মানুষকে পৃথিবীতে খলীফা হিসেবে পাঠানোর যে দায়িত্ব ও জমি-প্রকৃতির প্রতি আমানতদারিতার যে ধারণা কোরআনে বর্ণিত হয়েছে, কৃষি তারই একটি বাস্তব প্রকাশ।
আধুনিক কৃষি-ব্যবস্থা আজ বহুলাংশে কর্পোরেট বাণিজ্যিকীকরণ ও প্রকৃতি-বিধ্বংসী প্রযুক্তির কবলে পড়ে তার আমানতদারিতার মূলনীতি থেকে দূরে সরে গেছে। এর পাশাপাশি খাদ্যে স্বনির্ভরতার অভাবে মুসলিম বিশ্বের একটি বড় অংশ আজ বৈশ্বিক অর্থনৈতিক নির্ভরশীলতার মধ্যে বন্দী।
আধুনিক যুগে কৃষি শুধু খাদ্য উৎপাদনের ক্ষেত্র নয়; বরং এটি পরিবেশ, অর্থনীতি, প্রযুক্তি ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা, কৃষকের ভূমিকা এবং প্রকৃতি ও মানুষের সম্পর্কের মতো বিষয়গুলো বর্তমান সময়ে নতুনভাবে আলোচনার দাবি রাখে।
কৃষিকে কেবল উৎপাদনের ক্ষেত্র হিসেবে নয়; বরং সভ্যতা, পরিবেশ ও মানবজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিয়ে আমানতদারীতা ও মাকাসিদে শারীয়াহর পাঁচটি প্রধান মাকাসিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হিসেবে দেখে ইসলামী সভ্যতার মূলনীতির আলোকে পর্যালোচনা ও প্রস্তাবনামূলক অবস্থানে পৌঁছানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।