক অভিপ্রায়কে পূর্ণ বিশ্বস্ত- তার সঙ্গে তুলে ধরার ক্ষেত্রে একজন অসমসাহসী মুজাদ্দিদ। তাই, তিনি ও তাঁর উপস্থাপিত বিশ্বাস ও বক্তব্য নিয়ে যখন তুমুল বিরোধিতার সৃষ্টি হয়, ইকবাল তাঁর এক প্রতিবাদী সমালোচকের উদ্দেশ্যে লিখিত-পত্রে উল্লেখ করেন,

“আমি যা লিখেছি তা লিখতে বাধ্য ছিলাম। নির্দেশ পালন ছাড়া গত্যন্তর ছিল না, কোন উপায় ছিল না। তামাম দুনিয়া বিরোধিতা করে করুক, কোন পরোয়া নেই।”

অর্থাৎ এটা স্পষ্ট যে, ইকবাল যা-বলেছেন এবং মুসলিম উম্মাহর জন্য তাঁর যে-অবদান, তা কোন তথাকথিত বুদ্ধিজীবীদের বিবেচনাপ্রসূত স্ব-উদ্ভাবিত বিষয়ের মত নয়; তা ছিল আল্লাহ পাকের তরফ থেকে প্রেরিত এক অদৃশ্য ইলহামের প্রতিধ্বনি। প্রকৃতই ইকবাল ছিলেন আল্লাহ কর্তৃক নির্ধারিত আদেশের এক অনুগত রূপকার; প্রকৃতপক্ষেই তাঁর ভূমিকা ছিল অনেকটা যেন জিহাদের ময়দানে ত্রস্ত বিক্ষিপ্ত মুসলিম মিল্লাতের তরক্কীর জন্য এক সর্বস্ব-উৎসর্গিত সিপাহসালারের ভূমিকা। অতএব, সমসাময়িক বৈরিতা, কি নোবেল কমিটির সতর্ক-অসতর্কতা, এসব এক-একটা এতই তুচ্ছ উপসর্গ, যা ইকবাল অক্লেশে ও স্মিতহাস্যে উপেক্ষা করেছেন। আসলে আমাদের সাধারণ বিষয়বুদ্ধির অনেক ঊর্ধে ইকবালের অবস্থান। ইকবালের দিল ছিল নিখাদ মুমিন-এর দিল, সেই দিলে ছিল হিম্মত; আর তাঁর কন্ঠস্বর থেকে ধ্বনিত অনুরণিত আওয়াজ ছিল আল্লাহর একক শ্রেষ্ঠত্বকে তুলে ধরার আওয়াজ- আল্লাহু আকবার। ইকবালকে তাঁর সমসাময়িক-কালে অনেকে চিনতে পারেননি, অনেকে এখনো চেনেন না। কিন্তু এটা সত্য যে, সমগ্র মুসলিম উম্মাহর অথর্ব ধমনীতে তিনি উষ্ণ ও সাহসী রক্ত সঞ্চালনে যে একাগ্র অধ্যবসায়ী ভূমিকা পালন করেছেন, ইসলামের সুদীর্ঘ ইতিহাসে তার সমতুল্য উদাহরণ খুব বেশি নেই।

আনন্দের কথা, খুবই আনন্দের কথা-আধুনিক বিশ্বের ক্রমসচেতন মুসলমান আজ আবার ধীরে ধীরে ইকবালের কাছে ফিরে আসছে। আসতেই হবে; কারণ, ইসলামের যে মূল প্রাণশক্তি সততা, ইনসাফ ও বীরত্ব-সেই অপরিহার্য পাঠ-গ্রহণের কথা তীক্ষ্ণ কিন্তু মমতাস্নিগ্ধ কণ্ঠে, অন্তত একালে ইকবালের মত আর কেউ উচ্চারণ করেন নি।

লেখাটি শেয়ার করুন

মতামত প্রকাশ করুন

অনুদান দিন
Scroll to Top